উঁকি দিয়েও মিলিয়ে গেল ড্রয়ের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষটাও হলো একইভাবে। ভালো, কিন্তু আরও ভালো না হওয়ার আফসোস মিশে থাকল পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে মঞ্চে উঠলেন সাকিব আল হাসান, অথচ মলিন তাঁর চোখমুখ। ম্যাচের সেরা হয়েও যে পরাজিত দলে!বাংলাদেশ দলের জন্য ঢাকা টেস্ট হয়ে থাকবে একটা ট্র্যাজেডি। যেখানে স্বপ্নের মৃত্যু হয়েছে বারবার, সম্ভাবনা উঁকি দিয়েও হারিয়ে গেছে হতাশার অতল গহিনে। দেশের মাটিতে টেস্ট সাফল্যের সবচেয়ে বড় স্মারকটা ধরা দিতে দিতেও মিলিয়ে গেছে মরীচিকার মতো। ড্রয়ের সম্ভাবনা উজ্জ্বল করেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গে আদর্শ ব্যবধান রেখেই ৯ উইকেটের হার। সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা।শেষ দিনে লক্ষ্য ছিল একটাই—যতটা সময় সম্ভব ব্যাটিং করা। হাতে ৪ উইকেট আর আগের দিনের ১৭২ রান। শফিউলকে সঙ্গে নিয়ে দারুণ শুরু ছিল অধিনায়ক সাকিব আল হাসানের। প্রথম ইনিংসের ফিফটির আত্মবিশ্বাস থেকেই কি না শফিউল প্রত্যাশাকে ছাড়িয়ে যাচ্ছিলেন সাকিবের সঙ্গে ৬৩ রানের জুটিতে। কিন্তু লাঞ্চের পরও উইকেটে থাকার যে লক্ষ্য নিয়ে শেষ দিনে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ, সেটি ভুলে যাওয়ার শুরু শফিউলকে দিয়েই। পরিস্থিতির দাবি ভুলে গিয়ে তুলে মারতে গিয়ে ক্যাচ দিলেন ডিপ মিড উইকেটে।নাঈমও একই পথের পথিক। প্রথম ইনিংসে যে টিকে থাকার প্রতিজ্ঞার প্রকাশ ছিল তাঁর ব্যাটিংয়ে, এবারও শুরুটা ছিল তেমনই। কিন্তু হঠাৎই ধৈর্য হারিয়ে ফেললেন, কাণ্ডজ্ঞানও কি নয়? উইকেটে সময় কাটানোটাই একমাত্র ধ্যানজ্ঞান হওয়া উচিত, সেখানে ট্রেডওয়েলকে অযথা তুলে মারতে গিয়ে মিড অনে কেভিন পিটারসেনের হাতে আত্মহত্যা! ম্যাচ শেষে নাঈমের শিশুতোষ শটটাকেই বাংলাদেশ দলের স্বপ্নভঙ্গের বড় কারণ বলেছেন সাকিব।হয়তো সাকিবের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি মিসের কারণও। দলের ২৫৮ রানে নাঈমের বিদায়ের ১৭ রানের মধ্যে আবদুর রাজ্জাকও নেই। লাঞ্চের আগেই ৯ উইকেটে ২৭৫ বাংলাদেশ, ৮৬ রানে অপরাজিত সাকিবের ওপর তখন টিকে থাকা এবং রান যতটা সম্ভব বাড়িয়ে নেওয়ার যুগপত্ চ্যালেঞ্জ। সেই চাহিদা মেটাতে গিয়েই ট্রেডওয়েলকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পড। নিষ্প্রাণ উইকেটে বল সোজা আসবে ভেবেই ওই ঝুঁকি নেওয়া, কিন্তু টার্ন করে বেরিয়ে গেল ট্রেডওয়েলের ওই বলটাই। বাংলাদেশের লিড মাত্র ২০৮ রানে নিয়ে লাঞ্চের পর নবম বলেই আরও একবার নার্ভাস নাইনটিজে আউট সাকিব। নার্ভাস নাইনটিজ না বলে অবশ্য ‘নার্ভাস নাইনটি সিক্স’ বলাই ভালো। ৯৬ রানে এর আগেও একবার আউট হয়েছেন, ৯৬ রানে অপরাজিতও ছিলেন একবার!ইংল্যান্ডকে ৫৪ ওভারে ২০৯ রান করতে হতো। অ্যালিস্টার কুকের সেঞ্চুরিতে ১০ ওভার বাকি থাকতেই কাজ শেষ। দলের ৪২ রানে ওপেনার জোনাথন ট্রট বিতর্কিত রানআউট, দ্বিতীয় উইকেটে ১৬৭ রানের জুটি গড়ে বাকি কাজটা করে দিয়েছেন কুক আর কেভিন পিটারসেন। অধিনায়ক হিসেবে দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি করলেন কুক। পিটারসেন অপরাজিত ৭৪ রানে।শেষ দিনের ৪০ মিনিট আর ১০ ওভার বাকি থাকতে জিতে গেল ইংল্যান্ড। তবে স্বপ্নের মৃত্যুতে বিষণ্ন এই টেস্ট ম্যাচ বাংলাদেশকেও কি কিছু দিল না? দুই ইনিংস মিলিয়ে কোনো টেস্টে সর্বোচ্চ রান, সঙ্গে শেষ দিন পর্যন্ত টেস্ট বাঁচানোর লড়াই—প্রাপ্তির খাতাটা শূন্য নয়।আক্ষেপের আড়ালে অবশ্য হারিয়ে যাচ্ছে এসব অর্জন।