উইকিপিডিয়া: সামনে অনেক চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে বছর কয়েক আগেও তথ্যকোষ হিসেবে উইকিপিডিয়া প্রশ্নবিদ্ধ ছিল। প্রশ্নবিদ্ধ ছিল, ভুল তথ্যের কারণে নয়, তথ্যকোষ হিসেবে একে মেনে নেওয়ার ক্ষেত্রে অনেকের উন্নাসিকতার জন্য। কিন্তু সময় বদলে গেছে, উইকিপিডিয়া খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী অর্জন করেছে অসম্ভব জনপ্রিয়তা। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে এখন খুব কম মানুষই আছেন, যাঁরা যেকোনো গবেষণা, লেখা বা কেবল তথ্য জানতে উইকিপিডিয়াতে লগইন করেন না।উইকিপিডিয়ার শক্তিই এখানে। জিমি ওয়েলস যৌথভাবে এই ইন্টারনেট তথ্যকোষটি তৈরি করেছিলেন। প্রথম থেকেই তাঁর এই চিন্তা যে উইকিপিডিয়া মানুষকে তথ্য জানিয়ে যাবে অবিরাম, এর বিনিময়ে চলতে পারার বাইরে এটি কোনো প্রবৃদ্ধি অর্জনের পথে পা বাড়াবে না। সম্পূর্ণ অলাভজনক এই ইন্টারনেট তথ্যকোষ আরও একটি ব্যাপারে সবার চেয়ে আলাদা। প্রথম থেকেই ব্যবহারকারীদের স্বেচ্ছাশ্রমের ওপর এটি নির্ভরশীল। উইকিপিডিয়া বিশ্বের একমাত্র তথ্যকোষ, যেখানে ব্যবহারকারীরা বাড়িতে বসেই এর তথ্য সম্পাদনা করতে পারেন। এমনকি সহায়ক সূত্রের ভিত্তিতে যেকোনো তথ্য এতে সংযোজনও করতে পারেন।উইকিপিডিয়া মানুষের ভালোবাসার দানের ওপর নির্ভরশীল। ব্যবহারকারীরা স্বেচ্ছায় প্রতিমাসে, দিনের পর দিন এই তথ্যকোষ প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে সাহায্য করে আসছেন। যখন অর্থের প্রয়োজন হয়, তখন ব্যবহারকারীদের কাছ থেকে সহায়তা চাওয়া হয়। এমন করে, বর্তমানে এই প্রতিষ্ঠানটির অর্থকোষে জমা হয়েছে এক কোটি ষাট লাখ মার্কিন ডলার—২০০৯ সালে যা ছিল সাড়ে আট কোটি ডলার। আগামী কয়েক বছরের মধ্যেই এর অর্থকোষ ফুলে-ফেঁপে দুই কোটি ২৫ লাখ ডলারে দাঁড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উইকিপিডিয়ার জনপ্রিয়তায় মুগ্ধ অনেক করপোরেট প্রতিষ্ঠানই একে সহায়তা দিতে চায়। কিন্তু উইকিপিডিয়ার মালিক উইকিমিডিয়া ফাউন্ডেশনের ইচ্ছা, করপোরেট দান নয়, কেবল ব্যবহারকারীদের ভালোবাসার দানেই এই প্রতিষ্ঠানটি পরিচালিত হোক।উইকিপিডিয়ার মতো একটি বিশাল কর্মযজ্ঞ মাত্র ৭৮ জন কর্মী দিয়ে পরিচালিত হয়। যদিও ২০১২ সালে এতে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াবে ১১৭ জনে। বর্তমানে উইকিপিডিয়ার প্রযুক্তিগত সহায়তায় রয়েছে ৩৭০টি সার্ভার। যেখানে ফেসবুকের সার্ভারের সংখ্যা ৬০ হাজার আর গুগলের ১০ লাখেরও বেশি। ব্যবহারকারীদের কাছে পাওয়া দানের ৪৪ শতাংশ অর্থ উইকিপিডিয়া মেটায় প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণে। ১৫ শতাংশ যায় কর্মীদের বেতন-ভাতা বাবদ। তহবিল গঠনের জন্য দানের একটি অংশ ব্যয় করতে হয় উইকিপিডিয়াকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, উইকিপিডিয়াতে বিজ্ঞাপন দেওয়ার জন্য বিজ্ঞাপনদাতারা মুখিয়ে থাকলেও এটি কোনো ধরনের বিজ্ঞাপন গ্রহণ করে না।তহবিল গঠন নিয়ে উইকিপিডিয়া চিন্তামুক্ত। তবে এই মুহূর্তে উইকিপিডিয়ার চিন্তার একমাত্র কারণ স্বেচ্ছাপ্রণোদিত সম্পাদকদের সময় নিয়ে। আগেই বলা হয়েছে বা সবাই জানেন, উইকিপিডিয়া ব্যবহারকারীদের কর্মব্যস্ততার ফাঁকে বের করা সময়ের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। গত দুই বছরে ব্যবহারকারীরা নাকি নতুন বিষয় সংযোজন ও বিষয়ভিত্তিক সম্পাদনার মাত্রা অনেকটাই কমিয়ে দিয়েছেন।বিশ্লেষকেরা মনে করেন, সম্পাদনা ও বিষয় সংযোজনের ক্ষেত্রে ব্যবহারকারীদের স্বাধীনতা কমিয়ে দেওয়ার জন্যই এমনটি হয়েছে। এ ছাড়া প্রযুক্তিগত কিছু সমস্যার কারণেও ‘স্বেচ্ছা সম্পাদকেরা’ এখন সংযোজন-বিয়োজনের কাজে নিরুত্সাহী হচ্ছেন। এই ব্যাপারটি অবশ্য দ্রুতই সমাধান করার চেষ্টায় রয়েছে উইকিপিডিয়া কর্তৃপক্ষ। এ জন্য সংযোজিত হচ্ছে নতুন ধরনের ব্লগিং সফটওয়্যার।তহবিল ও স্বেচ্ছা সম্পাদকদের সময় ছাড়াও উইকিপিডিয়ার সামনে এই মুহূর্তে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে নতুন নতুন প্রযুক্তি। মানুষ এখন কম্পিউটার ও ইন্টারনেট পকেটে নিয়ে ঘোরে। স্মার্টফোন ও ট্যাবলেট পিসির বদৌলতে কম্পিউটার এখন আর বাড়ি বা অফিসের টেবিলে আটকে নেই। স্মার্টফোনে উইকিপিডিয়া সম্পাদনার কোনো বিশেষায়িত সফটওয়্যার বের না হওয়ার কারণেই স্বেচ্ছা সম্পাদনার হার অনেকটাই কমে গেছে বলে ধারণা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের বাইরে উইকিপিডিয়া ভারতে সম্প্রতি একটি দপ্তর খুলেছে। পৃথিবীর যত দেশ থেকে যত মানুষ উইকিপিডিয়াতে ঢোকেন, যত মানুষ অর্থসাহায্য দিয়ে থাকেন, ভারতীয়রা এদের মধ্যে পঞ্চম। এ ছাড়া ভারতে তুলনামূলক কম মজুরি হওয়ায় উইকিপিডিয়া কর্তৃপক্ষ সেখানে দপ্তর খুলতে উত্সাহী হয়েছে। ভারত যে ইন্টারনেটের ব্যবহার বাড়ছে, এটা নতুন করে বলার দরকার নেই। ২০১৪ সালের মধ্যে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নাকি বেড়ে দাঁড়াবে ৩০ কোটিতে, যা পৃথিবীর যেকোনো অঞ্চলের চেয়ে অনেক বেশি।উইকিপিডিয়া এগিয়ে চলেছে নিজের গতিতে। তবে বিশ্বে ইন্টারনেট যেভাবে বাণিজ্যিকীকরণ হচ্ছে, তাতে উইকিপিডিয়ার বাণিজ্যবিহীন কার্যক্রম কতটা গতি পাবে, সেটাই এখন দেখার বিষয়। জ্ঞানের আধার হিসেবে, একটি পূর্ণাঙ্গ তথ্যকোষ হিসেবে উইকিপিডিয়া নিজেকে বিশ্ববাণিজ্যের গ্রাস থেকে মুক্ত রাখতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়। তথ্যসূত্র: দি ইকোনমিস্ট।