উইকিলিকস থেকে ‘দ্য সিম্পসনস’-এ অ্যাসাঞ্জ!
অ্যানিমেটেড টিভি কমেডি সিরিজ ‘দ্য সিম্পসনস’-এ অতিথি চরিত্রে কণ্ঠ দিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। যুক্তরাষ্ট্রের ফক্স টেলিভিশন নেটওয়ার্কে সিরিজটির ৫০০তম পর্ব প্রচারিত হবে ১৯ ফেব্রুয়ারি। সেখানেই অতিথি চরিত্রে দেখা মিলবে অ্যাসাঞ্জের। বিশেষ ওই পর্বটিতে স্বচরিত্রেই দেখা যাবে তাঁকে।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফক্স টেলিভিশন নেটওয়ার্কের মুখপাত্র অ্যান্টোনিয়া কফম্যান। তাঁর বরাতে রয়টার্স জানিয়েছে, ‘সিরিজটির ৫০০তম পর্বে দেখা যাবে, সিম্পসন পরিবারের সদস্য হোমার, মার্গ, বার্ট, লিসা ও ম্যাগি তাদের পোষা প্রাণীদের নিয়ে জনবিচ্ছিন্ন একটি এলাকায় চলে যায়। স্প্রিংফিল্ড নামের কাল্পনিক সেই স্থানে গিয়ে তাঁরা আবিষ্কার করে, তাঁদের পাশের বাড়িতেই বসবাস করেন অ্যাসাঞ্জ।’এরই মধ্যে সিরিজটির জন্য যুক্তরাজ্যে নিজের সংলাপ রেকর্ড করেছেন অ্যাসাঞ্জ। ‘দ্য সিম্পসনস’ সিরিজে অ্যাসাঞ্জের আইনি জটিলতার বিষয়টি তুলে ধরা হবে না বলেই জানিয়েছেন সিরিজটির নির্বাহী প্রযোজক আল জিন। তাঁর ভাষ্য, ‘আমরা খুব ভালো করেই জানি, একটি বিতর্কিত চরিত্রের নাম অ্যাসাঞ্জ। কিন্তু আমাদের সিরিজে তাঁর বিতর্কিত কর্মকাণ্ড কিংবা আইনি জটিলতার বিষয়গুলোকে তুলে ধরা হবে না। তাঁর সংলাপগুলো লেখার সময় নিশ্চিত করা হয়েছে ,যাতে তাঁর চরিত্রটি স্রেফ একটি হাস্য-রসাত্মক চরিত্রই হয়।’ফক্স টেলিভিশনে ‘দ্য সিম্পসনস’ সিরিজটির প্রচার শুরু হয়েছিল ১৯৮৯ সালে। প্রাইম টাইমে প্রচারিত এবং স্ক্রিপ্টেড টিভি সিরিজ হিসেবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রচারের রেকর্ড রয়েছে ‘দ্য সিম্পসনস’-এর ঝুলিতেই।