উইকিলিকস প্রধান অ্যাসাঞ্জে ব্রিটেনে!
যুক্তরাষ্ট্রের গোপন দলিল প্রকাশ করে বিশ্বব্যাপী আলোচিত-সমালোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রধান জুলিয়ান অ্যাসাঞ্জে বর্তমানে ব্রিটেনে অবস্থান করছেন। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ইনডিপেনডেন্ট আজ বৃহস্পতিবার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।পত্রিকাটি প্রতিবেদনে উল্লেখ করেছে, ব্রিটেন পুলিশ অ্যাসাঞ্জের অবস্থান সম্পর্কে অবগত। তবে ইন্টারপোলের জারি করা আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী তারা তাঁকে গ্রেপ্তার করা থেকে বিরত রয়েছে।৩৯ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জে তাঁর প্রতিষ্ঠিত ওয়েবসাইট উইকিলিকসে তিন দফায় ইরাক ও আফগানযুদ্ধের গোপন নথি এবং সম্প্রতি মার্কিন কূটনৈতিক বার্তাগুলো ফাঁস করে দিয়ে বিশ্বব্যাপী আলোচনা-সমালোচনার ঝড় তুলেছেন।যুক্তরাষ্ট্র উইকিলিকসের এ কার্যক্রমকে ফৌজদারি অপরাধ হিসেবে অভিহিত করেছে। তবে অ্যাসাঞ্জে বলেছেন, স্বচ্ছতা নিশ্চিত করতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক ব্রিটেন পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে ইনডিপেনডেন্ট তাদের প্রতিবেদনে বলেছে, গত অক্টোবরে ব্রিটেনে এসে অ্যাসাঞ্জে তাঁর সম্পর্কে বিস্তারিত পুলিশকে অবহিত করেছেন। অ্যাসাঞ্জে ব্রিটেনে কোথায় অবস্থান করছেন, এমনকি তাঁর ফোন নম্বরও ব্রিটেন পুলিশ জানে। খবরে আরও বলা হয়েছে, অ্যাসাঞ্জে সম্ভবত দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে অবস্থান করছেন বলে পুলিশ ধারণা করছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এ সপ্তাহের শুরুর দিকে অ্যাসাঞ্জেকে গ্রেপ্তারে সহযোগিতার জন্য রেড নোটিশ জারি করে। যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ইনডিপেনডেন্ট তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনের আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে ব্রিটেনের গুরুতর অপরাধ দমন সংস্থা (সোকা) ব্যাখ্যা চেয়েছে। তবে কৌশলগত কোনো কারণে এ ব্যাখ্যা পেতে বিলম্ব হচ্ছে।এদিকে ব্রিটেনের নগর পুলিশ এবং সোকা এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। —রয়টার্স।