উইকিলিকস বন্ধ করার প্রযুক্তি যুক্তরাষ্ট্রের নেই: অ্যাসাঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন তথ্য ফাঁসের প্রতিষ্ঠান উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, উইকিলিকস বন্ধ করে দেওয়ার প্রযুক্তি যুক্তরাষ্ট্রের হাতে নেই। তিনি নিজেকে মুক্ত সাংবাদিকতার সংগঠক বলে দাবি করেন।অ্যাসাঞ্জ বলেন, উইকিলিকস বন্ধ করে দেওয়ার যেকোনো উদ্যোগ ব্যর্থ হবে। প্রযুক্তির বিন্যাসের মাধ্যমে কমপক্ষে এক লাখ লোকের কাছে গোপন সব তথ্যসংরক্ষিত রয়েছে। উইকিলিকসের বেশ কিছু কর্মকর্তাকে যদি কারাগারে দেওয়া হয় কিংবা হত্যা করা হয়, তার পরও গোপন সব তথ্য প্রকাশ অব্যাহত থাকবে। যুক্তরাজ্যে অবস্থানরত জুলিয়ান অ্যাসাঞ্জ মার্কিন সাংবাদিক স্টিভ ক্রফটকে দেওয়া এক সাক্ষাত্কারে এসব কথা বলেছেন। সিবিএস নিউজের বিখ্যাত সিক্সটি মিনিটস অনুষ্ঠানে গত রোববার সাক্ষাত্কারটি প্রচার করা হয়।সাক্ষাত্কারে জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, ‘আমাদের অভিযান কোনো বিশেষ দেশ বা সংগঠনের বিরুদ্ধে নয়। তথ্য প্রকাশের প্রতিশ্রুতি থেকেই আমরা সত্য প্রকাশ করছি। উইকিলিকসের তথ্য প্রকাশ কোনো আইনের লঙ্ঘন নয়, আইনের মধ্যে থেকেই সবকিছু প্রকাশ করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে তথ্য প্রকাশের এ স্বাধীনতা নিশ্চিত করা আছে। তথ্য প্রকাশের জন্য গত ৫০ বছরে কোথাও কোনো প্রকাশকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে আনা হয়নি।’ জুলিয়ান অ্যাসাঞ্জ তাঁর সাক্ষাত্কারে বলেন, তাঁদের কর্মকাণ্ড অন্য সব প্রকাশককে তথ্য প্রকাশে উত্সাহিত করবে। তিনি বলেন, প্রকাশক তথ্য প্রকাশে অবশ্যই স্বাধীন হবেন। সাক্ষাত্কারে জুলিয়ান অ্যাসাঞ্জ তাঁর দুরন্ত শৈশবের কথা বলেছেন। বিভিন্ন নগর প্রান্তরের ৩৭টি স্কুলে তিনি শিক্ষার্থী ছিলেন। মাত্র ১৩ বছর বয়সে তিনি কম্পিউটার প্রযুক্তি হাতে পেয়ে যান। কম্পিউটার প্রযুক্তির জটিল বিষয়টি সহজেই আয়ত্ত করার প্রতিভা তিনি নিজের মধ্যে আবিষ্কার করেন। মাত্র ২০ বছর বয়সে কম্পিউটার হ্যাকিংয়ের জন্য অস্ট্রেলিয়ার পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন। এখন আর তাঁকে হ্যাকিং করতে হয় না। ব্যবস্থাপনা নিয়ে ব্যস্ত থাকলেও বিষয়গুলো কীভাবে সংঘটিত হয়, তা জুলিয়ান অ্যাসাঞ্জের জানা আছে বলে নিজেই সাক্ষাত্কারে উল্লেখ করেন।