উইকিলিকসের তথ্যমতে রাশিয়া হচ্ছে ‘মাফিয়া রাষ্ট্র’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া, বেলারুশ ও চেচনিয়াকে ‘মাফিয়া রাষ্ট্র’ বলে অভিহিত করেছেন একজন জ্যেষ্ঠ স্পানিশ কৌঁসুলি। স্পেনের রাজধানী মাদ্রিদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের কাছে ওই কৌঁসুলি এ মন্তব্য করেন।উইকিলিকসের সদ্য প্রকাশিত মার্কিন গোপন কূটনৈতিক দলিলে এ তথ্য পাওয়া গেছে।উইকিলিকসে প্রকাশিত ওই তথ্যে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনও এই মাফিয়া চক্রের সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়।মাদ্রিদের মার্কিন দূতাবাসের গোপন দলিলে বলা হয়েছে, পুতিন মাফিয়াদের সঙ্গে সংশ্লিষ্ট এবং তাদের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করেন।আরেকটি তথ্যে দেখা গেছে, একজন প্রভাবশালী উকরাইনিয়ান ব্যবসায়ী রাশিয়ায় সংঘটিত অপরাধের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার কথা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে স্বীকার করেছেন।উইকিলিকসে প্রকাশিত গোপন মার্কিন দলিলের বরাত দিয়ে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ২০১০ সালের জানুয়ারিতে স্পানিশ কৌঁসুলি জোসে পিপি গ্রিনডা গঞ্জালেস অভিযোগ করেন, রাশিয়া, বেলারুশ ও চেচনিয়ার সরকার এবং সংগঠিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রমের মধ্যে কোনো পার্থক্য নেই।গ্রিনডা গঞ্জালেস দীর্ঘদিন ধরে স্পেনে সংঘটিত রুশ সন্ত্রাসের ওপর অনুসন্ধান চালান। তিনি বলেছেন, রাশিয়ার নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান আলেকজান্ডার লিটভিনেনকো ওই সংস্থার মাধ্যমে সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণ করতেন।উইকিলিকসের তথ্যে দেখা গেছে, ওয়াশিংটন বিশ্বাস করে, ২০০৬ সালে লন্ডনে ওই সাবেক গোয়েন্দা কর্মকর্তার হত্যাকাণ্ডের বিষয়ে পুতিন অবগত আছেন। তবে ক্রেমলিন তা অস্বীকার করেছে।গ্রিনডা গঞ্জালেস তাঁর তথ্যকে বস্তুনিষ্ঠ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, তাঁর কাছে তথ্য রয়েছে, রাশিয়ার কিছু রাজনৈতিক দলের সঙ্গেও সংগঠিত অপরাধীদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিবিসি।