উইকিলিকসের নতুন ওয়েবসাইট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন তথ্য ফাঁসের জন্য বহুল আলোচিত উইকিলিকসের ওয়েবসাইট wikileaks.org বন্ধ করে দিয়েছে ডোমেইন নেইম প্রোভাইডার ইভরিডিএনএস.নেট। তবে ছয় ঘণ্টা পর নতুন ঠিকানায় (wikileaks.ch) সাইটটি আবারও চালু করেছে বলে জানিয়েছে উইকিলিকস কর্তৃপক্ষ। প্রোভাইডার কোম্পানিটি জানায়, বিপুলভাবে সাইবার হামলার শিকার হওয়ায় আজ শুক্রবার ওই ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়। তারা জানায়, সাইবার হামলার কারণে তাদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ওয়েবসাইটটি বন্ধ হওয়ার কথা স্বীকার করে উইকিলিকস গ্রুপ জানায়, সম্প্রতি মার্কিন কূটনীতিকদের গোপন তথ্য ফাঁস করার পর থেকে তাদের নানাবিধ বাধা-বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। তাদের সাইট নতুন ঠিকানায় ইউরোপের সার্ভারে হোস্ট করা হচ্ছে।—বিবিসি