উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ তাঁর সাড়া জাগানো ওয়েবসাইটটির পেছনে লাগা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ রোববার লন্ডনে ইকুয়েডর দূতাবাস থেকে বিশ্ব গণমাধ্যমের উদ্দেশে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।গত জুন মাসে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেওয়ার পর অ্যাসাঞ্জ এই প্রথম প্রকাশ্যে কথা বললেন। উইকিলিকসে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, তাঁকে নিয়ে বিদ্যমান কূটনৈতিক টানাপোড়েনের বিষয়ে রোববার তিনি বিবৃতি দেবেন।গত জুন মাসে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেওয়ার পর থেকে অ্যাসাঞ্জ সেখানেই আছেন। দূতাবাস থেকে বের হলেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারে।দূতাবাসের একটি ব্যালকনিতে দাঁড়িয়ে অ্যাসাঞ্জ বলেন, ‘উইকিলিকসের পেছনে লাগা বন্ধ করতে এবং সঠিক কাজটি করার জন্য আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানাচ্ছি।’ একই সঙ্গে মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য ব্রাডলি ম্যানিংকে মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।গোপন কূটনৈতিক নথিপত্র উইকিলিকসের হাতে তুলে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে ম্যানিংকে বিচারের মুখোমুখি করা হচ্ছে।অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ‘সাহস’ দেখানোর জন্য ল্যাটিন আমেরিকার দেশ ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার প্রশংসা করেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়ান নাগরিক অ্যাসাঞ্জ। এ জন্য কোরেয়াকে ধন্যবাদও জানান তিনি।গণমাধ্যমের উদ্দেশে বিবৃতিতে অ্যাসাঞ্জ বলেন, ‘উইকিলিকস হুমকির মুখে আছে, এর অর্থ বাকস্বাধীনতা ও আমাদের সামাজিক স্বাস্থ্যও হুমকির মুখে।’ তিনি আরও বলেন, ‘এই সময়কে কাজে লাগিয়ে মার্কিন সরকারকে আমাদের বলতে হবে, যে বিপ্লবী আদর্শের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, তারা কি তা রক্ষা করবে? নাকি সেই আদর্শ থেকে তারা সরে আসবে এবং আমাদের সবাইকে এমন একটি পৃথিবীতে টেনে নিয়ে যাবে, যেখানে বিচারের ভয়ে সাংবাদিকের মুখ বন্ধ হয়ে যায় এবং নাগরিকদের কথা বলতে হয় অন্ধকারে ফিসফিস করে।’সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে মামলা আছে। যুক্তরাজ্য চাইছে, তাঁকে সুইডেনের হাতে তুলে দিতে। কিন্তু অ্যাসাঞ্জের ভয়, সুইডেন তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে। উইকিলিকসে গোপনীয় সরকারি নথি ফাঁস করে দেওয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন কর্তৃপক্ষ তাঁর বিচার করতে পারে এবং সেই বিচারে তাঁর মৃত্যুদণ্ড হতে পারে। এই ভয়ে সুইডেনের হাতে প্রত্যর্পণ ঠেকাতে অ্যাসাঞ্জ গত জুন মাসে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। গত বৃহস্পতিবার ইকুয়েডর তাঁকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘোষণা দেয়। এতে ক্ষুব্ধ হয় যুক্তরাজ্য ও সুইডেন।ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া বলেছেন, অ্যাসাঞ্জকে তৃতীয় কোনো দেশের কাছে তুলে দেওয়া হবে না—এমন আশ্বাস পেলেই অ্যাসাঞ্জ সুইডেনকে সহযোগিতা করতে পারে।এদিকে অ্যাসাঞ্জের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ‘সানডে টাইমস’ জানায়, সুইডেন তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে না—এমন প্রতিশ্রুতি দিলে তিনি দূতাবাস ছাড়তে ও সুইডেনকে সহযোগিতা করতে প্রস্তুত। এই প্রতিশ্রুতি দেওয়ার জন্য আজ ইউকিলিকসের পক্ষ থেকেও সুইডেনের প্রতি আহ্বান জানানো হয়েছে।