মার্কিন সেন্সরশিপের নমুনা: অ্যাসাঞ্জ
উইকিলিকসের মার্কিন ওয়েবসাইট বন্ধ চালু নতুন ঠিকানায়
উইকিলিকসের ফাঁস করা তথ্য ভুল—এমন দাবি তোলেনি কূটনৈতিক চাপে পড়া খোদ যুক্তরাষ্ট্রও। তবে সে দেশেরই ডোমেইন নিবন্ধনকারী প্রতিষ্ঠান এবার বন্ধ করে দিল উইকিলিকসের ওয়েবসাইট। অজুহাত হিসেবে ক্যালিফোর্নিয়ার প্রতিষ্ঠান এভরি ডিএনএস ডট নেট (everyDNS.net) বলেছে, হ্যাকাররা উইকিলিকসের ওয়েবসাইটে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এতে তাদের নিবন্ধনে থাকা অন্য ওয়েবসাইটগুলোও হুমকির মুখে পড়েছে। তবে এর সমালোচনা করে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকাকে বলেছেন, এটি যুক্তরাষ্ট্রে ‘রাষ্ট্রীয় সেন্সরশিপ বেসরকারীকরণের’ নমুনা। অ্যাসাঞ্জ একে যুক্তরাষ্ট্রের আইনের শাসনের প্রতি নেতিবাচক সংকেত বলে উল্লেখ করেন।এদিকে যুক্তরাষ্ট্রে বন্ধ হওয়ার ছয় ঘণ্টা পর সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান সুইস পাইরেট পার্টির মালিকানাধীন ডোমেইন সরবরাহকারী প্রতিষ্ঠান উইকিলিকসের নতুন ওয়েবসাইট ডব্লিউডব্লিউডব্লিউ ডট উইকিলিকস ডট সিএইচ (www.wikileaks.ch) নামে চালু করা হয়েছে।এভরি ডিএনএস ডট নেটের দাবি, হ্যাকাররা বারবার উইকিলিকসের ওয়েবসাইটে আক্রমণ করে যাচ্ছে। এসব আক্রমণ এত শক্তিশালী যে তাদের নিবন্ধন দেওয়া অন্য ওয়েবসাইটের ক্ষতি করছে। এতে এভরিডিএনএস ডট নেটের কাঠামোই হুমকির মুখে পড়েছে। তাই ২৪ ঘণ্টার নোটিশে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উইকিলিকসের ওয়েবসাইট উইকিলিকস ডট ওআরজি (wikileaks.org) বন্ধ করে দেওয়া হয়। উল্লেখ্য, বিশ্বজুড়ে এই প্রতিষ্ঠানের অধীনে পাঁচ লাখেরও বেশি ওয়েবসাইট হোস্ট করা আছে।মার্কিন প্রতিষ্ঠানের ডোমেইন থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে উইকিলিকসের পক্ষ থেকে জানানো হয়, “যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘এভরি ডিএনএস ডট নেট’ ‘উইকিলিকস ডট নেট’ ডোমেইন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, উইকিলিকসের ওয়েবসাইটে হ্যাকাররা বারবার আক্রমণ চালিয়ে যাচ্ছে। তবে কোন স্থান থেকে বা কারা এই আক্রমণ চালিয়ে যাচ্ছে, তা স্পষ্ট করেনি এভরিডিএনএস ডট নেট।চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক সিনেট কমিটির চেয়ারম্যান জো লিবারম্যান উইকিলিকসের সঙ্গে সম্পর্ক আছে এমন প্রতিষ্ঠানগুলোকে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান জানায়, ওয়েবসাইট বন্ধ করায় এর কঠোর সমালোচনা করেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। তিনি বলেন, ‘ওয়েবসাইট বন্ধ করে আমাদের মূল লক্ষ্য থেকে সরানো যাবে না।’উইকিলিকস গত রোববার আড়াই লাখেরও বেশি মার্কিন গোপন নথি প্রকাশ করে। এসব নথিতে বিভিন্ন দেশের সঙ্গে মার্কিন কূটনীতির স্পর্শকাতর অনেক তথ্য বেরিয়ে আসে। গত মাসে ইরাক যুদ্ধের প্রায় চার লাখ গোপন নথি প্রকাশ করে ওয়েবসাইটটি। এ ছাড়া গত জুলাইয়ে প্রকাশ করে আফগানযুদ্ধ বিষয়ে মার্কিন বাহিনীর ৯২ হাজার গোপন নথি।উইকিলিকসের এডিটর-ইন-চিফ অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগে গত মাসে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সুইডিশ পুলিশ। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেই অ্যাসাঞ্জের বিরুদ্ধে রেড নোটিশ জারি ও তাঁর নাম মোস্ট ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। গত বৃহস্পতিবার অ্যাসাঞ্জের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সুইডেন। এএফপি, বিবিসি, টেলিগ্রাফ, এপি অনলাইন।