উইকিলিকসের সাইবার-ঝঞ্ঝা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালে আবির্ভূত ওয়েবসাইট উইকিলিকস সম্ভবত ২০১০ সালের সবচেয়ে আলোচিত সংগঠন। ইন্টারনেটভিত্তিক সংগঠনটি আগেও অনেক গোপ তথ্য ফাঁস করেছে, গত ২৮ নভেম্বর তারা যে কাজটি শুরু করে, তার ফলে বিশ্বের প্রায় সর্বত্র একযোগে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। কোনো সংবাদমাধ্যমের দ্বারা এর আগে কখনো এমনটি ঘটেনি। ২৮ নভেম্বর থেকে উইকিলিকস বিশ্বের ২৭৪টি মার্কিন কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের গোপন তারবার্তা প্রকাশ শুরু করে। তারা দাবি করে, মোট আড়াই লাখ গোপন তারবার্তা হাতে পেয়েছে। প্রথম দফায় তারা প্রকাশ করেছে মাত্র ৯১৯টি।তারবার্তাগুলোয় যেসব তথ্য প্রকাশ পেয়েছে তার মধ্যে আছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জাতিসংঘ মহাসচিব বান কি মুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পেছনে গোয়েন্দাগিরি, ভারতের গোপন সামরিক পরিকল্পনার ওপর মার্কিন গোপন নজরদারি, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উদ্বেগ, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভান্ডার তালেবানদের হাতে চলে যেতে পারে বলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আশঙ্কা, পাকিস্তানের সেনাবাহিনী প্রেসিডেন্ট জারদারির ওপর অসন্তুষ্ট, জারদারি সব সময় আতঙ্কে থাকেন যে তাঁকে হত্যা করা হবে ইত্যাদি। এ ধরনের চাঞ্চল্যকর সব তথ্যের পাশাপাশি বাংলাদেশ নিয়ে দিল্লির মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক তারবার্তায় মোহন কুমার নামে ভারতীয় কর্মকর্তার এমন বক্তব্যের উল্লেখ পাওয়া যায় যে, বাংলাদেশের ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার আসলে সামরিক বাহিনীর আদেশ-নির্দেশ বাস্তবায়ন করছে, তাদের নিজেদের কোনো ক্ষমতা নেই। ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো অন্য এক তারবার্তা থেকে জানা যায়, যুক্তরাজ্য এ দেশের র‌্যাব কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে। হরকাতুল জিহাদ নামের নিষিদ্ধঘোষিত একটি সংগঠনকে ইসলামিক ডেমোক্রেটিক পার্টি নামে প্রকাশ্য রাজনৈতিক দল গঠনে সহযোগিতা করেছিল বাংলাদেশের ডিজিএফআই—এ তথ্যও ফাঁস করে উইকিলিকস।ইসরায়েল ২০১০ সালের কোনো একসময় ইরানে হামলার পরিকল্পনা করেছিল, যুক্তরাষ্ট্র এ জন্য তাদের বাংকার-বাস্টার সরঞ্জাম সরবরাহ করেছে। সৌদি বাদশা আবদুল্লাহ ইরানের পারমাণবিক প্রকল্পের ওপর হামলা চালাতে বারবার যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন এই বলে, ‘সাপের মাথা কেটে ফেলুন।’ চীনা নেতারা মনে করেন, উত্তর কোরিয়া একটা ‘স্পয়েল্ড চাইল্ড’। কিম ইল জং বুড়ো অথর্ব ম্যান্দামারা নেতা। এসব স্পর্শকাতর গোপনীয় সব তথ্য ফাঁস করে দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ওবামা, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ মার্কিন প্রশাসনের অনেক নেতা, সিনেট ও কংগ্রেসের অনেক সদস্য উইকিলিকস ও জুলিয়ান অ্যাসাঞ্জের কঠোর ভাষায় সমালোচনা করেছেন। অ্যাসাঞ্জের বিচার করার আইনি রাস্তাগুলো খুঁজে দেখা হচ্ছে। আর সরকারের বাইরের কট্টরপন্থীরা প্রকাশ্যে বলেছেন, অ্যাসাঞ্জকে অপহরণ করে হত্যা করা উচিত। উইকিলিকস বন্ধ করার চেষ্টা হয়েছে। আমাজন, পেপল ইত্যাদি সংস্থা উইকিলিকসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন অপরাধের একটি পুরোনো মামলায় নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইন্টারপোলের মাধ্যমে তাঁকে ধরার চেষ্টা চলেছে। অ্যাসাঞ্জ লন্ডনের একটি থানায় হাজিরা দিতে গেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রথমবার তাঁর জামিন আবেদন নামঞ্জুর হয়; দ্বিতীয় দফায় তিনি জামিন পান, কিন্তু লন্ডন পুলিশের কড়া নজরদারিতে লন্ডনেই এক বন্ধুর বাড়িতে প্রায় অন্তরীণ অবস্থায় আছেন। এদিকে উইকিলিকস প্রতিদিন তাদের ‘লিকিং’ চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো যেসব তারবার্তা উইকিলিকস পেয়েছে তার সংখ্যা এক হাজার ৯৮৪। এগুলোর মধ্যে এ পর্যন্ত প্রকাশ করেছে মাত্র তিনটি। মানে, আমাদের সামনে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য অপেক্ষা করছে।