উইকেট ছাপিয়ে আলোচনায় মাঠের ঘাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আসলে কত করল? উত্তরে ‘যদি’ ‘কিন্তু’ এই জাতীয় কিছু যোগ না করে ‘২৪০’ বলেদিলে বুঝতে হবে আপনি খেলা দেখেননি!হ্যাঁ, স্কোরবোর্ডে ২৪০-ই দেখাচ্ছে বটে, কিন্তু এই ব্যাটিংটাই অন্য কোনো দিনে করলে স্কোরটা নির্ঘাত ৩০০ ছাড়িয়ে যেত। ‘আমাদের ৬০টা রান কম হয়েছে’ বলার পর মমিনুল হকের মনে হলো, অঙ্কটা আরেকটু বেশি হবে। টেস্ট ক্রিকেটে টানা দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করা বাংলাদেশের খুদে বাঁহাতি তাই সংশোধনী দিলেন। এই ২৪০ তাঁর চোখে ৩২০!‘অন্য কোনো দিনে’ না বলে অবশ্য অন্য কোনো মাঠে বলাটা ঠিক হয়। এই মাঠেও হতো, যদি কিউরেটর ভুল জায়গায় ঘাস না রাখতেন! উইকেটে সবুজ ঘাসের একটু উঁকিঝুঁকি ছিল, সেটিতেই সব মনোযোগ দিতে গিয়ে গ্রাউন্ডসম্যানরা কি আউটফিল্ডের ঘাস কাটতেই ভুলে গেলেন! সেই ঘাসের দৈর্ঘ্য এমনই যে, অনায়াসে তাতে গরু-ছাগল ছেড়ে দেওয়া যায়!প্রথম ওভারে কুলাসেকারাকে ড্রাইভ করে জহুরুল দৌড়ালেনই না। ফিল্ডার-টিল্ডার নেই, যে জোরে মেরেছেন, নির্ঘাত চার। আম্পায়ারেরও তা-ই মনে হলো বলে বাউন্ডারির সংকেতও দিয়ে দিলেন। সেই সিদ্ধান্ত বাতিল করতে হলো। বল যে সীমানার কাছে গিয়ে ঘাসে বন্দী!প্রথম বাউন্ডারি হলো ১৮তম ওভারে। আশরাফুল পরপর দুই বলে দুটি চার মেরে ‘অসাধ্য’ সাধন করলেন। প্রথম দুই সেশনে চার মাত্র সাতটি! ‘বাছাধন, এখানে রান করতে হলে দৌড়াতে হবে’—বিদায়বেলায় ব্যাটসম্যানদের যেন এই চ্যালেঞ্জ দিয়ে মজা দেখলেন আনুরুদ্দা পোলনউইতা। শ্রীলঙ্কান ক্রিকেটের প্রধান কিউরেটর ১৯ বছরের কর্মজীবনে ৯০টি টেস্ট ম্যাচ ও শত শত ওয়ানডে ও টি-টোয়েন্টির উইকেট বানিয়ে অবসরে গেছেন। এই টেস্টের উইকেটই ২২ গজি ওই জমিনটা নিয়ে তাঁর শেষ কারিকুরি। তা কারিকুরি তিনি দেখালেন বটে!গলের ‘রাজপথে’ বোলাররা মাথা কুটে মরার পর প্রেমাদাসায় স্পোর্টিং উইকেটের প্রতিশ্রুতি দিয়েছিলেন পোলনউইতা। সেই স্পোর্টিং উইকেট মানে পেসারবান্ধব উইকেট। কারণ, অ্যাঞ্জেলো ম্যাথুস সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলেন, স্পিন দিয়ে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে বধ করা গেলেও বাংলাদেশ তাতে অবধ্য। উইকেটে তাই একটু ঘাস রাখা হলো। যা দেখে দুই দলই সিদ্ধান্তে পৌঁছে গেল, পেসারদের প্রলয়নাচনের জন্য মঞ্চ প্রস্তুত।শ্রীলঙ্কা দলে তাই মাত্র একজন স্পিনার। নিজেদের মাঠে শ্রীলঙ্কা সর্বশেষ কবে একজন স্পেশালিস্ট স্পিনার খেলিয়েছে, এটা একটা প্রশ্ন বটে। শ্রীলঙ্কার মতো বাংলাদেশও উপমহাদেশে তিন পেসার নিয়ে মাঠে নামার বিরল ঘটনার জন্ম দিল। অথচ ১৫তম ওভারেই আক্রমণে স্পিন। প্রথম দিনের সফলতম খেলোয়াড় হিসেবে দিন শেষের সংবাদ সম্মেলনেও এলেন শ্রীলঙ্কা দলের একমাত্র স্পিনার। ৬৮ রানে ৫ উইকেট রঙ্গনা হেরাথের!উইকেট ক্রিকেটের অন্তহীন রহস্যের একটি। এ নিয়ে অনেকের অমর উক্তি আছে। তবে নভজোৎ সিং সিধুর মতো মজার কথা একটিও নেই। সিধুর বউ বোধ হয় খুব খেয়ালি স্বভাবের। নইলে কেন বলবেন, ‘উইকেট হলো বউয়ের মতো, কেমন আচরণ করবে, কেউ তা জানে না।’প্রেমাদাসার উইকেটও সবাইকে বোকা বানিয়েই ছাড়ল। মমিনুল যেটিকে বলছেন ‘ধোঁকা’। তাঁর কাছে উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো মনে হয়েছে। টেস্ট ক্রিকেটের সঙ্গে নতুন পরিচয়ের চাপটাপকে একদমই পাত্তা না দিয়ে আবারও বলে গেলেন, ব্যাটিংটা তাঁর কাছে উপভোগের বিষয়। এদিনও খুব উপভোগ করেছেন। ৯৮ বলে ৬৪ করে সেটির প্রমাণও রাখলেন।জহুরুলের ব্যাটিং দেখে অবশ্য মনে হচ্ছিল, এই উইকেটে ব্যাটিং করার মতো কঠিন কাজ আর নেই। ১২৯ বলে ৩৩ রানের ইনিংসটি অবশ্য দলের খুব কাজে আসল। শেষ পর্যন্ত এটিই তো বাংলাদেশের ইনিংসের তৃতীয় সর্বোচ্চ। মমিনুল আর জহুরুলের মাঝখানে নাসিরের ৮৭ বলে ৪৮।আউটফিল্ডের মাহাত্ম্যটা বোঝা যাবে একটি পরিসংখ্যানে। বাংলাদেশের ইনিংসে চার মাত্র ১২টি। ৩ রান ৮টি, ২ রান ৩৪টি, সিঙ্গেলের সংখ্যা ৭৭। একমাত্র নাসিরই আউটফিল্ডের ধার না ধেরে একটা ছক্কা মেরেছেন।৩৩ রান করা ছাড়াও বাংলাদেশের ইনিংসে জহুরুলের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অবদান আশরাফুলের রানআউটে বড় ভূমিকা রাখা। মিড অনে বল ঠেলেই দৌড়ে বেরিয়ে গিয়েছিলেন। রান হয় না, তার পরও আশরাফুল সাড়া দিলেন। যেটির চড়া মূল্য ইরাঙ্গার সরাসরি থ্রোতে রানআউট। আশরাফুলের ৪৭ বলে ১৬ রানে পূর্বাভাস ছিল অনেক বড় কিছুর। আগের ইনিংসে ১৯০ রানের আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে ব্যাটিং করতে নামা ব্যাটসম্যানকে যেমন দেখাটা প্রত্যাশিত।শুরুতে নতুন বলে ভালো সুইং করিয়েছেন কুলাসেকারা। তা টেস্টের প্রথম দিন সকালে বল তো কিছু না কিছু করবেই। তবে সেটি মূলত কন্ডিশনের অবদান, উইকেটের নয়। মমিনুল যেমন বলছেন এবং প্রমাণও রেখেছেন—উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো। তাহলে সারা দিনে ১১টি উইকেট পড়ল কীভাবে? মমিনুলের ব্যাখ্যা, ‘হেরাথ খুব ভালো জায়গায় বোলিং করেছে।’ শ্রীলঙ্কার ৪ ওভারের ইনিংসে দিলশানকে তুলে নেওয়ায় রবিউল বাংলাদেশ একটা সুখানুভূতি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে।তবে হেরাথের সাফল্য প্রশ্নটা তুলছেই। দুই বাঁহাতি স্পিনারকে বসিয়ে রেখে তিন পেসার খেলিয়ে কি ভুল করল বাংলাদেশ? বাঁহাতি স্পিনার ছাড়া বাংলাদেশ দলকে একটু অচেনাই লাগছে। সেটিই স্বাভাবিক। ৭৭ টেস্টে মাত্র নবমবারের মতো এই ঘটনা এবং গত ১০ বছরের মধ্যে প্রথম।প্রথম দিন শেষে বাংলাদেশ ১ম ইনিংস: ২৪০শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৮/১