উইকেট নিয়ে শুরু
নাথান লায়ন ও শামিন্দা ইরাঙ্গার সৌজন্যে টেস্টে প্রথম বলে উইকেট পাওয়াদের নিয়ে অনেক হইচই হলো সম্প্রতি। এই সুযোগে জেনে নেওয়া যাক ওয়ানডে ক্যারিয়ারের প্রথম বলে উইকেট শিকারিদের কথা। লিখেছেন আরিফুল ইসলাম১৯৯১ সালের ২৪ নভেম্বর। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ হচ্ছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। ৫২ রানে ৩ উইকেট হারানো ক্যারিবিয়ানরা ঘুরে দাঁড়াল ব্রায়ান লারা ও কার্ল হুপারের চতুর্থ উইকেটজুটিতে। জুটির রান যখন সেঞ্চুরি ছুঁতে চলেছে, পাকিস্তান অধিনায়ক ইমরান খান বল তুলে দিলেন মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা এক তরুণের হাতে। ওই তরুণ দলে ছিলেন স্রেফ ব্যাটিংয়ের জন্য, ঘরোয়া ক্রিকেটেও হাত ঘুরিয়েছেন মোটে এক-দুবার। আনকোরা সেই তরুণই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম বলেই তুলে নিলেন ব্রায়ান লারাকে। তরুণের নাম? ইনজামাম-উল-হক!ভিমরি খাচ্ছেন তো? জেনে রাখুন, ব্যাটসম্যান ইনজির চেয়ে কম সফল ছিলেন না বাঁহাতি স্পিনার ইনজি। ওয়ানডেতে ছয়বার বল হাতে নিয়েছেন, তিনবারই উইকেট এনে দিয়েছেন দলকে। পাকিস্তানের অধিনায়কেরা তাঁর বোলিং প্রতিভা বুঝতে পারেননি, তাঁকে আরও বেশি বোলিং দেননি, এটা তো আর ইনজির দোষ নয়!সবচেয়ে বেশি বিস্ময় আর আনন্দ জোগাবে বলেই ইনজামামকে শুরুতে আনা। ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট পাওয়া ক্রিকেটারদের তালিকায় ‘ইনজি’ আছেন আরও। সদাগোপান রমেশের কথা মনে আছে? সেই বাঁহাতি ভারতীয় ওপেনার, আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা যাঁর হয়েছিল দারুণ। কিন্তু টেকনিকের ত্রুটির কারণে টিকতে পারেননি বেশিদিন। এখন তামিল সিনেমায় অভিনয় করছেন। কে বিশ্বাস করবে, এই রমেশ অমর হয়ে আছেন অনন্য এক বোলিং কীর্তিতে! ওয়ানডেতে প্রথম বল হাতে পেয়েছিলেন ১৫তম ম্যাচে। প্রথম বলেই তুলে নিলেন পিঞ্চ হিটিংয়ের জন্য ওপরে উঠে আসা নিক্সন ম্যাকলিনকে। এরপর আরও দুই ম্যাচে বোলিং করলেও উইকেট পাননি। প্রথম বলে উইকেট পাওয়ার পর ক্যারিয়ারে আর কোনো উইকেট না পাওয়া একমাত্র দুর্ভাগা তিনিই!রমেশের মতো একটা জায়গায় ‘একমাত্র’ হয়ে আছে সিঙ্গাপুরে ত্রিদেশীয় টুর্নামেন্টের ওই ম্যাচও। সেদিন রমেশের জবাব হয়ে এসেছিলেন ওয়াভেল হাইন্ডস। ক্যারিয়ারের প্রথম বলে আউট করেছিলেন ভারতের উইকেটকিপার এমএসকে প্রসাদকে। একই ম্যাচে দুজনের এমন কীর্তি ওয়ানডে ইতিহাসে আর নেই। রমেশের সঙ্গে আরেকটা ব্যাপারেও মিল আছে হাইন্ডসের। দুজনই বাঁহাতি ব্যাটসম্যান, কিন্তু ডানহাতি বোলার। হাইন্ডসকে অবশ্য ইনজি-রমেশদের দলে ফেলা যাবে না, অন্তত পার্টটাইম বোলার তাঁকে বলা যায়!ইনজিদের দলের আরেকজন মার্টিন ফন জার্সভেল্ড। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়ার পর দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ হলো ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজে। প্রথম ম্যাচে ব্যাটিংই পেলেন না। দ্বিতীয় ম্যাচে যখন বল হাতে পেলেন, বাংলাদেশের তখন ৯ উইকেট নেই। প্রথম বলেই তালহা জুবায়েরকে বোল্ড করে গুটিয়ে দিলেন বাংলাদেশকে। ক্যারিয়ারে প্রথম বল হাতে নিয়ে একটি মাত্র বল করেই ১ উইকেট—এই কীর্তি নেই আর কারও। তালহা পরে ফন জার্সভেল্ডকে আউট করে প্রতিশোধ নিয়েছিলেন। অনেক প্রতীক্ষার পর পাওয়া সুযোগটাকে কাজে লাগাতে পারেননি ফন জার্সভেল্ড, ৯ টেস্ট ও ১১ ওয়ানডেতেই থেমে গেছে আন্তর্জাতিক ক্যারিয়ার। কেন্ট ও নর্দান ট্রান্সভালের হয়ে অবশ্য রানের ফোয়ারা ছুটিয়েই যাচ্ছেন এখনো। বল হাতে কীর্তির কথা কি মনে আছে তাঁর?ক্লাইভ লয়েডের অবশ্য মনে থাকার কথা। কারণ, রমেশ-ইনজিদের মতো হুট করে নয়, ব্যাটসম্যান লয়েড বোলার হয়েছিলেন পরিকল্পনার অংশ হিসেবেই। সেটি ছিল ইতিহাসের নবম ওয়ানডে। গ্যারি সোবার্স ছিলেন না বলে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোহান কানহাই আগেই বলে রেখেছিলেন লয়েডকে বোলিংয়ে আনবেন। টেস্টে মাঝেমধ্যে হাত ঘুরাতেন, স্লো মিডিয়াম। সেই বোলারকে আনা হলো তৃতীয় সিমার হিসেবে। লয়েড কী করলেন? প্রথম বলেই বোল্ড মাইক স্মিথ, চতুর্থ বলে এলবিডব্লু মাইক ডেনেস!ক্যারিয়ারের প্রথম বলে উইকেট অবশ্য এর আগেই দেখে ফেলেছে ওয়ানডে ক্রিকেট। কোনো শখের বোলার নন, একজন নিখাদ বোলারের হাত ধরেই হয়েছে সূচনা। ইতিহাসের দ্বিতীয় ওয়ানডেতেই এই কীর্তি গড়ে অমর হয়ে গেছেন ইংলিশ পেসার জিওফ আরনল্ড, সঙ্গে অমর করেছেন অস্ট্রেলিয়ান ওপেনার গ্রায়েম ওয়াটসনকেও। ক্যারিয়ারের প্রথম বলে উইকেট নেওয়া প্রথম বোলার আরনল্ড, আর ক্যারিয়ারের প্রথম বলে আউট হওয়া প্রথম ব্যাটসম্যান (ওয়ানডের প্রথম গোল্ডেন ডাকও) ওয়াটসন—এই রেকর্ড তো তাঁদের কাছ থেকে কেড়ে নিতে পারবেন না আর কেউ!টেস্টের ১৩৪ বছরের ইতিহাসে ক্যারিয়ারের প্রথম বলে উইকেট নেওয়ার কীর্তি ১৭ জনের, ওয়ানডের ৪০ বছরেই ১৬ জন। তবে একটা জায়গায় ঠিকই মিল আছে, প্রথম বলে উইকেট পাওয়াদের বেশির ভাগেরই ক্যারিয়ার গর্ব করার মতো হয়নি। প্রথম বলে উইকেটসহ অভিষেকে ৪ উইকেট পেয়েছিলেন এভারটন মাতামবানাদজো। কিন্তু জীবিকার তাগিদে ২৫ বছর বয়সেই জিম্বাবুয়ে ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। এখন ব্যবসা করেন সান ফ্রান্সিসকোতে। শেন টমসন পারেননি একজন কার্যকর অলরাউন্ডার হতে। হতাশায় প্রথম শ্রেণীর ক্রিকেট ছেড়েছেন মাত্র আটাশেই। ইমরান খানের আস্থার জবাব দিতে পারেননি শহীদ মাহবুব। মন্ডে জন্ডেকিও পারেননি মাখায়া এনটিনির উত্তরসূরি হতে। রিকি ক্লার্ক হারিয়ে গেছেন অ্যান্ড্রু ফ্লিনটফের বিশালত্বে। কৌশল লোকুয়ারাচ্চির অলরাউন্ড সম্ভাবনা হারিয়ে গেছে ভয়ংকর এক সড়ক দুর্ঘটনা ও মাঠের বাইরে শৃঙ্খলার অভাবে। ৩১ ছুঁতে চলা থিলান তুষারা যে আর বড় কিছু করতে পারবেন না, বলেই দেওয়া যায়। জোসেফাট আবাবুর সামর্থ্যই ছিল না বেশি দূর যাওয়ার। এখন পর্যন্ত তালিকার সর্বশেষ জন পার্থ দেশাই। বাঁহাতি স্পিনারের বয়স মাত্র ২০, বোলিং অ্যাকশন মন্টি পানেসারের ফটোকপি। কিন্তু কানাডার হয়ে খেলে কতদূরই বা যাবেন?বাকি থাকল শুধু একজন এবং ওই একজনই ভরসা। টেস্ট অভিষেকে ৫ উইকেট, বিদেশের মাটিতে অভিষেকেও তা-ই। পাঁচ মাস পর ওয়ানডে অভিষেকে প্রথম বলে উইকেটসহ ছয় উইকেট। ক্রিকেট বিশ্ব কাঁপিয়ে আগমন ফিদেল এডওয়ার্ডসের। যদিও পিছু লেগে থাকা চোটের কারণে সম্ভাবনা বাস্তবে রূপ পায়নি। তবে গত কিছুদিনে দুর্দান্ত ফর্মে আছেন। জানিয়েছেন লক্ষ্য—বিশ্বের এক নম্বর বোলার হওয়া। এডওয়ার্ডসের লক্ষ্য পূরণ হওয়াটা খুব জরুরি। না হলে কেউ যে আর প্রথম বলে উইকেটই পেতে চাইবেন না!প্রথম বলে উইকেটওয়ানডে শিকার ভেন্যু সালজিওফ আরনল্ড (ইংল্যান্ড) গ্রায়েম ওয়াটসন (অস্ট্রেলিয়া) ওল্ড ট্র্যাফোর্ড ১৯৭২ক্লাইভ লয়েড (ওয়েস্ট ইন্ডিজ) মাইক স্মিথ (ইংল্যান্ড) ওভাল ১৯৭৩শহীদ মাহবুব (পাকিস্তান) কৃষ্ণমাচারি শ্রীকান্ত (ভারত) লাহোর ১৯৮২শেন থমসন (নিউজিল্যান্ড) মোহাম্মদ আজহারউদ্দিন (ভারত) ডানেডিন ১৯৯০ইনজামাম-উল-হক (পাকিস্তান) ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ) ফয়সালাবাদ ১৯৯১এভারটন মাতামবানাদজো (জিম্বাবুয়ে) শহীদ আফ্রিদি (পাকিস্তান) পেশোয়ার ১৯৯৬সদাগোপান রমেশ (ভারত) নিক্সন ম্যাকলিন (ওয়েস্ট ইন্ডিজ) সিঙ্গাপুর ১৯৯৯ওয়াভেল হাইন্ডস (ওয়েস্ট ইন্ডিজ) এমএসকে প্রসাদ (ভারত) সিঙ্গাপুর ১৯৯৯জোসেফাট আবাবু (কেনিয়া) নিল জনসন (জিম্বাবুয়ে) নাইরোবি ১৯৯৯মার্টিন ফন জার্সভেল্ড (দক্ষিণ আফ্রিকা) তালহা জুবায়ের (বাংলাদেশ) কিম্বার্লি ২০০২মন্ডে জন্ডেকি (দক্ষিণ আফ্রিকা) মারভান আতাপাত্তু (শ্রীলঙ্কা) ব্লুমফন্টেইন ২০০২কৌশল লোকুয়ারাচ্চি (শ্রীলঙ্কা) স্টিভ টিকোলো (কেনিয়া) শারজা ২০০৩রিকি ক্লার্ক (ইংল্যান্ড) ইমরান নাজির (পাকিস্তান) ওল্ড ট্র্যাফোর্ড ২০০৩ফিদেল এডওয়ার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) ভুসিমুজি সিবান্দা (জিম্বাবুয়ে) হারারে ২০০৩থিলান তুষারা (শ্রীলঙ্কা) রনাকো মর্টন (ওয়েস্ট ইন্ডিজ) সেন্ট লুসিয়া ২০০৮পার্থ দেশাই (কানাডা) আন্দ্রে ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ) জ্যামাইকা ২০১০টি-টোয়েন্টি*মাইকেল ক্যাসপ্রোভিচ (অস্ট্রেলিয়া) স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড) অকল্যান্ড ২০০৫আলফোনসো থমাস (দক্ষিণ আফ্রিকা) ইমরান নাজির (পাকিস্তান) জোহানেসবার্গ ২০০৭শন টেইট (অস্ট্রেলিয়া) জেমি হাউ (নিউজিল্যান্ড) পার্থ ২০০৭ররি ক্লেইনভেল্ড (দক্ষিণ আফ্রিকা) জুনায়েদ সিদ্দিক (বাংলাদেশ) জোহানেসবার্গ ২০০৮**বিরাট কোহলি (ভারত) কেভিন পিটারসেন (ইংল্যান্ড) ওল্ড ট্র্যাফোর্ড ২০১১*ক্যাসপ্রোভিচ উইকেট পেয়েছিলেন প্রথম দুই বলেই!**কোহলি উইকেট পেয়েছেন বৈধ কোনো বলের আগেই, ওয়াইড বলে স্টাম্পিং!