উইকেটটা যেন এমনই থাকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিবের কাছে এটি ‘পারফেক্ট ম্যাচ’, মুশফিকুরের চোখে ‘স্বপ্নের ম্যাচের কাছাকাছি’। পরের দুটি ম্যাচে বাংলাদেশ তো এর পুনরাবৃত্তি চাইবেই। টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান করে সবচেয়ে বড় ব্যবধানে জয়—এর চেয়ে বেশি কিছু তো আর চাওয়ার নেই।তবে বাংলাদেশ দল বোধহয় সবার আগে আরেকটি ব্যাপারের পুনরাবৃত্তি চাইছে। উইকেটটা যেন একই রকম থাকে! উপমহাদেশের বাইরে খেলতে এলে সব সময়ই বাংলাদেশের বড় প্রতিপক্ষ হয়ে থাকে কন্ডিশন। ইউরোপে তো আরও বেশি। এই সিরিজেও আয়ারল্যান্ড যতটা না চ্যালেঞ্জ, তার চেয়ে বেশি চ্যালেঞ্জ বিরুদ্ধ কন্ডিশনকে জয় করা। ক্রিকেটে ‘কন্ডিশন’ কথাটা যে অর্থে ব্যবহূত হয়, তার বাংলা করা কঠিন। আবহাওয়া, উইকেট, মাঠের আকার—অনেক কিছু এতে মিলেমিশে একাকার। পরশুর ম্যাচে কন্ডিশনের একটা অংশ বাংলাদেশের ক্রিকেটারদের চরম পরীক্ষাই নিল।মেঘে ঢাকা আকাশ, মাঝেমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, হাড়ে ঢুকে যাওয়া কনকনে বাতাস—আয়ারল্যান্ডে পা রাখার পর এমন ঠান্ডার সঙ্গে দেখা হয়নি বাংলাদেশ দলের। এই ‘আদর্শ ইংলিশ কন্ডিশন’ বাংলাদেশের কাছে পাত্তাই পেল না উইকেটটা এমন আনন্দদায়ী বিস্ময় হয়ে এল বলে। যে বিস্ময় এক দিন পরও কাটছে না।কাল অনুশীলন করতে করতে মাশরাফি বিন মুর্তজা হাসতে হাসতে বললেন, ‘চট্টগ্রামের চেয়েও খারাপ উইকেট! ইয়া বড় বড় টার্ন!’ প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়ার পর সেই ধ্বংসযজ্ঞের নায়ক ইলিয়াস সানি উইকেটকেও কৃতিত্বের ভাগ দিয়েছেন। অধিনায়ক মুশফিকুর রহিম তো কাল বিস্ময়ই প্রকাশ করলেন, ‘ওরা জানে, আমাদের মূল শক্তি স্পিন। তার পরও এমন উইকেট কেন বানাল ভেবে বিস্ময় যাচ্ছে না।’ইচ্ছা করে এমন উইকেট বানিয়ে নিজেরাই নিজেদের কবর খোঁড়ার প্রশ্নই আসে না। গ্রহণযোগ্য একটা ব্যাখ্যা পাওয়া গেল সাকিব আল হাসানের কাছ থেকে। গত কিছুদিনের টানা বৃষ্টিতে উইকেটের পরিচর্যা করার সময়ই মেলেনি। এটি ছিল আন্ডারপ্রিপেয়ার্ড উইকেট।তবে এটি গল্পের একটা অংশ এবং শুধু সেটিই বললে পরশু বাংলাদেশের অমন অসাধারণ পারফরম্যান্সকে অসম্মান করা হয়। উইকেটের কারণে স্পিনাররা অমন আনপ্লেয়েবল হয়ে উঠেছেন সত্যি, তবে উইকেট ভালো হলেও টি-টোয়েন্টিতে ১৯০ রান করতে ঘাম ছুটে যাওয়ার কথা। বাংলাদেশ তো ম্যাচটা ব্যাটিংয়েই জিতে গেছে, বোলিংয়ের ভূমিকা শুধু জয়টাকে অনায়াস আর বিশাল করায়।সব অধিনায়কেরই ‘স্বপ্নের ম্যাচ’ বলে একটা ব্যাপার থাকে। যে ম্যাচে সবকিছু ঠিকঠাক হবে। মুশফিকুর রহিমের কাছে পরশুর ম্যাচটা একরকম তা-ই, ‘ড্রিম ম্যাচ যদি বলেন, এটা তার খুব কাছাকাছি।’ এরপর হেসে বলেন, ‘আমি যদি ৩০-৪০ রান করতে পারতাম, তা হলে পুরোপুরি ড্রিম ম্যাচই বলতাম।’ মুশফিকের কাছে এই পারফরম্যান্সের সবচেয়ে বড় মহিমা ‘দশে মিলি করি কাজ’-এ—‘টি-টোয়েন্টি ম্যাচে টিম ওয়ার্কটা সেভাবে কাজ করে না। ওপরের দিকে এক-দুজন ব্যাটসম্যান রান করলে আর একজন বোলার ভালো করলেই ম্যাচ জেতা যায়। সেখানে এই ম্যাচে আমাদের প্রথম সাত ব্যাটসম্যানের ছয়জনই রান করেছে, ভালো করেছে পাঁচ বোলারের সবাই।’এমন অনায়াস জয়ে বিস্ময়টা গোপন করছেন না মুশফিক। মাশরাফিও বিস্মিত, তবে একটা পরিবর্তন তিনি ঠিকই টের পাচ্ছেন, ‘আগে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামলে আমাদের মধ্যে একটু ভয় কাজ করত। কিন্তু এবার সবার মধ্যে আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দিতে হবে—এমন একটা মানসিকতা দেখতে পাচ্ছি। খেলায় অনেক কিছুই হতে পারে। তবে আমি ৩-০ না হওয়ার কোনো কারণ দেখছি না।’৩-০ ভবিষ্যদ্বাণীতে আসলে পরশুর জয়ের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। ১৬০-৬৫-তেই খুশি, এমন একটা অবস্থা থেকে শেষ ৫ ওভারে ৬৯ রান বাংলাদেশকে নিয়ে গেছে ১৯০ রানের পাহাড়ে। পরপর চার বলে ছক্কা যেটির হাইলাইট। তবে ক্রিকেট বড় মজার খেলা। একটা পরাজয়ই উত্তুঙ্গ আত্মবিশ্বাস থেকে আছড়ে ফেলতে পারে আত্মবিশ্বাসহীনতার সাগরতলে। সেটি মনে রেখেই কোচ রিচার্ড পাইবাস আত্মতৃপ্তির এই ফাঁদ সম্পর্কে বাড়তি সচেতন। ৩-০ নিয়ে আলোচনাই তাই পরিত্যাজ্য তাঁর কাছে। বরং খেলোয়াড়দের তিনি মনে করিয়ে দিচ্ছেন, প্রথম ম্যাচে আয়ারল্যান্ড যা খেলেছে, তারা এর চেয়ে অনেক ভালো দল। শেষ পর্যন্ত ৩-০ হলে হলো, না হলে নাই। আজ জিতলেই সিরিজ জেতা হয়ে যাবে। এই ম্যাচের পর আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও উঠে যাবে বাংলাদেশের নাম। গত বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়টা বিবেচনায় আসবে বলে বাংলাদেশ তাতে আয়ারল্যান্ডের ওপরেই থাকবে বলে অনুমেয়।