উইজডেনের টেস্ট দলের অধিনায়ক ধোনি
উইজডেন সেরা টেস্ট দলের নাম ঘোষণা করেছে। এই দলের অধিনায়ক করা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। ঘোষিত দলে ভারতের চারজন, ইংল্যান্ডের তিনজন, অস্ট্রেলিয়ার দুজন এবং শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার একজন করে সদস্য রয়েছে। ২০০৯ সালের পারফরমেন্সের ভিত্তিতে এই দল ঘোষণা করা হয়েছে। খবর বিবিসি অনলাইন ও পিটিআইয়ের।উইজডেনের হিসাবে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের বীরেন্দ্র শেবাগ। এ নিয়ে পরপর দুই বছর উইজডেনের বর্ষসেরা খেলোয়াড় হলেন শেবাগ।এ ছাড়া উইজডেন বছরের সেরা পাঁচ ক্রিকেটার নির্বাচিত করেছে। তাঁদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক এবং ইংল্যান্ডের অফ স্পিনার গ্রায়েম সোয়ান, উইকেটরক্ষক ম্যাট প্রায়র, ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড ও গ্রাহেম ওনিয়নস। টেস্ট দল: বীরেন্দ্র শেবাগ (ভারত), অ্যান্ড্রু স্টাউস (ইংল্যান্ড), গৌতম গাম্ভীর (ভারত), শচীন টেন্ডুলকার (ভারত), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), মহেন্দ্র সিং ধোনি (ভারত), মিশেল জনসন (অস্ট্রেলিয়া), গ্রায়েম সোয়ান (ইংল্যান্ড), পিটার সিডল (অস্ট্রেলিয়া) ও জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।