জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের রাজধানীতে এনে রাখার জন্য নির্ধারিত বাড়ির (উইটনেস হাউস) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ সব কর্মকর্তাকে ৭ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তলব করা হয়েছে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার এ আদেশ দেন। আদেশে বলা হয়, ওই দিন সব কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ট্রাইব্যুনালের প্রশ্নের জবাব দিতে হবে। তাঁদের হাজির করতে এই মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের মধ্যে ১৫ জনের জবানবন্দি অজেরাকৃত সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য ট্রাইব্যুনালের আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) বিষয়টি মুলতবি করা হয়।আসামির কাঠগড়ায় সাঈদীর উপস্থিতিতে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক গতকাল উইটনেস হাউসের তিনটি রেজিস্টার ট্রাইব্যুনালে দাখিল করেন। তিনি বলেন, এখানে কোন সাক্ষী কবে আসেন, কবে ফিরে যান, কয় বেলা খান, সেখানে কারা দায়িত্ব পালন করেন—এসবের বিবরণ এ রেজিস্টারগুলোতে আছে। রাষ্ট্রপক্ষ বলেছে, একজন সাক্ষী কখনো ঢাকায় আসেননি। কিন্তু উইটনেস হাউসের রেজিস্টারে তাঁর নাম আছে। এ রকম আরও কয়েকজন সাক্ষীর বিষয়ে রাষ্ট্রপক্ষের দেওয়া তথ্য এবং এই রেজিস্টারগুলোর তথ্যের মধ্যে গরমিল রয়েছে। তিনি জানান, এই রেজিস্টার বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটে (ফেসবুক, ইউটিউব) পাওয়া যাচ্ছে।এ পর্যায়ে ট্রাইব্যুনাল তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে উইটনেস হাউসের ঠিকানা, ওই বাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্য কর্মকর্তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য ট্রাইব্যুনালে দাখিল করার নির্দেশ দেন। পরে ট্রাইব্যুনাল ওই কর্মকর্তাদের তলব করে আদেশ দেন।এদিকে, এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মাহবুবুল আলম হাওলাদার ও ষষ্ঠ সাক্ষী মানিক পসারিকে আবারও জেরা করতে আসামিপক্ষকে গতকাল অনুমতি দেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের তিন সাক্ষীকে আবার জেরা করতে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।আদেশে ট্রাইব্যুনাল ১৫ জুনের মধ্যে প্রথম ও ষষ্ঠ সাক্ষীকে হাজির করার নির্দেশ দেন। আদেশে আরও বলা হয়, এই দুই সাক্ষীর ঢাকায় যাতায়াত ও থাকা-খাওয়া বাবদ আসামিপক্ষকে ১০ জুনের মধ্যে পাঁচ হাজার টাকা ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দিতে হবে। দ্বিতীয় সাক্ষী রুহুল আমিনকে আবার জেরার আবেদন নাকচ করে ট্রাইব্যুনাল বলেন, প্রাসঙ্গিক না হওয়ায় তাঁকে আর জেরার প্রয়োজন নেই।তদন্ত কর্মকর্তাকে জেরা: এই মামলার তদন্ত কর্মকর্তাকে গতকালও জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরায় তিনি ট্রাইব্যুনালে দাখিল করা বিভিন্ন বস্তু প্রদর্শনী নিয়ে প্রশ্ন করেন। আজ সোমবারও তাঁকে আবার জেরা করা হবে।