উইনিং কম্বিনেশনের পক্ষে সাবেক দুই অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হতে যাচ্ছে দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে প্রথমবারের মতো খেলতে নামবে সাকিব-তামিম-মুশফিক-মাশরাফির বাংলাদেশ। পুরো প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করা বাংলাদেশ এই শেষ লড়াইয়ে সফল হলে রচিত হবে নতুন এক ইতিহাস। হেরে গেলেও দুঃখ নেই। ভবিষ্যতের পাথেয় হিসেবে এশিয়া কাপের ফাইনালে খেলার এই অনন্য অর্জন এ দেশের ক্রিকেটকে শক্তি জোগাবে বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদীন ও খালেদ মাহমুদ। তাঁরা অবশ্যাই মনে-প্রাণে চান দলের বিজয়। এ প্রসঙ্গে তাঁরা কথা বলেছেন প্রথম আলো অনলাইনের এ প্রতিবেদকের সঙ্গে। খালেদ মাহমুদ বলেন, তিনি বিশ্বাস করেন, বাংলাদেশ আজ পাকিস্তানকে হারিয়ে হাতে তুলবে এশিয়া কাপের শিরোপা। মিনহাজুল অবশ্য ভাবনায় অতটা এগিয়ে যেতে রাজি নন। তবে তিনি মনে করেন, গোটা এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্সের যে ধারাবাহিকতা, তা ধরে রাখতে পারলে ফাইনালে বাংলাদেশের পক্ষে পাকিস্তানকে হারানো খুবই সম্ভব।‘প্রথম ম্যাচে আমরা পাকিস্তানকে হারানোর খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। বলতে গেলে জিতেই গিয়েছিলাম। কিন্তু দর্শকদের চাপ বলুন আর জেতার অনভ্যাস বলুন, কোনো একটা কারণে বাংলাদেশ সেই ম্যাচটা জিততে পারেনি। কিন্তু পরের দুটো ম্যাচে দুই বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দেওয়া, ধারাবাহিক পারফরম্যান্স—সবকিছু মিলিয়ে আমি মনে-প্রাণে বিশ্বাস করি, ফাইনালে বাংলাদেশই জিতবে’, বললেন খালেদ মাহমুদ।তিনটি ম্যাচেই টস জিতে রান তাড়া করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয়টা পেতে গিয়েও পাওয়া হয়নি। কিন্তু ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়ায় সফল মুশফিকুর রহিমের দল। তাহলে কি টস জেতাটা ফাইনালেও গুরুত্বপূর্ণ? টস জয় ছাড়া অন্যকিছু কি তাহলে বিপর্যয় ডেকে আনবে! বিষয়টিকে ঠিক এমনভাবে দেখতে রাজি নন মিনহাজুল আবেদীন ও খালেদ মাহমুদ। মিনহাজুল আবেদীন বলেছেন, ‘আমার তো মনে হয় পাকিস্তানিরা চেজিংয়ে দুর্বল। টসে হেরে যদি বাংলাদেশ আগে ব্যাটও করে, তাহলে তাদের ২৭০-২৮০ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করালেও চলে। বোলিং তো একেবারে দুর্বল নয় বাংলাদেশের।’ খালেদ মাহমুদ বলেন, ‘টসে জয়-পরাজয় আহামরি কোনো প্রভাব রাখবে না। আগে ব্যাটিং করে পরে বল করলেও কোনো সমস্যা হওয়ার কথা নয়।’ফাইনালে উইনিং কম্বিনেশনের পক্ষেই কথা বলেছেন এই দুই সাবেক অধিনায়ক। মিনহাজুল আবেদীন বলেন, ‘ইনজুরির কারণে আমরা তিনটি ম্যাচে দুটি পরিবর্তন করেছি। শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ খেলেছে, তা ফাইনালে পরিবর্তনের সম্ভাবনা সামান্যই। নাজিমউদ্দিন প্রথম ম্যাচে ভালো খেলেছিল। পরের দুটোতে ভালো খেলতে পারেনি। আমার মনে হয় না, ফাইনালে টিম ম্যানেজমেন্ট তাঁকে বসাবে।’ খালেদ মাহমুদও উইনিং কম্বিনেশনের কথা বলেছেন। একই সঙ্গে ফাইনালে ওপেনিং জুটিতে অভিজ্ঞতার ছোঁয়া আনতে নাজিমউদ্দিনের পরিবর্তে ইমরুল কায়েসকে দলে দলভুক্ত করা যেতে পারে বলেও মন্তব্য করেছেন। শাহাদাতের প্রসঙ্গেও তাঁদের একই অভিমত। তিনটি ম্যাচেই শাহাদাতের অতিরিক্ত রান খরচকে আপাতত ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখতে চান মিনহাজুল ও মাহমুদ। খালেদ মাহমুদ বলেন, ‘আপাতত বাংলাদেশ দলের হাতে শাহাদাতের বিকল্প নবাগত আবুল হোসেন। তিন পেসার খেলিয়ে সাফল্য পাচ্ছে দল। মনে হয় না, টিম ম্যানেজমেন্ট ফাইনালে এসে কোনো পরীক্ষা-নিরীক্ষায় যাবে।’ মিনহাজুল আবেদীন বলেন, ‘শাহাদাত একটু খরচে। কিন্তু সে কিন্তু উইকেট পাচ্ছে। আক্রমণাত্মক একজন বোলারের দরকার আছে দলে। আক্রমণাত্মক বোলাররা একটু খরচেই হয়ে থাকে।’