উইন্ডিজ অণুকাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম ৭০০ টাকা, সব করসহ। ২০১১ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ—১৯। গ্রুপ—বি। শুক্রবার, ৪ মার্চ ২০১১। দুইটা ৩০ মিনিট। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। ঢোকার দরজা নর্দার্ন স্ট্যান্ড গেট, ২২-২৩। ক্লাব হাউস (উত্তর)। ব্লক ইউ, লেভেল—আপার, সারি—ও, আসন ৩৫।এই টিকিটটির জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তারপর মোটরসাইকেলের তেল আর শরীরের জল পুড়িয়ে গিয়ে বসা খেলা দেখার জন্য। কিন্তু দেখতে হলো ছেলেখেলা। বাংলাদেশের দিক থেকে দেখলে ছেলেখেলা। আর ওয়েস্ট ইন্ডিজের দিক থেকে দেখলে উইন্ডিজ অণুকাব্য। রূপকথা উপমাটা আইরিশদের জন্য সম্প্রতি ব্যবহার করা হয়ে গেছে।উইন্ডিজ অণুকাব্য রচিত হচ্ছিল চোখের সামনে, তবে দৃষ্টির কিছু দূরে। ফলে কষ্টক্লান্ত চোখ আশপাশে ঘুরতে শুরু করল। সামনে এক স্বর্ণকেশী, স্বর্ণকেশটুকু সৃজিত। কালো জিনস আর রোদচশমা। গায়ে বাংলাদেশ দলের জার্সি। হাতে ক্যামেরা। মুহুর্মুহু নিজের ছবি নিজেই তুলছেন। পাশেই তাঁর সঙ্গী, মাথায় বাংলাদেশের পতাকা। দুজনের মাঝখানে আনন্দ বেকারির প্যাকেট। দুজনে নরম শিঙাড়ায় কামড় বসিয়েছেন। সমানে মাঠে বাংলাদেশের উইকেটে কামড় বসাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ; নির্দিষ্ট করে বললে ড্যারেন স্যামি। যুগলদের শিঙাড়া শেষ হতে না-হতেই দুই উইকেট নেই। পুরো গ্যালারিতে হাপিত্যেশ তুলে তৃতীয় উইকেটও নেই হয়ে গেল।আনন্দের প্যাকেটে ভেজিটেবল রোলের মতো মনে হচ্ছে। সঙ্গে পাটিসাপটা এবং আরও কী সব। অবস্থা যা, তাতে এদের খাবার শেষ হওয়ার আগেই না খেলা শেষ হয়ে যায়! তারা রোল মুখে পুরছে আর ওয়েস্ট ইন্ডিজ গোল হয়ে ঘিরে ধরেছে বাংলাদেশকে। চার উইকেট শেষ। কাগজের বক্সে পাটিসাপটা পড়ে আছে। মাঠে চিড়েচ্যাপ্টা হচ্ছে বাংলাদেশ। পাঁচ উইকেট নেই। কিন্তু তরুণদের উৎসাহে ক্ষান্তি নেই। বল ব্যাটে লাগলেই চিৎকার। আশরাফুল নামার সময় সোল্লাসে চিৎকার। আগের ম্যাচে নাকি তাঁর নামার সময় ‘ভুয়া ভুয়া’ ধ্বনি উঠছিল। আজ উল্টো। আজ তাঁর ওপর আশা-আস্থার প্রকাশ ঘটল গগন কাঁপিয়ে। মারলেনও একটা চার। তুমুল চিৎকার, কয়েকজনের গলার রগ ফুলে যেন বেরিয়ে যাচ্ছে। রক্তে আনন্দের ঢেউ লেগেছে। অনেকের কোল থেকে পশমি নরম ব্যাঘ্রশাবক শূন্যে উঠে গেছে। কিন্তু ১১ রানে বধ হলে সেই আশরাফুল ‘বদ’ উপাধি পেয়ে গেলেন তৎক্ষণাৎ।আনন্দ বেকারির খাবারও বোধ হয় বিস্বাদ হয়ে উঠছে। গলা দিয়ে নামছে না। তরুণী উঠে গেলেন। খানিক পর দুই হাতে পেপসির দুটি ক্যান নিয়ে ফেরত এলেন। পরিস্থিতি এমন—পাটিসাপটা নিজগুণে গন্তব্যে যেতে পারছে না। পেপসি দিয়ে নামাতে হচ্ছে। সাত উইকেট নেই। আইসিডিডিআরবিতে গেলে শোনা যায়—পেট নেমেছে। মিরপুরে গতকাল বাংলাদেশের উইকেট নেমেছে। স্যালাইনের আয়োজনও চোখে পড়ল না।এতক্ষণে সামনের দর্শকযুগল মুখ খুললেন। তরুণী বললেন, চট্টগ্রামের প্রোগ্রাম বাদ দাও। সঙ্গীর সায় মিলল। ভাবভাষা এমন—ঢাকাতেই হেরে কাঁই। চট্টগ্রামে আর কী হবে! চট্টগ্রামে দুটি খেলা আছে। দুজন দর্শক মনে হয় কমে গেল।আমার ডানে ৩৪ নম্বর আসনধারীর সৃজনশীলতা একেবারেই কম। বাংলাদেশের ১৮ ওভার ৫ বলের সময়কালে তিনি অন্তত আঠারো শ বার বলেছেন, ‘কী লজ্জা দিতেছে এরা জাতিরে।’ ‘আয়-হায় রে লজ্জা।’ ‘লজ্জা ছাড়া আর কী পাইলাম।’ ‘পুরা জাতির লজ্জা।’ এর বাইরে তিনি ভাবতে পারছেন না। এর বাইরে কোনো ভাষা নেই তাঁর কাছে। একবার শুধু বললেন, ‘কত কষ্ট করে টিকিট জোগাড় করছে মানুষ। কী লজ্জা।’ মুদ্রাদোষ নাকি! মধ্যবয়সী পুরুষের এত লজ্জা এর আগে দেখিনি।আমার সহকর্মী আনোয়ার হোসেন হাসিমুখে কোনো দিকে উঠে গেলেন। তাঁর এবং আমার মোবাইলে ক্ষুদে বার্তা আসছে, ‘কুফা’, ‘কুফা’। আমরা প্রথম মাঠে খেলা দেখতে গেলাম কিনা! বাংলাদেশের হারের ডিজিটাল দোষ পড়ছে আমাদের ঘাড়ে। বেশ কিছুক্ষণ পর আনোয়ার ফিরে এসে বললেন, ‘জমাইয়া কিডনি নষ্ট করে লাভ কী!’ পানির চাপে কিডনির কী ধরনের ক্ষতি হয় জানা নেই। তবে এই পানি ধরে রাখার মানে নেই। উইকেটই যখন ধরে রাখা যাচ্ছে না...।১০ নম্বর উইকেটটা কোন ফাঁকে ঝরে গেল টের পেলাম না। মনে হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ ঢিল মেরে পাকা বরই পাড়ছে। স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে উঠল—বাংলাদেশ ৫৮ রান। নানা রসিকতা হচ্ছে। একমাত্র ‘লজ্জা মিয়া’ ছাড়া আর কারও মধ্যে বিরক্তি দেখলাম না। ‘হাসি-ঠাট্টা’র আয়ুর্বেদে সব হজম করে যাচ্ছে সবাই। পাশের দর্শকের কথা থেকে আনন্দ খুঁজে নিচ্ছে অনেকে। সব ধসে পড়ছে। হাসি-ঠাট্টা কমছে না। কয়েকজন স্টেডিয়ামের প্রশংসা করা শুরু করেছেন, ‘স্টেডিয়াম বানাইছে একটা।’ একজন বললেন, মিরপুরের মানুষের আজ ভালো ঘুম হবে। বাংলাদেশ আয়ারল্যান্ডকে হারানোর পর সারা রাত হইচইয়ে ঘুম হারাম হয়ে গিয়েছিল। আজকে ঘুম নিয়ে টেনশন নেই। আরেকজন বললেন, ‘আরে ভাই, আজ তো দুঃখে ঘুম আইব না।’ এই যুক্তিও ফেলনা না।দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে। জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠল—৫৯ রান, ৩০০ বল। হই করে চিৎকার উঠল। বাংলাদেশ দল মাঠে ঢুকছে। ‘বাংলাদেশ বাংলাদেশ’ ধ্বনি উঠছে। ‘ভুয়া ভুয়া’ ধ্বনিও আছে। সামনের যুগল গাড়ি ডাকার জন্য ফোন করছেন। আশপাশে বিভিন্ন আসনের বোঝা নেমে যাচ্ছে। নতুন বসানো আসনগুলো বিকেলের সোনারোদে তাদের রং প্রকাশ করছে। অনেকেই ক্যামেরায়, মোবাইলে ছবি তুলছে। যারা বসে আছে, তারা ওয়েস্ট ইন্ডিজ চার মারলে স্বাগত চিৎকার দিচ্ছে। কে একজন ওয়েস্ট ইন্ডিজের পতাকা বিতরণ করছে। মুহূর্তে হুড়োহুড়ি লেগে গেল। যারা পেয়েছে তারা সেই পতাকা দোলাচ্ছে। একজন পুতুলবাঘের মাথায় উইন্ডিজের পতাকা বেঁধে দোলাচ্ছে। কয়েকজন তার আইডিয়ার প্রশংসা করছে। কেউ কেউ সে ছবিও তুলছে।মিরপুর ১০ নম্বর থেকে কারওয়ান বাজারের পথে মানুষ আর মানুষ। যাঁরা মাঠে খেলা দেখেছেন তাঁদের বেশির ভাগ রাস্তায় গাড়ির অপেক্ষায়। বেশভূষা বলছে, এঁরা ক্রিকেট-দর্শক। ফুটপাতেও লাইন ধরে আছেন মানুষ। এঁদের ভূষণ ভিন্ন। এঁরা মাঠের বাইরের দর্শক। তাঁরা তামশা দেখছেন। শেওড়াপাড়া-রোকেয়া সরণিজুড়ে রাস্তার দুপাশে কাঠের দোকানগুলোর সামনের ফুটপাত এঁদের দখলে। এঁরা মাঠফেরত দর্শকদের দিকে তাকিয়ে কাষ্ঠহাসি হাসছেন!