উইন্ডিজের দিকে তাকিয়ে বাংলাদেশ-ইংল্যান্ড
হিসাবটা একেবারেই সহজ এখন। বাংলাদেশ হল্যান্ডকে হারিয়ে সহজ করে দিয়েছে সবকিছু। ইংল্যান্ড আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলে দূর হয়ে যাবে ‘বি’ গ্রুপের সব জটিলতা। কে কার সঙ্গে জিতলে বা হারলে কী হবে—এসবের কোনো হিসাব করার প্রয়োজন পড়বে না। ক্যালকুলেটরে নিয়ে রান রেটের হিসাব-নিকাশে বসারও দরকার হবে না। ইংল্যান্ডকে ধরতে হবে বাড়ির পথ।আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফল বাদ দিয়েই এই হিসাব করে রেখেছে ব্রিটিশরা। কাঠগড়ায় দাঁড় করিয়েছে অ্যান্ড্রু স্ট্রাউস, পল কলিংউড আর গ্রায়েম সোয়ানদের। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যমের কাঠগড়ায় দাঁড়িয়ে তাঁরা শোনালেন আশার কথা। আগের দিন কলিংউড তো ইংল্যান্ডকে চ্যাম্পিয়নই বানিয়ে দিয়েছেন। বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত যে চারটি ম্যাচ আছে, এর সব কটিই জিতবে ইংল্যান্ড। মানে কলিংউডরা চ্যাম্পিয়ন!পরশু সতীর্থ কলিংউডের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সোয়ানও গাইলেন একই গান। ভারতের সঙ্গে টাই আর আয়ারল্যান্ডের কাছে হেরে যাওয়া ম্যাচের প্রসঙ্গ টেনে বলেছেন ‘ছিটকে পড়া দুধ নিয়ে কান্নাকাটি করে লাভ নেই। এখন যে চারটি ম্যাচ আছে, সব কটিতে জিতে আমাদের বিজয়ী হয়ে বাড়ি ফিরতে হবে। সবকিছু বিবেচনায় রেখেই বলছি, চারটি ম্যাচ জিতলেই আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হব।’সোজা হিসাব দেখছেন কলিংউড-সোয়ান। তবে এই হিসাবের মধ্যেও একটি পাদটীকা দিতে হচ্ছে। আত্মবিশ্বাসের হাওয়ায় ওড়া ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেও সহজতম হিসাবটির পাকে পড়ে বাদ হয়ে যেতে পারে প্রথম রাউন্ড থেকেই। এই রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড ম্যাচ চলছিল।দক্ষিণ আফ্রিকা যদি আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে থাকে, তাহলে শেষ আট তাদের নিশ্চিত। শেষ গ্রুপ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে বাংলাদেশ উঠে যাবে শেষ আটে। আর ইংল্যান্ডের কাছে হারার পর ওয়েস্ট ইন্ডিজ যদি ভারতকে হারিয়ে দেয়, তাহলে কোয়ার্টার ফাইনালে উঠবে ওয়েস্ট ইন্ডিজও। এভাবে এগোতে থাকলে ঝুলে থাকবে ভারত-ইংল্যান্ডের ভাগ্য। সে ক্ষেত্রে ভারত আর ইংল্যান্ডের সম্ভাবনা থাকে পঞ্চাশ-পঞ্চাশ। মহেন্দ্র সিং ধোনি ও অ্যান্ড্রু স্ট্রাউসের দলের নেট রান রেট প্রায় সমান। আপাতত অবশ্য ভারতই রান রেটের দিক দিয়ে এগিয়ে আছে একটু।তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলেও ইংল্যান্ডকে বসে থাকতে হবে অনিশ্চয়তার হাত ধরে। ‘বি’ গ্রুপটাই যে অনিশ্চয়তায় ভরা। তথ্যসূত্র: এএফপি, ওয়েবসাইট।