অতিথিসাধারণত লড়াইয়ের মঞ্চে থাকেন তাঁরাই, দর্শকেরা গ্যালারিতে বসে বিমলানন্দ পায় তাঁদের যুঝতে দেখে। কিন্তু উইম্বলডন অনেকের ভূমিকাই পাল্টে ফেলল। ক্রিকেট তারকা, গলফার, রেসার, বক্সার—টেনিসের বাইরের অনেক তারকাকেই টেনে আনল শতাব্দী প্রাচীন এই টেনিস টুর্নামেন্ট। শুধু ক্রীড়াঙ্গনের তারকারাই নন, সবুজ ঘাসের কোর্টে কাব্য রচিত হওয়া দেখতে ছুটে এসেছিল রাজপরিবারের রাজন্যরা। এসেছিলেন হলিউড তারকারা, সংগীত দুনিয়ার পপ-রকস্টাররাও।ব্রিটেনের প্রিন্স চার্লস এসেছিলেন স্ত্রী ক্যামিলাকে সঙ্গে নিয়ে। চার্লস-তনয় উইলিয়ামও এসেছিলেন সদ্য বিবাহিতা স্ত্রী কেট মিডলটনকে নিয়ে। ইয়র্কের রাজকন্যা বেয়াত্রিস এসেছিলেন প্রেমিক ডেভ ক্লার্কের বাহুসংলগ্না হয়ে। গ্ল্যামার দুনিয়ার নিয়মিত অতিথি হিসেবে গ্যালারিতে হাজিরা দিয়েছেন ব্রুকলিন ডেকার। অবশ্য বেশিদিন তাঁর চাঁদমুখখানা দেখা যায়নি। স্বামী বেচারা অ্যান্ডি রডিক যে বিদায় নিয়েছেন তৃতীয় রাউন্ডে। এসেছিলেন অভিনেত্রী ডায়ানা রস আর সেক্স অ্যান্ড দ্য সিটি তারকা কিম ক্যাটরল। হ্যারি পটার তারকা রুপার্ট গ্রিনকেও খুঁজে পেয়েছে ক্যামেরার লেন্স। ব্রুকলিন ডেকারের মতোই গভীর উদ্বেগ নিয়ে গ্যালারিতে বসে থাকতে দেখা গেছে বাস্কেটবল তারকা শাশা ভুয়াচিচকে। বহুদিন বাদে যে দুর্দান্ত খেলছিলেন তাঁর বাগদত্তা, ২০০৪-এ মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জিতে তাক লাগিয়ে দেওয়া মারিয়া শারাপোভা। ছিলেন সদ্য ইউএস ওপেন গলফ জিতে আলোচনায় আসা রোরি ম্যাকলেরয়। ফর্মুলা ওয়ান চালক মার্ক ওয়েবার।নিয়মিত উপস্থিতি ছিল ক্রিকেট তারকাদেরও। শচীন টেন্ডুলকার তো ঘণ্টাখানেক আড্ডাই দিয়েছেন রজার ফেদেরারের সঙ্গে। কেভিন পিটারসেন, মাইক আথারটন, অ্যান্ড্রু স্ট্রাউস, গ্রায়েম সোয়ানদেরও দেখা গেছে। রসিক সোয়ান সরস মন্তব্য করেছেন টুইটারে, ‘রয়্যাল বক্সে বসে খেলা দেখলাম। সিটগুলো ভালোই। তবে রয়্যাল বক্সে বসেছি দেখেই ভেবে বসবেন না আমি নাইটহুড পেয়ে গেছি এরই মধ্যে।’ মুদ্রাগুণপ্রতিটি শট নেওয়ার সময় সেই বিখ্যাত চিৎকার ছাড়া মারিয়া শারাপোভা কিংবা ঘাম থাকুক আর নাই থাকুক প্রতি সার্ভের আগে তোয়ালে দিয়ে কপাল মুছে নেওয়া ছাড়া রাফায়েল নাদাল—ভাবাই যায় না। প্রিয় তারকারা দিব্যি আছেন তাঁদের যাবতীয় মুদ্রাদোষ নিয়েই। তবে মুদ্রাদোষ না বলে মুদ্রাগুণ বলাই মনে হয় ভালো। কারণ যুক্তরাজ্যের ডার্বি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মার্ক চিতাম বলছেন, ‘স্বভাবজাত এই অভ্যাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি বাদ দিয়ে দেওয়া হয়, দেখা যাবে এর ক্ষতিকর প্রভাব পড়ছে পারফরম্যান্সে। কারণ চাপের মুহূর্তগুলো সামলে নিতে এই অভ্যাসগুলোই তাদের সাহায্য করে। এদের বেশির ভাগই কিন্তু বুঝতেই পারে না, তারা ঠিক কী আচরণটা করছে। এতটাই ভেতর থেকে আসে এই আচরণ।’ঠিক তাই। নাদালের তোয়ালেপ্রীতি, অ্যান্ডি মারের বিড়বিড় করে নিজেকে গাল দেওয়া, জোকোভিচের দ্রুত কয়েকবার বলটি বাউন্স করে নেওয়া এসবই তাঁদের মুদ্রাগুণ। অ্যান্ডি রডিক যেমন প্রতিটা পয়েন্টের পর তাঁর ঢিলেঢালা টি-শার্টটি কাঁধ বরাবর তুলে বলগার্লের দিকে আঙুল তুলবেন তোয়ালেটা এনে দেওয়ার জন্য। এটা তাঁর অবশ্য পালনীয় কর্তব্যই যেন। সেরেনা উইলিয়ামসকে বিদায় করে দেওয়া মারিয়ন বারতোলি ঠিক গুনে গুনে চারবার বলটাকে বাউন্স করাবেন সার্ভের আগে। আর সার্ভ ঠেকানোর আগে র্যাকেটটা সপাং সপাং করে শূন্যে বার কয়েক চালিয়ে ঠিক অনুশীলন করে নেবেন। ‘এটা আমাকে মুহূর্তটার মধ্যে সুস্থির হয়ে থাকতে সাহায্য করে। প্রতিপক্ষ, স্কোরবোর্ড এসব ভুলিয়ে দেয়।’নাদালের আরেকটি অভ্যাস আছে। দেখবেন, প্রতি পয়েন্টের মাঝখানের বিরতিতে ঠিক তাঁর হাত শর্টসের পেছনে চলে যাবে। এরপর নাদাল কী করেন, সেটা দেখুন। মজা পাবেন নিশ্চিত!ফ্যাশনবৈধব্যের সাদা। উইম্বলডেনের এটাই নিয়ম। বাকি তিনটা গ্র্যান্ড স্লামে আপনি যেকোনো রঙের পোশাক পরে কোর্টে নামতে পারবেন। কিন্তু উইম্বলডনে সাদা পোশাক পরা বাধ্যতামূলক। কিন্তু এর মধ্যে শুধু এই সাদা পোশাক নিয়েও কিন্তু কারিকুরি কম হচ্ছে না। হবে কেন? বিখ্যাত ‘ডিজাইনার’ সেরেনা উইলিয়ামস আছেন, মারিয়া শারাপোভা আছেন। এঁদের সঙ্গে যুক্ত হয়েছেন হাল আমলের তারকা ক্যারোলিন ওজনিয়াকি। আর ‘প্রবীণ’ ভেনাস তো সেই কবে থেকেই কিম্ভুত সব পোশাক পরে চমকে দিয়েই চলেছেন। এবার ভেনাসকেও নাকি টেক্কা মেরে দিয়েছেন বেথানি মাটেক-স্যান্ডস।ফলে এবারের উইম্বলডন শুধু কয়েকজন চ্যাম্পিয়ন, দুর্দান্ত কিছু খেলাই উপহার দেয়নি; দিয়েছে নতুন নতুন ফ্যাশন ডিজাইনও। গত বছর জনপ্রিয় হয়েছিল, এবার আরও একটু ঘষেমেজে শারাপোভা পরে এসেছেন তাঁর ‘মারিয়া এস লন ড্রেস’টি। একটু আঁটোসাঁটো, ঊরুর খানিকটা নিচে নেমে আসা এই পোশাকের প্রান্তভাগে আছে ব্রোঞ্জ রঙের হালকা এমব্রয়ডারির কাজ।সেরেনা পরছেন নাইকির তৈরি স্ম্যাশ লন ড্রেস। সামনে-পেছনে দুদিকের গলাই লম্বা ‘ভি’ আকৃতির। পোশাকটি বেশ ঢিলেঢালা। ফলে যেকোনো ধরনের নড়াচড়ায় কোনো সমস্যা হয় না সেরেনার। এরই মধ্যে ফ্যাশন ডিজাইনার হিসেবে অল্প বিস্তর নাম কামানো সেরেনা বলেছেন, ষাটের দশকের কিছু ধ্রুপদি পোশাকের নকশাই ঘুরছিল তাঁর মাথায়। সেটার কিছুটা ছোঁয়া পাওয়া যাবে তাঁর এই পোশাকে। এক নম্বর তারকা ওজনিয়াকির পোশাক ডিজাইন করে দিয়েছেন এডিডাসের স্টেলা ম্যাককার্টনি। বরাবরের মতো এবারও সব ভ্রূকুটি অগ্রাহ্য করে ভেনাস কিম্ভুত ডিজাইনের পোশাক পরে খেলেছেন। তবে ভেনাসকে ভালোমতোই টেক্কা দিয়েছেন টেনিসের স্বঘোষিত ‘লেডি গাগা’ মাটেক-স্যান্ডস। রাজীব হাসান