উইলিয়াম-কেটকে নিয়ে ছবি বানাবেন ম্যাডোনা
ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনকে নিয়ে ছবি বানানোর পরিকল্পনা করছেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা। আর এ কাজে তিনি সহযোগিতা নেবেন তাঁর সাবেক স্বামী ও চলচ্চিত্র নির্মাতা গাই রিচির। কেটের দূর-সম্পর্কের ভাই হন গাই রিচি। তিনি উইলিয়াম-কেটের রাজকীয় বিয়েতেও হাজির ছিলেন। এসব কারণে ম্যাডোনা মনে করছেন, তাঁর নতুন ছবির বিষয়ে যথেষ্ট সহযোগিতা করতে পারবেন রিচি।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে যুক্তরাজ্যের ডেইলি এক্সপ্রেস এক খবরে জানিয়েছে, ‘ম্যাডোনা এবং রিচির মধ্যে এখনো ভালো সম্পর্ক রয়েছে। তাঁরা প্রায়ই একে অপরের সঙ্গে কথাবার্তা বলেন। ম্যাডোনা পরিচালিত সর্বশেষ ছবি ‘ডব্লিউ ই’-এর কাজেও রিচির সাহায্য পেয়েছিলেন তিনি। ছবি তৈরিতে তাঁকে প্রয়োজনীয় উপদেশ দেন রিচি। মানুষের সঙ্গে যোগাযোগ রাখার ক্ষেত্রেও তিনি রিচির সহযোগিতা পান। বলাই বাহুল্য, ভবিষ্যতেও ম্যাডোনার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন রিচি।’সূত্রটি আরও বলেছে, ‘ইতিমধ্যেই ছবিটি তৈরির উদ্দেশ্যে ব্রিটিশ রাজপরিবারের ওপর গবেষণা শুরু করেছেন ৫৩ বছর বয়সী ম্যাডোনা। আর এটা করতে গিয়ে তিনি রাজপরিবারের সদস্যদের সম্পর্কে অনেক কিছুই জেনেছেন। কেট সম্পর্কে বিস্তারিত জানার পর রীতিমতো তাঁর ভক্তও বনে গেছেন ম্যাডোনা।’