উইলিয়াম-কেটের ব্যস্ত এক বছর (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর দুই দিন পরেই পূর্ণ হবে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের রাজকীয় বিয়ের এক বছর। আগামী রোববার এই রাজ দম্পতি পালন করবেন তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। নিঃসন্দেহেই বলা যায়, বেশ ব্যস্ততার মধ্যেই বিয়ের প্রথম বছরটি পার করেছেন এ দম্পতি।গত বছরের জুনে কেট উপস্থিত হয়েছিলেন তাঁর বিবাহ-পরবর্তী প্রথম সমারোহপূর্ণ অনুষ্ঠানে। তিনি অংশ নিয়েছিলেন শিশুদের জন্য আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠানে। এক বছর পরে ক্যালিফোর্নিয়া গিয়ে হলিউডের তারকা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে এক নৈশভোজে অংশ নেন কেট। এরপর আগস্ট মাসটা শান্তভাবেই কাটার কথা ছিল। কিন্তু সেই সময় ইংল্যান্ডের বিভিন্ন শহরে দাঙ্গার কারণে আরও ব্যস্ত সময় কাটাতে হয়েছে উইলিয়াম-কেটকে। এরপর সেপ্টেম্বরে প্রিন্সেস ডায়ানার পদাঙ্ক অনুসরণ করে তাঁরা সময় কাটিয়েছেন রয়্যাল মার্সডেন ক্যানসার হাসপাতালের তরুণ রোগীদের সঙ্গে। ইংল্যান্ডের দক্ষিণের এই হাসপাতালেই ডায়ানা তাঁর প্রথম দিককার জনসংযোগ করেছিলেন।ডিসেম্বরে আরও একটি দাতব্য প্রতিষ্ঠান সেন্টার পয়েন্টের তরুণদের সঙ্গে সময় কাটান উইলিয়াম-কেট দম্পতি। এ সময় নাচ-গানের মাধ্যমে সেখানকার গৃহহীন তরুণদের মুখে হাসি ফোটান উইলিয়াম। ফেব্রুয়ারি ও মার্চে উইলিয়াম চলে যান তাঁর রাজকীয় বিমানবাহিনীর কাজে। আর রাজ পরিবারের সঙ্গে সময় কাটান কেট।বিগত এই একটি বছর বিশ্বজুড়েই ব্যাপকভাবে সমাদৃত হয়েছেন এই ব্রিটিশ রাজ দম্পতি। ব্রিটেনের এক পর্যটক বলেছেন, ‘তাঁরা একটা চমত্কার ব্রিটিশ দম্পতির সুন্দর উদাহরণ। আমার মনে হয় তাঁরা খুবই মার্জিত।’ ফরাসি একজন পর্যটক এই রাজ দম্পতিকে আগাম শুভকামনা জানিয়েছেন তাঁদের অনাগত শিশুদের উদ্দেশ্যে।এ সপ্তাহে উইলিয়াম ও কেটের কিছু দাতব্য অনুষ্ঠানে হাজির হওয়ার কথা থাকলেও প্রথম বিবাহবার্ষিকীর অনুষ্ঠানটা তাঁরা একান্তেই পালন করবেন।—রয়টার্স