উইলিয়ামসদের শেকড়ে ফেরা
হরেক রকম নাচ আছে এই দুনিয়ায়। তবে এবার একেবারে ভিন্ন ধাঁচের নাচের দেখা মিলল। যে নাচের নাম আপনি দিতে পারেন—ভেনাচ! এই বিচিত্র নাচের আবিষ্কারক যে ভেনাস উইলিয়ামস!গত মাসের একেবারে শেষ প্রান্তে শুরু করে এ মাসের প্রথম সপ্তাহটি উইলিয়ামস বোনেরা কাটিয়েছেন আফ্রিকায়। ধমনিতে তাঁদের আফ্রিকান রক্ত প্রবাহিত। উইলিয়ামস বোনদের জন্য এই সফর ছিল অনেকটা শেকড়ে ফেরা। প্রথমে তাঁরা গিয়েছিলেন নাইজেরিয়ায়। এরপর সেখান থেকে দক্ষিণ আফ্রিকার সোয়েটোতে। সেখানেই দেখা মিলল ভেনাসের আবিষ্কৃত এই নাচ। একঝাঁক শিশু-কিশোরের সঙ্গে মিশে গিয়ে উইলিয়ামস বোনেরা খেললেন, নাচলেন, হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়লেন। ফিরে গেলেন শৈশবে।আয়োজকেরা এই সফরের নাম দিয়েছিলেন ‘ব্রেকিং দ্য মোল্ড’। বাংলায় বলা যায়, বৃত্ত ভেঙে বেরিয়ে আসা। সফরের প্রধানতম উদ্দেশ্য ছিল আফ্রিকানদের মধ্যে, বিশেষ করে, মেয়েশিশুদের মধ্যে টেনিস খেলাটি ছড়িয়ে দেওয়া। আফ্রিকায় টেনিসের খুব যে কদর, তা বলার উপায় নেই। এমনিতে দক্ষিণ আফ্রিকানদের খেলাপাগল বলে সুখ্যাতি থাকলেও এ বছর স্পনসরের অভাবে বাতিল হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা ওপেন ও সোয়েটো ওপেন—দুটো টুর্নামেন্টই।উইলিয়ামস বোনেরা তাই এসেছিলেন মুক্তির দূত হয়ে। সফর ছিল খুব সংক্ষিপ্ত। তবে এই সফরে অনেকের মনে টেনিসের প্রতি ভালোবাসার যে সুপ্ত বীজ বুনে দিলেন, সেটা একসময় ফুলে-ফলে পল্লবিত বড় বৃক্ষ যে হয়ে উঠবে না, কে জানে!টিম সেরেনার হয়ে টিম ভেনাসের বিপক্ষে খেলে জেতার পর ১২ বছর বয়সী এমমাবাথো ম্যাকগালে যেমন সেরেনাকে দেখিয়ে বলল, ‘এখানে সবাই আমাকে লিটল সেরেনা বলেই ডাকে। কারণ, আমার মধ্যে সেই গুণ আছে, যেটা আমাকে একদিন ওর মতো বানাবে।’ ছয় বছর বয়সে প্রথম সেরেনার খেলা দেখেছিল ম্যাকগালে। ‘আমি তখনই বুঝে গিয়েছিলাম, আমি টেনিস খেলোয়াড়ই হব’—বলেছে সে।এককে ১৫টি, দ্বৈতে ১৩ আর মিশ্র দ্বৈতে ২—সব মিলিয়ে ৩০টি গ্র্যান্ড স্লাম জেতা সেরেনার কাছ থেকে হাতে-কলমে টেনিস প্রশিক্ষণ পাওয়া তো অনেক সৌভাগ্যের ব্যাপার। এমমাবাথো মুকুতু নামের আরেক ১২ বছর বয়সী বলেছে, ‘আমি একই সঙ্গে আনন্দিত। আবার কেমন জানি ভয় ভয়ও লাগছে। অনেক কিছুই শিখলাম—ভলি, ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড, স্ম্যাশ।’উইলিয়ামস বোনেরা এই শিশু-কিশোরদের প্রতিভায় মুগ্ধ। সবচেয়ে বেশি মুগ্ধ টেনিস খেলাটার প্রতি এদের ভালোবাসা দেখে। ‘এই মেয়েদের আমরা সেটা দেখিয়ে দেওয়ার সুযোগ পেয়েছি, তোমরা বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে পারো...এদের মধ্য থেকে বেরিয়ে আসতে পারে চ্যাম্পিয়ন সব খেলোয়াড়’—বলেছেন সেরেনা। বড় বোন ভেনাসেরও একমত, ‘এই অঞ্চলে অনেক অনেক টেনিস প্রতিভাই আছে।’উইলিয়ামস বোনদের এই সৌজন্যে মুগ্ধ বনগানি জন্ডি। দক্ষিণ আফ্রিকা টেনিস সংস্থার প্রধান বলেছেন, ‘এটা আমাদের বাচ্চাদের, বিশেষ করে মেয়েদের ভীষণ, ভীষণ অনুপ্রাণিত করবে।’পৃথিবীর নানা প্রান্ত থেকে টেনিস জিতে ঘরে ফিরেছেন উইলিয়ামস বোনেরা। এবারও ফিরলেন বিজয়ীর বেশে। তবে সঙ্গে কোনো ট্রফি ছিল না, ছিল আফ্রিকান ছেলেমেয়েদের দেওয়া ভালোবাসা। মিলিয়ন ডলারের প্রাইজমানির যেকোনো টেনিস টুর্নামেন্টের চেয়ে যার দাম অনেক বেশি!