ভূস্বর্গ কাশ্মীর। ক্রিকেটার তৈরির জন্য বিখ্যাত না হলেও বিখ্যাত উইলো কাঠের জন্য, যা দিয়ে তৈরি হয় ক্রিকেট ব্যাট। সেই ১৯২০ সাল থেকে শুরু এবং ক্রিকেট বিশ্বের অধিকাংশ ব্যাটই আসে সেখান থেকে। শ্রীনগর থেকে পেহেলগামের রাস্তায় সারিবদ্ধভাবে দেখা যায় ব্যাট তৈরির কারখানা।গত মাসের মাঝামাঝি শ্রীনগরে গিয়ে নতুনভাবে চিনলাম কাশ্মীরের ক্রিকেটকে। যেখানে গিয়ে পরিচয় দিয়েছি, বাংলাদেশ থেকে আসছি, সেখানেই শুনতে পেয়েছি, ‘বাংলাদেশ! আমরা তো তোমাদের ক্রিকেটের ভক্ত!’একটা ছোট ঘটনা। আমার এক আন্টি আপেল বাগানে ছবি তুলতে গিয়ে একটা আপেল ছিঁড়ে ফেলেন। ওই বাগানের আপেল ছিঁড়লে জরিমানা ২৫০ রুপি। বাগানের মালিক এলে আমরা বললাম, আমরা বাংলাদেশের মানুষ। ঘটনাটি অনিচ্ছাকৃত। সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন, ‘তোমরা বাংলাদেশ থেকে আসছ। আমি তোমাদের তামিম ইকবালের ভক্ত। জরিমানা লাগবে না।’ কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। টেন্ডুলকার, শেবাগের মতো ক্রিকেটারের দেশের মানুষ হয়েও তিনি তামিমের ভক্ত! আমাকে চমকে দিয়ে তিনি বলে গেলেন, ‘বিশ্বাস হচ্ছে না? এই দেখো আমার ফোন। তোমরা ফাইনালে হারার পর দুই দিন খেতে পারিনি।’ তাঁর মুঠোফোনে তামিমের ভিডিও ক্লিপ। গত এশিয়া কাপের ফাইনালে হারার পর সাকিব, মুশফিকের কান্নার ভিডিও ক্লিপ। নিজেরাই লজ্জা পেলাম। আমাদের কারোর ফোনেই সেই ভিডিও ক্লিপ নেই। তবে গর্বে ভরে উঠল বুক। এশিয়া কাপের ফাইনালে হারার দুঃখ শুনলাম অনেকের কাছে। স্কি গাইড, শাল বিক্রেতা, হোটেল ম্যানেজার—সবাই দুঃখ পেয়েছেন ফাইনালে বাংলাদেশ জিততে না পারায়। কেউ কেউ কাশ্মীরের ক্রিকেট লিগে বাংলাদেশের একটা দলকেও দেখতে চান। তাঁদের আশা, বাংলাদেশ আরও ভালো করবে। ভারত ও পাকিস্তানকে নিয়মিত হারাবে।এক এশিয়া কাপের সাফল্যেই এক হাজার ৩০০ কিলোমিটার দূরের মানুষ হয়ে গেছে তামিম-সাকিবদের ভক্ত; আর বিশ্বকাপে হলে? টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট দলকে শুভকামনা। তোমাদের সাফল্যে বিশ্ব চিনুক বাংলাদেশকে; আর আমাদের করো আরও গর্বিত।সুবাইল বিন আলম, ৬৫১/৩ কাফরুল, ঢাকাপ্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলো সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।