উখিয়ায় তিনটি বুদ্ধমূর্তি উদ্ধার, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকা থেকে র‌্যাব গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে আরও তিনটি পিতলের বুদ্ধমূর্তি উদ্ধার করেছে। এ সময় বুদ্ধমূর্তি পাচারের অভিযোগে দুজনকে আটক করা হয়। র‌্যাবের দাবি, আটক ব্যক্তিরা রোহিঙ্গা শরণার্থী।আটক ব্যক্তিরা হলেন, জাফর আলম (৩৯) ও ইমাম হোসেন (৩০)। র‌্যাব-৭ কক্সবাজার অঞ্চলের উপপরিচালক মেজর সারওয়ার-ই-আলমের ভাষ্যমতে, জাফর ও ইমাম কুতুপালং রোহিঙ্গা শিবিরের তালিকাভুক্ত শরণার্থী। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, গত ২৯ সেপ্টেম্বর রামুর বৌদ্ধমন্দির থেকে বুদ্ধমূর্তিগুলো লুট করা হয়েছিল। মূর্তিগুলোর উচ্চতা যথাক্রমে ১২, ০৯ ও ৫.৮ সেন্টিমিটার। আর ওজন ৪৭৫, ২৩৪ এবং ১০৩ গ্রাম।র‌্যাব সূত্র জানায়, কুতুপালং রোহিঙ্গা শিবিরের শরণার্থী জাফর আলম মূর্তি বেচা-কেনা ও পাচারের সঙ্গে জড়িত। রামু ও উখিয়ার বৌদ্ধমন্দির থেকে লুট হওয়া কিছু মূর্তি জাফরের কাছে রয়েছে—এ তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা গোয়েন্দা নজরদারি শুরু করেন। গতকাল বুধবার রাতে জাফর আলম বিক্রির জন্য মূর্তি তিনটি কুতুপালং বাজারে তাঁর নিজস্ব ওষুধের দোকান ‘জাফর হারবাল সেন্টারে’ লুকিয়ে রাখেন। এরপর র‌্যাবের সদস্যরা দোকানে অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করেন এবং জাফর আলম ও কর্মচারী ইমাম হোসেনকে গ্রেপ্তার করেন।