উখিয়ায় ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে পুলিশসহ আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ার বাকুনা পাহাড় থেকে পুলিশ গতকাল শুক্রবার রাতে তিন ডাকাতকে আটক করেছে। এ সময় ডাকাত ও পুলিশের বন্দুকযুদ্ধে ছয় পুলিশ এবং দুই ডাকাত আহত হয়েছেন।আটক ডাকাতেরা হলেন নূর আলম, কাসিম আলী ও রিয়াজদ্দিন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি দেশি বন্দুক, একটি রিভলবার, দুটি গুলি, দুটি তাজা কার্তুজ, দুটি বড় কিরিচ ও একটি ছোরা উদ্ধার করেছে।পুলিশ জানায়, বাকুনা পাহাড়ে একটি সশস্ত্র ডাকাতের দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন খবরের ভিত্তিতে পুলিশ রাত ১২টার দিকে ওই পাহাড়টি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় এএসপি সার্কেল (উখিয়া) রুহুল কবির (৩২), উখিয়া থানার ওসি রফিকুল ইসলাম (৩৫), এসআই কিবরিয়া (৩০), কনস্টেবল বোরহানউদ্দিন (২৮), রমিজউদ্দিন (৩০) ও দেবরাজ (৩৮) নামে ছয় পুলিশ সদস্য এবং দুই ডাকাত নূর আলাম ও রিয়াজউদ্দিন আহত হন। আহতদের কক্সবাজার সদর হাসপাতাল ও উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।