উখিয়ায় পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে তিন পুলিশসহ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা কচুরিরডালা এলাকায় আজ সোমবার ভোরে পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্য ও দুই ডাকাত আহত হয়েছে। এ সময় পুলিশ তিনজন ডাকাতকে আটক করে।আহত পুলিশ সদস্যরা হলেন উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া (৪০), সিপাহী ইদরিস (৩৮) ও যিশু বড়ুয়া (৫০)।আটক ডাকাতেরা হলেন শাহ আলম (২৫), ভুট্টো (২২) ও জিয়াবুল হাসান (২৪)।পুলিশ ডাকাতদের কাছ থেকে দুটি বন্দুক, প্রায় ১১ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোনসেট, ডাকাতির কাজে ব্যবহূত একটি চোরাই মাইক্রোবাস, একটি ছুরি, মোবাইলের ১০টি সিমকার্ড, তিনটি মেমোরিকার্ডসহ ইউএস, ইরাকি ও মালয়েশীয় মুদ্রা উদ্ধার করা হয়।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, পুলিশ গতকাল রোববার রাত ১০টার দিকে একটি ডাকাতদলের সর্দার রশিদ আহমদকে (৩০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী তাঁর দলের অন্য সদস্যদের ধরতে আজ ভোরে দুর্গম পাহাড়ি এলাকা উখিয়ার কচুরিরডালায় অভিযান চালায় পুলিশ। সে সময় পুলিশের উপস্থিতে টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে পুলিশের ওই তিন সদস্যসহ ডাকাত সর্দার রশিদ ও জিয়াবুলের গায়ে গুলি লাগে।