উখিয়ায় রোহিঙ্গা-গ্রামবাসী সংঘর্ষে আহত ২০
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী-শিবিরের পাশে মধুরছড়া গ্রামের লোকজনের সঙ্গে রোহিঙ্গাদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।জানা গেছে, আজ সকালে শরণার্থী-শিবিরের ১০-১৫ জন রোহিঙ্গা কুতুপালং এলাকার মধুরছড়া গ্রামে গরু-ছাগল চুরি করার জন্য গোপন বৈঠক করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসী পুলিশকে খবর দেয়। উখিয়া পুলিশ ঘটনাস্থল থেকে চার রোহিঙ্গাকে আটক করে। ক্ষুব্ধ রোহিঙ্গারা ওই গ্রামবাসীদের ওপর হামলা চালায়। এ সময় সংঘর্ষে ২০ জন আহত হন। আহত লোকজনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। পরে স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসে।সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) ছত্রধর ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এ বিষয়ে এখন কুতুপালং ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে বৈঠক চলছে।