উখিয়ায় ১৪৪ ধারা জারি
কক্সবাজারের উখিয়া উপজেলায় বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। চারজনের বেশি লোকের একসঙ্গে চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনাসদস্য মোতায়েন রয়েছেন। জোরদার করা হয়েছে র্যাব, পুলিশ ও বিজিবির টহল।বৌদ্ধমন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ ৩১ জনকে আটক করে আজ সোমবার সকালে আদালতের হাজতে পাঠিয়েছে। গতকাল রোববার মধ্যরাতে দফায় দফায় হামলা চালিয়ে উখিয়া উপজেলার দুটি বৌদ্ধমন্দির পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা। এ সময় আরও চারটি বৌদ্ধমন্দির ও তত্সংলগ্ন বৌদ্ধসম্প্রদায়ের পাঁচটি বসতবাড়িতে ভাঙচুর করে ব্যাপক লুটপাট চালায় তারা। এর পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে উপজেলা প্রশাসন তাত্ক্ষণিক ১৪৪ ধারা জারি করে এলাকায় একসঙ্গে চারজনের বেশি লোকের চলাফেরা নিষিদ্ধ করে। পুলিশ ও স্থানীয় গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত উখিয়ার বিভিন্ন স্থানে উচ্ছৃঙ্খল জনতা বিক্ষোভ মিছিল করে বিভিন্ন বৌদ্ধমন্দির ও বসতবাড়িতে হামলা চালায়। এ সময় পুলিশ, বিজিবি ও র্যাবের সদস্যদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। দুষ্কৃতকারীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়লে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা ও তিন পুলিশ আহত হন। পুলিশের রাবার বুলেটে আহত হয় আট দুষ্কৃতকারী। উখিয়ার কোটবাজার স্টেশনে পুলিশ শতাধিক রাবার বুলেট ও ২০টি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করে দেয়। গতকাল রাত সাড়ে নয়টার দিকে হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা দীপাংকুর বৌদ্ধবিহার ও রাত দুইটার দিকে রাজাপালং ইউনিয়নের খয়রাতিপাড়া প্রজ্ঞামিত্র বৌদ্ধবিহারে আগুন দেয় দুষ্কৃতকারীরা। এতে ওই দুটি বৌদ্ধমন্দির ও মন্দিরের ভেতরে থাকা বুদ্ধের মূর্তি পুড়ে যায়। মরিচ্যা দীপাংকুর বৌদ্ধবিহার পরিচালনা কমিটির সভাপতি বাবুলাল বড়ুয়া জানান, মূল্যবান ধাতু দিয়ে তৈরি ছোট-বড় ২০টি মূর্তি দুষ্কৃতকারীদের আগুনে পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। এ সময় দুষ্কৃতকারীরা বৌদ্ধমন্দিরসংলগ্ন সুজন বড়ুয়া, সোনাধন বড়ুয়া, দুবাই-প্রবাসী তরুণ বড়ুয়ার বাড়িসহ পাঁচটি বসতবাড়িতে লুটপাট ও ভাঙচুর চালায়। তরুণ বড়ুয়ার স্ত্রী জানান, ঘটনার সময় তাঁর ছেলে ও মেয়ে পার্শ্ববর্তী ধানখেতে লুকিয়ে ছিল। এ সময় দুষ্কৃতকারীরা বাড়ির আলমারির তালা ভেঙে স্বর্ণালংকার ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আজ সকাল সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর চকরিয়ার ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল বাহাউদ্দিন আগুনে পুড়ে যাওয়া দীপংকুর বৌদ্ধবিহার পরিদর্শন করেন।