উগান্ডায় দুটি বোমা বিস্ফোরণ, ৭৪ জন নিহত
উগান্ডার রাজধানী কামপালায় একটি রাগবি ক্লাব ও একটি হোটেলে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার সময় পৃথক দুটি বোমা বিস্ফোরণে একজন মার্কিন নাগরিকসহ অন্তত ৭৪ জন নিহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে বিবিসি আজ সোমবার এ তথ্য জানায়।পুলিশের মহাপরিদর্শক কালে কেইহুরা বলেন, বিশ্বকাপের দর্শকদের লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়।এর আগে সোমালিয়ার বিদ্রোহীরা মোগাদিসুতে উগান্ডার সেনা মোতায়েনের প্রতিবাদে উগান্ডায় হামলার হুমকি দিয়েছিল। উগান্ডা ও বুরুন্ডির অন্তত পাঁচ হাজার সেনা সোমালিয়ার বর্তমান নাজুক অন্তর্বর্তী সরকারের সহায়তায় এখন মোগাদিসুতে রয়েছে।উগান্ডায় পুলিশের মহাপরিদর্শক বলেন, সোমালিয়ার বিদ্রোহী গ্রুপ আল-শাবাব এ হামলায় জড়িত থাকতে পারে বলে তিনি মনে করেন। আর তা সত্য হলে সোমালিয়ার বাইরে আল-শাবাব গ্রুপের হামলার ঘটনা এটাই প্রথম।মোগাদিসুতে আল-শাবাব গ্রুপের কমান্ডার শেখ ইউসুফ ইসা বলেন, ‘উগান্ডায় হামলার ঘটনায় তিনি সন্তুষ্ট। উগান্ডা আমাদের অন্যতম শত্রু। তারা কাঁদলে আমাদের আনন্দ লাগে।’মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনাকে মর্মান্তিক ও কাপুরুষোচিত হিসেবে উল্লেখ করেছেন।মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার মুখপাত্র মাইক হ্যামার এক বিবৃতিতে বলেন, ওই কাপুরুষোচিত হামলায় প্রাণহানির ঘটনায় প্রেসিডেন্ট ওবামা খুবই দুঃখিত। তিনি উগান্ডার জনগণের প্রতি শোকপ্রস্তাব পাঠিয়েছেন এবং হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।কামপালায় অবস্থিত মার্কিন দূতাবাস এই বোমা বিস্ফোরণে একজন মার্কিন নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।