সকালে রাজধানীর মতিঝিলে এক সমাবেশে ‘গৃহযুদ্ধের হুমকি’ দিয়ে বিকেলে হরতাল ডাকল জামায়াতে ইসলামী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল এবং রায় না দেওয়ার দাবিতে আজ মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে করা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় দেওয়ার দিন ধার্য হয়েছে আজ। হরতাল ডাকার ঘণ্টা দেড়েক পরেই শহরের বিভিন্ন স্থানে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি ও যানবাহন ভাঙচুর শুরু করেন দলটির কর্মীরা। রাতে রাজধানীর উত্তরায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে। তাতে পুড়ে এক যাত্রী মারা গেছেন। ১৯৭১ সালে জামায়াত বিভিন্ন বাহিনী গঠন করে বাংলাদেশের স্বাধীনতার সশস্ত্র বিরোধিতা করেছিল। দলটির বেশ কিছু নেতা তখন হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে অভিযোগ ওঠে। স্বাধীনতার ৪০ বছর পর শুধু মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে এঁদের কয়েকজনের বিচার শুরু করেছে বর্তমান সরকার। ইতিমধ্যে দলটির সাবেক নেতা আবুল কালাম আযাদকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কাদের মোল্লার পর রায়ের অপেক্ষায় থাকছে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলা। এ দলের আরও পাঁচজনের বিচার চলছে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনের অভিযোগে। এখন এই বিচার বন্ধ ও ট্রাইব্যুনাল বাতিলের দাবি করছে জামায়াত ও এর ছাত্রসংগঠন ছাত্রশিবির। ইতিমধ্যে তারা সারা দেশে পুলিশের ওপর বেপরোয়া হামলা চালিয়ে আসছে। রাস্তায় নেমে সাধারণ মানুষের যানবাহন ভাঙচুর করছে নির্বিচারে। গতকালও কর্মীদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন নেতারা।আজ মঙ্গলবার জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার মামলার রায় ঘোষণা করা হবে—ট্রাইব্যুনালের এই নির্দেশের পর গতকাল এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, ‘এসএসসি পরীক্ষা চলমান থাকা অবস্থায়ও সরকারের নীলনকশার ষড়যন্ত্র ও বিচারের নামে অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আজ মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করছি।’বিবৃতিতে বলা হয়, রায়ে যদি শাস্তির কোনো প্রতিফলন ঘটে, তাহলে ৬ ফেব্রুয়ারি বুধবার থেকে লাগাতার হরতাল করা হবে।জামায়াতের সাম্প্রতিক সব হরতালে সমর্থন দিয়েছিল বিএনপি। তবে গতকাল বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম বলেন, জামায়াতের ট্রাইব্যুনাল বাতিলের দাবির সঙ্গে বিএনপি একমত নয়। তবে বিএনপি চায়, মানবতাবিরোধী অপরাধের বিচার স্বচ্ছ হোক। বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আবদুল আলীমেরও বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না: গতকাল সকালে মতিঝিলের শাপলা চত্বরে পূর্বঘোষিত সমাবেশে জামায়াতের নেতারা ‘দেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে সবকিছু হিসাব করে ট্রাইব্যুনালের রায়ের বিষয়ে পদক্ষেপ নিতে’ সরকারকে হুঁশিয়ার করে দেন। সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন হুমকির সুরে বলেন, ‘সব দিক হিসাব করে আওয়ামী লীগকে বলব, এক বিচার করলেই দিন শেষ হয়ে যাবে না। আপনাদেরও এ দেশে থাকতে হবে, আমরাও থাকব। সুতরাং বিভেদ সৃষ্টি করে জাতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না।’এই জামায়াত নেতা সরকারকে হুমকি দিয়ে বলেন, ‘একটা রায়ই শেষ নয়। রায়ের পরে রায়, এরপর বহু প্রতিক্রিয়া আছে। বিষয়টি হালকাভাবে দেখলে চলবে না। দেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচাতে হলে বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়ার সুযোগ নেই।’সেলিম উদ্দিন দাবি করেন, ‘কসাই কাদের আর আবদুল কাদের মোল্লা এক জিনিস নয়। কসাই কাদেরের অপকর্ম যদি কাদের মোল্লার ওপর চাপানো হয়, তাহলে আকাশ থেকে আল্লাহর গজব নামবে, আর জমিনে আমরা বসে থাকব না।’দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, ‘সরকারের মাথা যদি ঠিক থাকে, যদি পাবনা পাঠাতে না হয়, তাহলে মাওলানা সাঈদীর ব্যাপারেও সবকিছু হিসাব করবেন। নইলে মানুষ আপনাদের ছেড়ে দেবে না।’প্রধান অতিথির বক্তব্যে দলের সাংসদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ দাবি করেন, তাঁদের নেতারা নিরপরাধ। স্কাইপে সংলাপের গোপন তথ্য প্রকাশ হওয়ার পর এ ট্রাইব্যুনাল আর একমুহূর্তও চলতে পারে না। দলীয় কার্যালয়ে দুই বছর ধরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের অফিস খুলে দিতে হবে। নইলে নেতা-কর্মীদের নিয়ে অফিস খুলতে যাব।’সকাল নয়টা থেকে প্রায় পৌনে দুই ঘণ্টা ধরে রাস্তা আটকে রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে জামায়াত। এতে জামায়াতের নেতা মশিউল আলম, মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, লুৎফর রহমান ও শিবিরের কেন্দ্রীয় নেতা ইয়াসির আরাফাত বক্তব্য দেন। সমাবেশে শেষে শাপলা চত্বর থেকে মিছিল নিয়ে দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল, নয়াপল্টন হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, ট্রাইব্যুনাল ঘেরাও হবে’, ‘সবাই জাগে বারবার, শিবির জাগে একবার’, ‘জামায়াত-পুলিশ ভাই ভাই, শেখ হাসিনার রক্ষা নাই’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’—এ জাতীয় উসকানিমূলক স্লোগান দেন জামায়াত-শিবিরের কর্মীরা।হারতাল ডেকেই হামলা, ভাঙচুর: বিকেল চারটায় হরতালের ঘোষণা দিয়েই সাড়ে পাঁচটার দিকে বাড্ডা এলাকা, পৌনে ছয়টার দিকে যাত্রাবাড়ী, সন্ধ্যা ছয়টায় কারওয়ান বাজার এলাকায় স্বরূপে আবির্ভূত হয় জামায়াত-শিবির। হরতাল ডাকার দুই ঘণ্টার মধ্যেই রাজধানীর বিভিন্ন প্রান্তে এ রকম ঘটনা ঘটাতে থাকেন দলটির নেতা-কর্মীরা। দুরু দুরু বুকে অফিস থেকে বাসায় ফেরেন নগরবাসী। সন্ধ্যা ছয়টায় সার্ক ফোয়ারার দিক থেকে ককটেল ফাটাতে ফাটাতে মিডিয়াপল্লি খ্যাত কারওয়ান বাজারের দিকে আসতে থাকেন কিছু যুবক। দায়িত্বরত পুলিশ সদস্যরা ছুটে এসে ফাঁকা গুলি ছোড়া শুরু করলে গলির ভেতর ঢুকে পড়ে যুবকের দল। যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, যাত্রাবাড়ীতে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে স্থানীয়রা জামায়াত-শিবিরের তিনজন কর্মীকে পুলিশে সোপর্দ করেছে। এদের মধ্যে শিবিরের মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মুইনুদ্দীন মৃধা গণপিটুনির শিকার হয়েছেন। তবে শিবিরের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, যুবলীগের কর্মীরা মুইনুদ্দীনকে পিটিয়ে গুরুতর আহত করেছেন। রাতে প্রেসক্লাব এলাকায় পুলিশের সামনেই কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। বাড্ডা ও পুরান ঢাকার তাঁতীবাজারে বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়েছে। উত্তরায় পুড়িয়ে হত্যা: প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে তুরাগ পরিবহনের একটি বাস জ্বলন্ত অবস্থায় এসে উত্তরা মডেল থানার অদূরে থামে। কয়েকজন যাত্রী জীবন বাঁচাতে লাফিয়ে পড়েন। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ বলেন, টঙ্গী থেকে সায়েদাবাদগামী বাসটির ভেতরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। বাসটি উত্তরার হাউস বিল্ডিং ফুটওভারব্রিজ পার হওয়ার পর তাতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। একজন যাত্রী নামতে পারেননি। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর তাঁর লাশ উদ্ধার করা হয়।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, রাত ১০টা ১০ মিনিটে খবর পেয়ে টঙ্গী থেকে দুটি গাড়ি গিয়ে আগুন নিভিয়েছে। একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী আয়েশা বেগম বাসের সামনের আসনে বসে ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, আবদুল্লাহপুর সেতু পার হওয়ার পরে হঠাৎই বাসটির পেছনে আগুন জ্বলে ওঠে। অনেকের মতো তিনিও চলন্ত বাস থেকে লাফ দেন।এদিকে রাতে উত্তরা থানায় এসে রাশেদ মাহমুদ নামে একজন বলেন, নিহত ব্যক্তি তাঁর ভাই হতে পারে। তাঁর বাবা সাইফুল ইসলাম ও ভাই এবি ব্যাংকের কর্মকর্তা রাসেল মাহমুদ উত্তরা থেকে দক্ষিণ খান যাওয়ার উদ্দেশ্যে ওই বাসটিতে উঠেছিলেন। বাসে আগুন লাগার পর তাঁর বাবা সাইফুল ইসলাম লাফ দিয়ে নেমে যেতে সক্ষম হন। ঢাকার বাইরে চলে একই কায়দায় হামলা-ভাঙচুর। গাজীপুরে টঙ্গীর কলেজগেট এলাকায় জামায়াতের কর্মীরা অতর্কিতে হামলা চালিয়ে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। রাজবাড়ীতে থানার ওসি ও এসআইকে পিটিয়েছেন শিবিরের কর্মীরা। আবার পটুয়াখালীর বাউফলে শিবিরের স্লোগান ছিল, ‘শিবির-পুলিশ ভাই ভাই, ছাত্রলীগের রক্ষা নাই’।ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, রাজনৈতিক বক্তব্যের বিষয়ে পুলিশের কোনো বক্তব্য নেই। কিন্তু কেউ কোনো ফৌজদারি অপরাধ করলে বা করার চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ কর্মকর্তারা জানান, পুরোনো হাইকোর্ট ভবনে অবস্থিত ট্রাইব্যুনাল ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ। মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে আন্দোলনকারী সেক্টর কমান্ডারস ফোরমের সহসভাপতি মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘দেশের ভেতরে যে স্বাধীনতাবিরোধী শক্তি আছে, এটা তার প্রমাণ। আমরা এত দিন চুপ ছিলাম বিধায় তারা স্বাধীনতার ৪০ বছর পরে এ রকম হুমকি দেওয়ার সাহস পেল। এখনই দেশের মানুষকে সঙ্গে নিয়ে এ অপশক্তিকে প্রতিহত করতে হবে।’