উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে চীনকে সতর্ক করল জাপান
‘উগ্র জাতীয়তাবাদ’ উসকে দেওয়া থেকে বিরত থাকতে চীনকে সতর্ক করে দিয়েছে জাপান।দুই সপ্তাহ আগে জাপান পূর্ব চীন সাগরের একটি বিরোধপূর্ণ দ্বীপের কাছ থেকে চীনের একটি মাছ ধরার ট্রলারসহ এর প্রধান নাবিককে আটক করে। এর পর থেকেই দেশ দুটির মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে।জাপান চীনকে সতর্ক করে দিয়ে বলেছে, উভয় দেশকে ‘উগ্র জাতীয়তাবাদ’ উসকে দেওয়া থেকে বিরত থাকতে হবে।নাবিকের আটকাদেশ বাড়ানোর ব্যাপারে পাল্টাব্যবস্থা নেওয়ার যে ঘোষণা চীন দিয়েছে, তা প্রতিহত করতে সব ধরনের পন্থা অবলম্বন করারও ঘোষণা দিয়েছে জাপান।জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োসহিতো সেনজোকু এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, উগ্র জাতীয়তাবাদ কোনো সমস্যার সমাধান করতে পারে না।গত রোববার জাপানের একটি আদালত আটক ওই চীনা নাবিকের আটকাদেশ আরও ১০ দিন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে চীন জাপানের সঙ্গে উচ্চপর্যায়ের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়।এ ছাড়া সাংহাই এক্সপোতে অংশ নেওয়া প্রায় এক হাজার জাপানি তরুণকে চীন সরকার তাদের দেশে স্বাগত না জানানোর ঘোষণাও দিয়েছে।জাপানের মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, চীনা নাবিকের আটকাদেশ একটি আইনগত বিষয়। চীনা সরকারের উচিত, জাপানের বিচার ও রাজনৈতিক ব্যবস্থা অনুধাবনের চেষ্টা করা।—বিবিসি