উচ্চ আদালতে বিচারক নিয়োগে আইনের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে আইন প্রণয়নের প্রস্তাব করেছেন জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নু। এ জন্য আজ মঙ্গলবার তিনি ‘সুপিরিয়র জুডিশিয়াল কমিশন বিল-২০১২’ নামের একটি বেসরকারি বিল সংসদ সচিবালয়ের আইন শাখায় জমা দিয়েছেন। সংসদ সচিবালয় সূত্র জানায়, স্পিকার যেকোনো বেসরকারি সদস্য দিবসে বিলটি সংসদে উত্থাপনের অনুমতি দিতে পারেন। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারকের পদ সংখ্যা নির্ধারণ ও প্রেসিডেন্টের কাছে বিচারক নিয়োগের সুপারিশ করতে এ কমিশন গঠন করা উচিত। সাত সদস্যের কমিশনের চেয়ারম্যান হবেন প্রধান বিচারপতি। বিলে বিচারপতিদের রাজনৈতিক পরিচয় মুক্ত থাকার শর্ত যুক্ত করা হয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্য থেকে হাইকোর্ট বিভাগের বিচারক বা অতিরিক্ত বিচারক নিয়োগের জন্য দুটি শর্ত উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, সর্বশেষ ১০ বছরের পরিচালিত মামলার মধ্যে হতে প্রতিবছর অন্তত দুটি মামলার রেকর্ড পর্যালোচনা ও পেশাগত আচরণ-সম্পর্কিত বার কাউন্সিলের প্রতিবেদন পর্যালোচনা করতে হবে।নিয়োগের শর্তে আরও বলা হয়েছে, প্রার্থীকে শিক্ষাজীবনের সর্বস্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমস্তরের গ্রেডিং নম্বর পেতে হবে। এ ছাড়া আইন বিষয়ে অন্যূন স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শপথ নেওয়ার দিন বিচারকের বয়স অন্যূন ৫০ বছর হতে হবে। সাত সদস্যের কমিশন প্রসঙ্গে বলা হয়েছে, এর চেয়ারম্যান হবেন প্রধান বিচারপতি। ছয় সদস্যর মধ্যে থাকবেন আপিল বিভাগের প্রবীণ বিচারক; হাইকোর্ট বিভাগের প্রবীণ বিচারক; স্পিকার মনোনীত একজন সাংসদ; পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান; অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি। কমিশনের সাচিবিক দায়িত্ব সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়ের ওপর ন্যস্ত থাকবে। এ বিষয়ে চুন্নু সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগের জন্য যোগ্যতা নির্ধারণ করে আইন প্রণয়নের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সংবিধান প্রণয়নের পর ৪০ বছর পেরিয়ে গেলেও এ নিয়ে কোনো আইন হয়নি। বিচারক নিয়োগের ক্ষেত্রে সততা ও যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক বিবেচনা অগ্রাধিকার পাওয়ার অভিযোগ উঠেছে। ফলে একদিকে নিয়োগ পাওয়া বিচারকদের যোগ্যতা, সততা, নিরপেক্ষতা, কর্মদক্ষতা ও বিচারের মান নিয়ে প্রশ্ন উঠছে। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশের অগ্রযাত্রা বারবার ব্যাহত হচ্ছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে নিয়ে সংসদে ও সংসদের বাইরে সমালোচনা হওয়ার পরই বিলটি জমা দেওয়া হলো। ওই বিচারপতিকে নিয়ে সংসদে যে কয়জন সদস্য আলোচনায় অংশ নেন, তাঁদের মধ্যে মুজিবুল হক চুন্নুও ছিলেন।