উচ্চ আদালতে বিচারাধীন মামলা প্রায় তিন লাখ: শফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উচ্চ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় তিন লাখ বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তারানা হালিমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ এ তথ্য জানান।এর আগে বিকেল সোয়া পাঁচটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।আইনমন্ত্রী আরও জানান, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ১২ হাজার ৪৪১টি, হাইকোর্ট বিভাগে দুই লাখ ৭৯ হাজার ৯২৩টি। একই সময়ে নিম্ন আদালতে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা ছয় লাখ ৩৯ হাজার ৩৫০টি এবং অন্যদিকে ফৌজদারি মামলার সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ১১০টি।আইনমন্ত্রী জানান, বিচারকের শূন্য পদ পূরণ করতে সহকারী জজ ও বিচারিক হাকিম হিসাবে নিম্ন আদালতে ২১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১০ জন এবং হাইকোর্ট বিভাগে ৫৫ জন বিচাপতি নিয়োগ দেওয়া হয়েছে।রাশেদা বেগমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ১৯৭৩ সালের আইনে সংশোধনী আনা হয়েছে। আর সংশোধনীতে ইনডিভিজুয়ালস গ্রুপ অব ইনডিভিজুয়ালস এবং অর্গানাইজেশনস শব্দ যোগ করার ফলে নাগরিকদের মৌলিক অধিকার হরণ করা হয়েছে মনে করার কোনো অবকাশ নেই। কেবল যেসব ব্যক্তি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সাগরে মাছ ধরার ১৮০ লাইসেন্স: মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে মত্স্য ও প্রাণীসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস জানান, ভবিষ্যতে সীমিত আকারে বঙ্গোপসাগরের ৫০০ মিটার গভীরতার বাইরে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক জোনের (ইইজেড) মধ্যে মাছ শিকারের প্রস্তাবকে উত্সাহিত করার পরিকল্পনা সরকারের সক্রিয় বিবেচনাধীন। গভীর সমুদ্রে মাছ ধরার জন্য এ পর্যন্ত ১৮০টি ট্রলারের লাইসেন্স দেওয়া হয়েছে। ৫৪ অভিন্ন নদী: নিলুফার চৌধুরীর প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। এর মধ্যে ভারত গঙ্গা নদীর উজানে ফারাক্কা ব্যারেজ, মহানন্দা নদীর উজানে মহানন্দা ব্যারেজ এবং তিস্তা নদীর উজানে তিস্তা ব্যারেজ নির্মাণ করেছে। এ ছাড়া ভারত মনু নদীর উজানে মনু ব্যারেজ, খোয়াই নদীর উজানে খোয়াই ব্যারেজ, গোমতী নদীর উজানে মহারানি ব্যারেজ নির্মাণ করেছে বলে জানা যায়। মুহুরী নদীর উজানে কালসি ব্যারেজ নির্মাণাধীন রয়েছে বলে জানা গেছে।