উচ্চ আদালতে রাষ্ট্রভাষার প্রবেশাধিকার
১৯৮৭ সালের ২২-২৪ এপ্রিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আপিল বিচারকদের চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপিত ইংরেজিতে লিখিত এক প্রবন্ধে আমি বলি, ‘এ কথা সত্য যে প্রাচীন ও মধ্যযুগে প্রাচ্য ও পাশ্চাত্যের অনেক দেশে বিচারের কাজে জনগণের ভাষা ব্যবহূত হতো না। তখনকার দিনে বিচার্য বিষয়গুলো ছিল সংখ্যায় অল্প এবং এর প্রকৃতিও ছিল সহজ-সাধারণ। আজ যখন রাষ্ট্রীয় কর্মে জনসাধারণ বেশি করে শরিকানা দাবি করছে এবং সরকারও শাসনকর্মে জনগণের অধিকতর অংশগ্রহণ চাইছে, তখন জটিলতর ও হতবুদ্ধিকর বিচার্য বিষয় সিদ্ধান্তের জন্য আসছে। আমাদের মধ্যে বিদেশি ভাষার ব্যবহার মৌলিক চিন্তাধারাকে ব্যাহত করে। ফলে একটা অবাস্তব আবহাওয়া ও বিদেশি নজিরের ওপর এক মুগ্ধ নির্ভর-প্রবণতার সৃষ্টি হয়েছে। ন্যায়বিচার যদি সদ্গুণ হয় এবং জনগণের কল্যাণের জন্যই যদি এর কাজ হয়, তবে তা জনগণের ভাষাতেই হওয়া উচিত।’১ ফেব্রুয়ারি ১৯৯৫ আমি বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করি। সুপ্রিম কোর্ট বারের অভিনন্দনের উত্তরে আমি সংবিধানের ২৩ অনুচ্ছেদের বরাত দিয়ে বলি, ‘রাষ্ট্র জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার রক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করবে এবং জাতীয় ভাষা, সাহিত্য ও শিল্পকলাসমূহের পরিপোষণ, উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করবে, যাতে সর্বস্তরের জনগণ জাতীয় সংস্কৃতির সমৃদ্ধিতে অবদান রাখার ও অংশগ্রহণের সুযোগ লাভ করতে পারে। এই সুযোগ লাভ প্রায় অসম্ভব হবে যদি আইন বোঝার জন্য, ব্যবহারের জন্য এবং সর্বোপরি আইনের সমান আশ্রয় নেওয়ার জন্য জাতীয় ভাষা ও রাষ্ট্রভাষা বাংলাকে তার সম্মানের স্থানে প্রতিষ্ঠিত না করা হয়।’আইন সম্পর্কে সম্যক ধারণা মাতৃভাষার মাধ্যমে যত তাড়াতাড়ি বোঝা, শেখা বা শেখানো যায়, তা পরভাষায় সম্ভব নয়। আমাদের ভাষায় পারঙ্গমতা সম্পর্কে আমরা অহেতুক সন্দিহান। দেশের আদালতে যে দ্বৈতশাসন চলছে—নিচের আদালতে বাংলা এবং ওপরের আদালতে ইংরেজি—তার আশু অবসান হওয়া প্রয়োজন।যে-ভাষায় বাংলাদেশের সংবিধানের মতো একটি জটিল বিষয় রচনা করা সম্ভব হয়েছে, হেন মানবিক সমস্যা নেই, যার ওপর সেই ভাষায় কোনো সহজ সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। পরভাষায় আইনচর্চার ফলে আমরা আইনশাস্ত্রে স্বাভাবিক সহজতা লাভ করিনি, তেমন কোনো মৌলিক অবদানও রাখতে পারিনি।আইন ও বিচার তো দেশের লোকের জন্য। বিদেশিদের সুবিধা-অসুবিধা গৌণ ব্যাপার। দেশের রায় বাংলায় লিখতে হবে, যাতে নিরক্ষরও শুনলে কিছু বুঝতে পারে। বিদেশিদের অসুবিধা এখানে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। সব সন্দেহ নিরসনকল্পে সংসদের দ্ব্যর্থহীন উদ্যোগ নেওয়া উচিত। দেশের সাধারণ মানুষ যাতে আদালতে সহজে প্রবেশাধিকার পায়, সে কথা ভেবে ইংল্যান্ডে লর্ড উলফ তাঁর অ্যাকসেস টু জাস্টিস-এ অবোধ্য ও স্বল্পব্যবহূত লাতিন শব্দ বাদ দেওয়ার সুপারিশ করেন। ‘আমরা কি যাব না তাদের কাছে, যারা শুধু বাংলায় কথা বলে?’—এই আর্ত প্রশ্ন আমরা অনেকবার করেছি। আমরা উত্তর পাইনি।অনেকের ধারণা, বাংলায় লেখা হলে আমাদের রায় কেউ পড়বে না। আমাদের রায় পড়ার জন্য যেন সারা বিশ্ব রাত জেগে বসে আছে! যেসব দেশের সঙ্গে আমাদের স্বার্থ জড়িত এবং বাণিজ্যের সম্পর্ক, সেসব দেশের বেশ কিছু লাইব্রেরিতে গিয়ে আমি দেখেছি, সেখানে বাংলাদেশের ল জার্নাল বা বই নেই বললেই চলে।যাঁরা ফিয়ের জন্য হুজ্জুতে অজুহাত দিতে পারদর্শী, তাঁরা বলেন, ‘সংবিধানের কোথাও বলা হয়নি, সব ধরনের রাষ্ট্রীয় কার্যকলাপ বাংলায় করতে হবে। ইংরেজি ব্যবহার সংবিধান পরিপন্থী হবে না। সংবিধান ইংরেজিকে বাদ দেয়নি, বরং ইংরেজি টেক্সটের বিধান করে দিয়ে ইংরেজিকে গ্রহণ করেছে, ইংরেজিকে একটি ভাষার মাধ্যম হিসেবেই স্বীকৃতি দিয়েছে এবং ইংরেজি ভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা স্বীকার করেছে।’ তাঁরা এমন কথাও বলেন যে, ‘স্বাধীনতার অব্যবহিত পরে অনন্যোপায় হয়ে শিল্পের জাতীয়করণ করে আমাদের অব্যবস্থা ও দুর্গতি হয়েছিল, রাষ্ট্রভাষা নিয়ে বাড়াবাড়ি করলে আমাদের অনুরূপ দুর্গতি ঘটবে।’ তাঁদের ধারণা, অশুভবুদ্ধির প্রণোদনায় রাষ্ট্রভাষা নিয়ে নতুন এক ইস্যু তৈরি করা হচ্ছে।১৯৭১ সালের ১৫ ফেব্রুয়ারি বাংলা একাডেমীর একুশের অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে শেখ মুজিবুর রহমান বলেন, ‘আমি ঘোষণা করছি, আমাদের হাতে যেদিন ক্ষমতা আসবে, সেদিন থেকেই দেশের সর্বস্তরে বাংলা ভাষা চালু হবে। বাংলা ভাষার পণ্ডিতেরা পরভাষা তৈরি করবেন, তার পরে বাংলা ভাষা চালু হবে, সে হবে না। পরিভাষাবিদেরা যত খুশি গবেষণা করুন, আমরা ক্ষমতা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে বাংলা ভাষা চালু করে দেব, সেই বাংলা যদি ভুল হয়, তবে ভুলই চালু হবে, পরে তা সংশোধন করা হবে।’২৭ বছর পরে ১৯৯৮ সালের ১ মার্চ ঢাকায় বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের পবিত্র সংবিধানে আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ আর প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। সুপ্রিম কোর্টসহ দেশের সকল আদালতই এই প্রজাতন্ত্রের আদালত।...সম্মানিত বিচারকগণ ও বাঙালি বিজ্ঞ আইনজীবীগণ বাঙালি এবং বিচারপ্রার্থীগণও ব্যতিক্রম ব্যতিরেকে সবাই বাঙালি। সকল আদালত কর্তৃক ঘোষিত রায় বাংলা ভাষায় হবে, এটাই তো স্বাভাবিক। মুষ্টিমেয় লোকের জন্য এই বিচারব্যবস্থা নয়। এই বিচারব্যবস্থা দেশের সব মানুষের। সর্বস্তরের আদালতের সম্মানিত বিচারকগণ নিজের মাতৃভাষায় যেন নিপুণভাবে রায় লিখতে পারেন, এই বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট এ ব্যাপারে গুরুত্বারোপ করবে বলে জনগণ আশা করে।’ প্রধানমন্ত্রীর ভালো করেই জানার কথা, জনগণের আশা প্রায়ই পূরণ হয় না। এখন জনগণের প্রতিনিধিরা জাতীয় সংসদে দ্ব্যর্থহীনভাবে নির্দেশনা না দিলে জনগণের নিজের ভাষায় রায় শোনার সৌভাগ্য হবে না।১৯৯৫ সালের মার্চ-এপ্রিলে সার্ক ল ও সার্ক প্রধান বিচারপতিদের এক কনফারেন্সের মূল বিষয়বস্তু ছিল আইন ও জনগণের জন্য ন্যায়বিচার। সর্বোচ্চ আদালতসহ সর্ব রাষ্ট্রকর্মে নেপালে জনগণের ভাষা নেপালিতে সাধিত হয় ১২ জুন ১৯৯৫ সালে। প্রধানমন্ত্রী মনমোহন অধিকারীর পরামর্শে নেপালের রাজা পার্লামেন্ট ভেঙে দেন। নেপালের সর্বোচ্চ আদালত পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিপক্ষে রাজাদেশের বিরুদ্ধে রায় দেন। সেই রায়ের ইংরেজি অনুবাদ পড়ে তার প্রাঞ্জলতায় আমি মুগ্ধ। কোথাও নজিরের আতিশয্য নেই। বক্তব্য পরিষ্কার, বুঝতে কোনো অসুবিধা হয় না।আমার কন্যা, তার নেপালি বান্ধবী ও ঢাকার নেপালি রাষ্ট্রদূতের সহায়তায় ওই কনফারেন্সের ভ্যালেডিকটিরি সেশনে আমার বক্তব্যের কিছু অংশ আমি ভাঙা ভাঙা নেপালিতে বলি। উদ্দেশ্য ছিল, নেপালিদের প্রতি আমার একাত্মতা প্রকাশ। উপস্থিত প্রধান বিচারপতিরা, যাঁদের দেশে বিচারকর্ম পরভাষায় সাধিত হয়, তাঁরাও হেসে হেসে আমার তারিফ করেন। পরভাষা ছেড়ে দেশের জনগণের ভাষায় রায় দেওয়ার কথা গুরুত্বসহকারে সবাই গ্রহণ করেছিলেন কি না, সন্দেহ। আমাদের দেশেও সবাই গ্রহণ করেন না।আমাদের সংবিধানের প্রথম ভাগে যে দেশপরিচয় দেওয়া আছে, তার ৩ অনুচ্ছেদে বর্তমানকালবাচক একটা বিধান আছে: প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। এ বিধান কি কেবলই পোশাকি? এর অর্থ কী? এর মর্ম কী? এর বাধ্যবাধকতা কী? সে সম্পর্কে পরিষ্কারভাবে তেমন আলোচনা হয়নি। সিদ্ধান্তও দেওয়া হয়নি।একজন সাবেক বিচারপতি ও একাধিক বিচারপতি—যাঁরা বাংলায় রায় দিয়েছেন—তাঁরা কি সঠিক কাজ করেছেন, নাকি করেননি? তাঁদের রায় কি অকার্যকর হবে? যাঁরা ইংরেজিতে রায় লিখছেন, তাঁরা কি সংবিধান লঙ্ঘন করছেন? সুপ্রিম কোর্ট কি রাষ্ট্রের বাইরে? এত সব গুরু প্রশ্ন উত্তরের অপেক্ষায়।আমি ইংরেজিতে রায় লিখিনি। সব ক্ষেত্রে একলা চলার নীতি প্রশংসনীয় না-ও হতে পারে। আমি বাংলায় রায় লিখলে এমন বক্রোক্তি শুনতে হতো, ‘এবার একুশে পদক না পেয়ে যায় কোথায়?’ এমন কথা আমি শুনতে প্রস্তুত ছিলাম। কিন্তু সংবিধান প্রবর্তনার পর কয়েক বছর থেকে উচ্চ আদালতে ইংরেজি চলে আসছে, তা হঠাত্ আমি সে পথ পরিত্যাগ করে পথপ্রদর্শক হওয়ার জন্য অন্য পথ অনুসরণ করব কি না—এসব দুর্ভাবনা করে আমি নিজেকে নিরস্ত করেছিলাম।২ মে ১৯৯৫ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত বিদায়ী সম্ভাষণের উত্তরে আমি বলি, আমি জরিপ করে দেখলাম, বাংলা ভাষার ব্যাপারে কোর্টে আমার বিচারক ভ্রাতৃবৃন্দ আমার মত সমর্থন করেন না, কিন্তু ভ্রাতৃপ্রতিম অনুকম্পায় তাঁরা আমার বক্তব্যের বিরোধিতা করেননি। দেশের জনগণ যদি চান তাঁদের দেশের সর্বোচ্চ আদালতের সব কাজ তাঁদের ভাষায় হবে, তবে তাঁদের প্রতিনিধিরা সংসদে যত দিন না প্রয়োজনীয় আইন পাস করছেন, তত দিন বিচারকবৃন্দ স্বেচ্ছায় বাংলায় হাতেখড়ি দিতে চাইবেন না। আমি তাঁদের অসুবিধাটা বুঝি, পঞ্চাশোর্ধ্ব বয়সে এই ভাষান্তর অত্যন্ত কষ্টদায়ক, অনেকের পক্ষে মোটেই সম্ভবপর নয়। আমি আমার বক্তব্য রেখে গেলাম আগামীকালের জন্য। আজ শুধু কোনো প্রকারে কাজ সারা।ঔপনিবেশিকতার বোঝা পিঠে নিয়ে আমাদেরকে সংবিধানের দুটো পাঠ তৈরি করতে হয়। ইজ্জত-আত্মসম্মান বজায় রাখতে বিধান দেওয়া হয়, দুটো পাঠের মধ্যে বিরোধ দেখা দিলে বাংলা পাঠকে প্রাধান্য দেওয়া হবে। গরিবের কপাল ভাঙা। ২০ আগস্ট ১৯৭৫ থেকে ২৯ নভেম্বর ১৯৭৬ পর্যন্ত দেশে যেসব সাংবিধানিক রদবদল ঘটে, সে-সংক্রান্ত বিধানাবলির ব্যাপারে ইংরেজি পাঠকে প্রাধান্য দেওয়া হয়। মোটামুটি একটা সুন্দর সংবিধান কেমন করে যে এত শ্রীভ্রষ্ট হলো, ভাবতে অবাক লাগে। বাংলা ভাষার দরদিরা সংবিধানের ইংরেজি পাঠের ৩ অনুচ্ছেদে Bengali-র পরিবর্তে মার্কিন-বাংলা করলেন, কিন্তু ১৫৩ অনুচ্ছেদে ইংরেজের ইংরেজি Bengali রয়ে গেল।রাষ্ট্রভাষার প্রতি আমাদের এত দরদ যে ১৯৮৭ সালের ২ নম্বর আইন সরকারের পক্ষে না করে ব্যক্তিগত উদ্যোগে সংসদে পেশ করা হয়। সছিদ্র সেই আইন তেমন কোনো কাজে এল না।হাশমাতুল্লাহ বনাম আজমিরির মামলায় হেরে গিয়ে রণক্লান্ত ভাষাসৈনিকেরা রণে ভঙ্গ দিলেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে কোনো আপিল করলেন না। দেশের লোক জানল না উচ্চ আদালতে রাষ্ট্রভাষার ব্যাপারে দেশের সর্বশেষ আদালতের কী মত।রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক নির্দেশে চলতি ভাষা ব্যবহারের কথা বললেও পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারি কাজকর্মে সাধু ভাষারীতি অনুসরণ করার জন্য তাগিদ দেন। আমাদের বাংলা বানান ও ভাষারীতি সম্পর্কে নির্দিষ্ট করে সিদ্ধান্ত গ্রহণ করা এক্ষণে বিধেয়। সংবিধানের পঞ্চদশ সংবিধানের এত ভারী ভারী বিষয়ক সংশোধনে সাংসদগণ ব্যস্ত ছিলেন যে তাঁরা সংবিধানের বাংলা বানান বা ভাষারীতি সংশোধনের ব্যাপারে মন দিতে পারেননি।আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলা ভাষাকে অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা ও গ্রহণের জন্য প্রস্তাব করেছেন। আমরা পুলকিত, আনন্দিত। বাংলাদেশ সরকারের সব দপ্তরে বাংলা ভাষা ব্যবহার হয় কি না, পয়েন্ট অব অর্ডারে কেউ যেন এমন প্রশ্ন তুলে আমাদের বিব্রত না করেন, সেদিকে আমাদের যত্নবান হতে হবে।ভাষার দৈন্যমোচন এবং বাংলা ভাষাকে আন্তর্জাতিক মানসম্পন্ন সমৃদ্ধ ভাষাগুলোর সমকক্ষ করে তোলা আমাদের বড় দায়। সেই দায়মোচনে পরিশ্রমবিমুখ না হয়ে নিজেদের একাগ্রচিত্তে নিবেদন করলে সে হবে আমাদের জন্য মঙ্গলময় ও কল্যাণকর। দেশের আইন ও সংবিধান সম্পর্কে সম্যক পরিচয় ও উপলব্ধি মাতৃভাষার মাধ্যমে অর্জিত না হলে দেশের প্রশাসনে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত হবে না এবং আইনের শাসনের আলোকে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না, এই বিশ্বাস ও উপলব্ধিতে ২০০৩ সালে অধ্যাপক আনিসুজ্জামান ও আমি আইন-শব্দকোষ প্রণয়নে এক উদ্যোগ নিই।আদালত থেকে ইংরেজি উঠে যাওয়ার জন্য যাঁরা দুর্ভাবনা করছেন, তাঁদের আশঙ্কা লাঘবের জন্য এবং আইনজীবী ও বিচারক উভয়ের স্বার্থে আমাদের পশ্চিমের জানালাটা খুলে রাখতে হবে। ইংরেজি ভাষার সঙ্গে আমাদের পরিচয় দুই শ বছরের অধিকাল ধরে। সে পরিচয় যতই অসম্পূর্ণ হোক না কেন, তা অবহেলা করা কাজের কাজ হবে না। আমি মনে করি, আইন পরীক্ষায় ইংরেজি অবশ্যপাঠের জন্য একটা পরীক্ষাপত্র থাকা উচিত।আমি মনে করি, যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তি তার মাতৃভাষায় আমাদের আদালতে আশ্রয় বা প্রতিকার লাভ করতে পারে। তবে তার আবেদন যদি অ-বাংলা ভাষায় হয়, তবে তাকে তার আরজি, জবাব ও দরখাস্ত বাংলা ভাষায় সত্যায়িত করতে হবে—যাতে দেশের বিচারক দেশি ভাষায় শিক্ষাপ্রাপ্ত হয়ে দেশি ভাষায় তাঁর বিচারকার্য সম্পন্ন করতে পারেন।আজ আন্তর্জাতিক আলোকিত জনমত যেখানে মাতৃভাষা, এমনকি সংখ্যালঘুদের মাতৃভাষা সংরক্ষণের পক্ষে সোচ্চার; যখন মুমূর্ষু বা বিপন্ন মাতৃভাষা সংরক্ষণের, এমনকি মৃত বা বিলুপ্ত ভাষার পুনরুজ্জীবনের কথা উঠেছে, তখন দেশের শতকরা ৯০ ভাগ সংখ্যাগরিষ্ঠের সংবিধানস্বীকৃত রাষ্ট্রভাষা প্রচলনের ব্যাপারে আমরা যে গড়িমসি বা অনীহা প্রকাশ করি, তার অনুরূপ মনোভাব তো আমরা নাগরিক জীবনের সর্বত্র প্রকাশ করে আসছি।মাতৃভাষার প্রতি আমাদের এমনই টান যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তৃতীয় বছরে আমাদের সরকার ১৮৮টি দেশের কাছে ভাষা আন্দোলনের পটভূমি, ইতিহাস ও তাত্পর্যের তথ্যসামগ্রী পাঠাতে পারেনি। এই ব্যর্থতা ব্যক্তিগত নয়, আমাদের সবার। স্বাধীনতা অর্জনের পর কতবার বঙ্গভবনে রাষ্ট্রীয় কর্মে রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান অরাষ্ট্রভাষায় বক্তব্য দিয়েছেন, তা স্মরণ করলে আমাদের মাতৃভাষার প্রতি আমরা কী মমতা বা আনুগত্য পোষণ করি, তার কিছুটা ইঙ্গিত পাওয়া যাবে। যাঁরা বাংলা ভাষাকে ঘিরে স্বাধীন রাষ্ট্রের চিন্তা করতেন, তাঁদের অনেকে আজ ক্ষমতায়। একসময় যাঁরা বলতেন রাষ্ট্রভাষা বাংলা চাই না, তাঁরাও ক্ষমতায় ছিলেন। ক্ষমতায় যাঁরা সমাসীন এবং ক্ষমতায় যাঁরা আসীন হতে চান, তাঁদের কাছে রাষ্ট্রভাষা আজ কোনো ব্যাপারই নয়!গত বছর হাইকোর্ট বিভাগ ভাষার বিকৃতিরোধে কিছু নির্দেশনা জারি করেন। সর্বোচ্চ আদালতে বাংলা ভাষা ব্যবহারের প্রশ্নে শোনা ভাষাসৈনিক বা ভাষাপ্রেমিক কোনো রিট আবেদন করেননি। কেন সর্বোচ্চ আদালতে বাংলা ভাষা ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হবে না, জনস্বার্থে স্বতঃপ্রণোদিত হয়ে হাইকোর্ট তা নিয়ে কোনো রুল জারি করেননি।বহুনিন্দিত দ্বিজাতিতত্ত্ব ধ্বংসের বদৌলতে, বাংলা ভাষার গুণে, সোনার বাংলার সৌভাগ্যে এবং ইতিহাসের দুর্জ্ঞেয় গূঢ় লীলায় বাংলাদেশ আজ এক স্বাধীন সার্বভৌম দেশ। যাঁরা বলেন, ভারতের উচ্চ আদালতে ইংরেজি ভাষার ব্যবহারে কোনো অসুবিধা হচ্ছে না; তাঁদের জানা উচিত, ভারত ইংরেজির পথে যে যাত্রা করেছিল, সে ছিল তার জন্য অগস্ত্যযাত্রা। আর্যাবর্ত ও দাক্ষিণাত্যের একমাত্র যোগসূত্র ইংরেজি, যা ছিন্ন হলে বহুজাতির দেশ ভারত ছিন্নভিন্ন হয়ে যেতে পারে। আমরা সেভাবে দুর্ভাবনাগ্রস্ত নই। আমাদের সৌভাগ্য, আমরা নিজের দেশের সর্বোচ্চ আদালতে নিজের ভাষায় রাষ্ট্রের অন্যতম সার্বভৌম ক্ষমতা বিচারকার্য সমাধা করার সুযোগ পেয়েছি। অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন সত্ত্বেও আমরা এ দেশটিকে সুযোগ হারানোর দেশ হিসেবে নষ্ট করার জন্য বদ্ধপরিকর।আমরা যুক্তফ্রন্টের ইশতেহার অনুযায়ী বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক করার জন্য একটি আইন পাস করি, কিন্তু সেই আইন দুই পঙিক্তর প্রজ্ঞাপন জারি করে কার্যকর করিনি। আমাদের সব সময়ের সব দলের সরকার, সেই একই ধূর্তামির সঙ্গে কাজ করে। সব দলের অ্যাটর্নি জেনারেলরা অম্লানবদনে সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন করার জন্য সময় নিয়ে নিয়ে বছর গড়িয়েছেন। দিন নেওয়ার রোজগারে অভ্যস্ত আইনজীবীর মতো দেশের সরকার সময় নিয়ে নিয়ে অতি নিম্নমানের তেলেসমাতি করে সময়ক্ষেপণ করেন। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এ এক নিয়তির নিষ্ঠুর পরিহাস যে, এ ব্যাপারে সামরিক-সমর্থিত এক তত্ত্বাবধায়ক সরকার প্রথম একটা অর্থপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। আর তার জন্য তড়িতাহত হয়ে এক আমলা অনশন বিক্ষোভ করতে এগিয়ে আসেন। এখন আমলাদের আদিখ্যেতা এই যে, আইন অবমাননার ক্ষেত্রে আদালতে হাজির হওয়া থেকে তাঁদের অব্যাহতি দেওয়া চালু হোক। শুধু হাজির হওয়া থেকে অব্যাহতি কেন, আদালত অবমাননার অপরাধ থেকে তাঁরা চিরন্তন দায়মুক্তি দাবি করলেই পারেন। এ দেশের দুর্ভাগ্য, আইন অবমাননার জন্য দণ্ডাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তি রাষ্ট্রক্ষমা পেয়ে পরিত্রাণ পেয়ে যায়।উচ্চ আদালতে রাষ্ট্রভাষার প্রচলনের ব্যাপারটি দেশের অন্যান্য অতিগুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমাদের অপদার্থতা ও বিশ্বাসভঙ্গতার সঙ্গে জড়িয়ে রয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা স্থানীয় সরকারকে অবহেলা করে এসেছি। শুভাকাঙ্ক্ষীরা সংবিধানের তৃতীয় পরিচ্ছেদের বিলোপ সাধন করেন। পুনর্জন্মের পরও স্থানীয় সরকার অতীত পাপদশা থেকে মুক্তি পেল না।শুধু সংবিধানের ষষ্ঠ বা সপ্তম বিভাগ নয়; স্বাতন্ত্র্য, বৈশিষ্ট্য ও বিভাগীয় স্বাধীনতাকে সমুচ্চে ধারণ করা যে সব সাংবিধানিক প্রতিষ্ঠানের একান্ত বিধেয়, তা লঙ্ঘন করে ওই সব প্রতিষ্ঠানের কর্মকর্তাকে আমরা নায়েব-গোমস্তার স্তরে নামিয়ে এনেছি। দেশে স্তাবকের সংখ্যার অতিবৃদ্ধি ঘটলে আর আশ্চর্য হওয়ার কী আছে!আমাদের এক অনবদ্য অবদান হিসেবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা গর্ব করি। বাস্তব ক্ষেত্রে প্রতিটি তত্ত্বাবধায়ক সরকারের আগে দেশে এমন ভয়াবহ নিম্নচাপের সৃষ্টি হয় যে, সব ভদ্র ব্যবহার তছনছ হয়ে যায়। সংবিধানে প্রদত্ত বিধানই যেখানে আমরা বিশ্বস্ততার সঙ্গে মান্য করতে পারছি না, তখন কোন সেই রাজা গোপালের সন্ধান আমরা পাব, যাঁকে আমরা নির্বাচনে হেরে গেলে ঘরে ও দেশে থাকতে না দেওয়ার কথা বলে হুমকি দেব। সাধারণ সদিচ্ছার যেখানে প্রাদুর্ভাব, সেখানে কবচ-তাবিজের ব্যবস্থাদানের জন্য যেসব বুদ্ধিধর পাঁয়তারা করছেন, তাঁদের অনুশীলন-মেধার প্রশংসা করতেই হয়। উচ্চ আদালতে রাষ্ট্রভাষার সীমাবদ্ধতার কথা না ভেবে তার প্রয়োজনীয়তার কথা আমাদের আগে ভাবতে হবে। দেশের আদালতে যে দেশের জনগণের ভাষা ব্যবহূত হচ্ছে না, সে তো এক লজ্জাকর ব্যাপার। এ দুর্গতি যত তাড়াতাড়ি দূর হয়, তার জন্য সর্বতোভাবে আমাদের চেষ্টা করতে হবে।