উচ্চ আদালতের কিছু রায় ও রুল
৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা ও মর্যাদা রক্ষা এবং এর পাশে জাদুঘর স্থাপনের নির্দেশ কেন দেওয়া হবে না, জানাতে সরকারের প্রতি রুল জারি করেন হাইকোর্ট।১৩ এপ্রিল পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।২৫ মে সুপ্রিম কোর্টে ভাঙচুরের ঘটনায় ড. কামাল হোসেনসহ ১২ জন আইনজীবীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি বাতিল করেন হাইকোর্ট।১০ জুন ফতোয়ার নামে বিচারবহির্ভূত শাস্তি দেওয়া কেন অবৈধ ও মৌলিক অধিকারপরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন হাইকোর্ট।৭ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের সব স্থাপনা অপসারণ করতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। তবে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের আগের কোনো স্থাপনা ও বিদ্যমান মুক্তিযুদ্ধসংক্রান্ত স্মারক, ভাস্কর্য, স্মৃতিফলক বা স্তম্ভ এ আদেশের বাইরে থাকে।৮ জুলাই ফতোয়ার নামে বিচারবহির্ভূত কার্যক্রম ও শাস্তি অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এ ধরনের শাস্তি ঘোষণাকারীকে অপরাধী হিসেবে গণ্য করতে বলা হয়েছে। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।৫ আগস্ট মোবাইল ফোনে রিংটোন ও ওয়েলকাম টোন হিসেবে জাতীয় সংগীতের ব্যবহার অবৈধ ও বেআইনি ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে জাতীয় সংগীত ব্যবহার করায় বেসরকারি মোবাইল ফোন অপরাটের গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে ৫০ লাখ টাকা করে জরিমানা করা হয়।১৮ আগস্ট আদালত অবমাননার দায়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন আপিল বিভাগ ।২২ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের কোনো দপ্তরে নারীদের বোরকা পরতে বাধ্য না করার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে নারীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বিরত না রাখারও নির্দেশ দেওয়া হয়।২৩ আগস্ট বিশেষ সামরিক ট্রাইব্যুনালে সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের গোপন বিচারের নথি তলব করেন হাইকোর্ট।২৫ আগস্ট ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষায় কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা রক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।৫ সেপ্টেম্বর অতিদরিদ্র শিশুরা শিক্ষা গ্রহণের পরিবর্তে কাজ করলে যে অর্থ পায়, সে আর্থিক সুবিধা নিশ্চিত করতে বলেছেন হাইকোর্ট। বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে বলা হয়, শ্রম আইন ভঙ্গে যে শাস্তি ও ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে, তা যথেষ্ট নয়। এটি ‘অর্থবহ করতে’ শ্রম আইন সংশোধনে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।