উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে দালাল আইন পুনরুজ্জীবিত: সুরঞ্জিত
পঞ্চম সংশোধনী বাতিলসংক্রান্ত উচ্চ আদালতের রায়কে সংবিধানের অংশ হিসেবে বিবেচনা করে সংবিধান সংশোধনের কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশেষ কমিটি। রায়ে দেওয়া বিভিন্ন পর্যবেক্ষণগুলোকেও কমিটি আমলে নিচ্ছে। আগামী ২৪ আগস্ট থেকে সংবিধান সংশোধনে কমিটির মূল কাজ শুরু হবে।আজ রোববার সংসদ ভবনে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারপারসন সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্তসহ কমিটির ১৪ জন সদস্য আজকের সভায় যোগ দেন। দেশের বাইরে থাকায় আবদুর রাজ্জাক সভায় যোগ দিতে পারেননি।সভায় উচ্চ আদালতের রায় ও নির্দেশনার আলোকে সংবিধানের সংগতি-অসংগতি চিহ্নিত করে চারটি প্রতিবেদন কমিটির সভায় উপস্থাপন করা হয়। সংসদ সচিবালয় ও আইন মন্ত্রণালয় থেকে একটি করে এবং আইন কমিশনের পক্ষ থেকে দুটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।সভায় আইনমন্ত্রী শফিক আহমেদ এবং আইন কমিশনের চেয়ারম্যান আবদুর রশিদকে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে সব সভায় তাঁরা যোগ দেবেন।বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে কমিটির মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, চলতি আগস্ট মাসে আওয়ামী লীগের দলীয় কর্মসূচির আধিক্য এবং রমজানের কথা বিবেচনা করে আগামী ২৪ আগস্ট কমিটির পরবর্তী বৈঠকের দিন ধার্য করা হয়েছে। ওই দিন বেলা ১১টায় এ বৈঠক শুরু হবে।এ সময় আদালতের রায়ের সঙ্গে সংবিধানের সংগতি-অসংগতিসম্পর্কিত এক প্রশ্নের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এই অসংগতিগুলো এখনই জনসমক্ষে বলার মতো নয়। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পঞ্চম সংশোধনী বাতিলসংক্রান্ত উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই দালাল আইন পুনরুজ্জীবিত হয়ে গেছে। এর জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই।