১ জুলাই প্রথম আলোয় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে এক বছর সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু প্রতিবেদন থেকে স্পষ্ট হওয়া যায়, এটি ষড়যন্ত্রমূলক ফাঁসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইউএনও মানিকহার রহমান জানান, এখানে ঘটনা ৮০ ভাগ সত্য মনে হয়েছে। ১৫ ডিসেম্বর ২০১০ সালের প্রথম আলো পরিবেশিত সংবাদ থেকে জানা যায়, ১৪ ডিসেম্বর মেহেরপুর জেলার সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের হিজলী গ্রামের দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার সময় সদর থানার এসআই সেকেন্দার আলী দুই যুবককে আটক করে সাংবাদিক এবং ভ্রাম্যমাণ আদালত (নির্বাহী ম্যাজিস্ট্রেটকে) সংবাদ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এডিসি মো. আসলাম উদ্দিন হিজলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দুপুর দেড়টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উত্ত্যক্তের শিকার দুই স্কুলছাত্রী, তাদের অভিভাবক ও গ্রামবাসীর বক্তব্য গ্রহণ শেষে সিদ্ধান্তে উপনীত হয়, যুবকদ্বয়কে মিথ্যা ইভ টিজিংয়ের মামলায় জড়িত করে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে এ ষড়যন্ত্রের জাল বোনা হয়। ২৭ ডিসেম্বর ২০১০ প্রথম আলো থেকে জানা যায়, পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়েকে (১১) পূর্ব পরিকল্পনা মোতাবেক জোরপূর্বক সিরাজগঞ্জসংলগ্ন থানার কলেজপড়ুয়া ছাত্র আবুল হাসেমের সঙ্গে (১৯) বিয়ে দেওয়ার জন্য কৌশলে আটক করে এবং বিয়ে করতে অস্বীকার করায় তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলা করা হয়। ইদানীং ইভ টিজিং বিষয়ে প্রশাসন তৎপর বিধায় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ইভ টিজিংকে মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করার অপতৎপরতা লক্ষ করা যাচ্ছে।ঘটনাগুলো পর্যালোচনায় দেখা যায়, অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইভ টিজারদের গ্রেপ্তার করে। কয়েকটি ঘটনায় দেখা যায়, উত্ত্যক্ত করার সময় ভিকটিমের অভিভাবক বা স্থানীয় লোকজন উত্ত্যক্তকারীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করছে। ওই ঘটনা এমন নয় যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে ইভ টিজিংয়ের ঘটনা ঘটেছে। অথচ ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯-এর ৬ ধারায় ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা প্রসঙ্গে বলা হয়েছে, ‘ধারা ৫-এর অধীন ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ধারা ১১-এর অধীন ক্ষমতাপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করার সময় তফসিলে বর্ণিত কোনো আইনের অধীন অপরাধ, যাহা কেবল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য, তাহার সম্মুখে সংঘটিত বা উদ্ঘাটিত হইয়া থাকিলে তিনি উক্ত অপরাধ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই আমলে গ্রহণ করিয়া অভিযুক্ত ব্যক্তিকে স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করিয়া এই আইনে নির্ধারিত দণ্ড আরোপ করিতে পারবেন।’ এই আইনের ৮ ধারায় উল্লেখ করা আছে, সংশ্লিষ্ট অপরাধের জন্য সংশ্লিষ্ট আইনের যে দণ্ডই নির্ধারিত থাকুক না কেন ২ (দুই) বৎসরের অধিক কারাদণ্ড আরোপ করতে পারবেন না। তবে সংশ্লিষ্ট আইনে কারাদণ্ডের পরিমাণ যদি কম থাকে (যেমন ১ বৎসর) তার অতিরিক্ত কারাদণ্ড আরোপ করা যাবে না। ৬ ধারা অনুসারে কোনো ভ্রাম্যমাণ আদালত তাঁর সম্মুখে কোনো ঘটনা না ঘটলে বা উদ্ঘাটিত না হলে কোনো আসামিকে এ আইনে দণ্ডাদেশ প্রদান করতে পারবে না এবং দণ্ডাদেশ শুধু আসামির দোষ স্বীকারোক্তির ভিত্তিতে প্রদান করা যাবে। আসামি দোষ স্বীকার না করলে আইনের ৭ ধারা অনুসারে অভিযুক্ত ব্যক্তির ব্যাখ্যা সন্তোষজনক হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে অব্যাহতি প্রদান করবেন। তবে প্রদত্ত ব্যাখ্যা সন্তোষজনক না হলে তিনি অভিযোগটি বিচারার্থে উপযুক্ত এখতিয়ার সম্পন্ন আদালতে প্রেরণ করবেন। ভ্রাম্যমাণ আদালত আইনের ৬(১) ধারা অনুসারে ভ্রাম্যমাণ আদালতের সম্মুখে কোনো ঘটনা সংঘটিত বা উদ্ঘাটিত না হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্থাপিত অভিযোগ এখতিয়ার সম্পন্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করবেন।’ বেশির ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, উত্ত্যক্তের ঘটনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে সংঘটিত হয়নি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের উচিত, এ ক্ষেত্রে ইভ টিজিংয়ের অভিযোগসহ গ্রেপ্তার করা আসামিকে পুলিশের মাধ্যমে এখতিয়ারসম্পন্ন আদালতে প্রেরণ করা। তবে সত্য যে ভ্রাম্যমাণ আদালতের সামনে ইভ টিজিংয়ের কোনো ঘটনা ঘটা খুবই বিরল হবে। কারণ ভ্রাম্যমাণ আদালত বা ম্যাজিস্ট্রেট নিশ্চয় সার্বক্ষণিক স্কুল, কলেজ, রাস্তাঘাট ও টার্মিনালের সামনে ওত পেতে বসে থাকবে না। ভ্রাম্যমাণ আদালতের সামনে কোনো ঘটনা উদ্ঘাটনের বিষয় অহরহ হতে পারে। অবশ্য আইনটি নতুন বিধায় হাইকোর্টের সিদ্ধান্ত ব্যতীত কোনো সুনির্দিষ্ট চূড়ান্ত সিদ্ধান্ত এ মুহূর্তে দেওয়া অনুচিত হবে। কোনো ঘটনা ভ্রাম্যমাণ আদালতের সামনে সংঘটিত বা উদ্ঘাটিত হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আইনের ৭(১) ধারা অনুসারে লিখিত অভিযোগ গঠন করে অভিযুক্ত ব্যক্তিকে পাঠ ও ব্যাখ্যা করে শোনাবেন এবং অভিযুক্ত ব্যক্তি আনীত অভিযোগ স্বীকার করেন কি না তা জানতে চাইবেন। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করলে তাঁর স্বীকারোক্তি নির্বাহী ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করে অভিযুক্তের স্বাক্ষর বা টিপসইসহ দুজন উপস্থিত সাক্ষীর স্বাক্ষর বা টিপসই গ্রহণ করবেন। ১৩ ধারা অনুসারে সংক্ষুব্ধ ব্যক্তি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করতে পারেন। জেলা ম্যাজিস্ট্রেট নিজে অথবা তাঁর অধীন কোনো অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওই আপিল শুনানি ও নিষ্পত্তি করতে পারবেন। তবে দণ্ডাদেশ যদি জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত হয়ে থাকে, তা হলে দায়রা জজের আদালতে ওই আপিল করা যাবে। উল্লেখ্য, ভ্রাম্যমাণ আদালত আইন-০৯-এ (১০ সালের সংশোধনসহ) নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৯৩টি আইনে আইনশৃঙ্খলা রক্ষার্থে কিছু অপরাধ কার্যকর ও অধিকতর দক্ষতার সঙ্গে সম্পাদন করার জন্য তাৎক্ষণিক ঘটনাস্থলে আমল গ্রহণ করে দণ্ড আরোপের সীমিত ক্ষমতা অর্পণ করা হয়। লেখক বিচারক (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুষ্টিয়া