উচ্চজোয়ার আর ভাঙনের কবলে ভোলার নয়টি ইউনিয়ন
ভোলায় উচ্চজোয়ার আর নদীভাঙনের কবলে পড়ে তিনটি উপজেলার নয়টি ইউনিয়নের নারী ও শিশুরা মানবেতর জীবন কাটাচ্ছে। এর মধ্যে রয়েছে ভোলা সদরের ইলিশা, কাচিয়া, ধনিয়া ও রাজাপুর, দৌলতখান উপজেলার ভবানীপুর ও সৈয়দপুর এবং বোরহানউদ্দীন উপজেলার বড় মানিকা, পক্ষীয়া ও হাসাননগর ইউনিয়ন।ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে গত দুই মাসে প্রায় তিন বর্গকিলোমিটার এলাকা নদীতে ভেঙেছে। গত পূর্ণিমায় জোয়ারের উচ্চতা ও ভাঙন আরও বৃদ্ধি পেয়েছে। বাঁধ ভেঙে যাওয়ায় ও নতুন বাঁধ নির্মাণ করায় দুটি গ্রাম বাঁধের বাইরে পড়েছে। এখানে প্রায় পাঁচ হাজার পরিবারের বসতি ছিল। এখনো শতাধিক পরিবার রয়েছে। বাকিরা বাঁধে উঠেছে।সরেজমিনে দেখা যায়, জোয়ারের উথাল-পাতাল ঢেউ বাঁধে আঘাত হানছে। শোঁ শোঁ শব্দে জোয়ার আসতে শুরু করলে পানিবন্দী গৃহিনী মানুষের উৎকণ্ঠা বেড়ে যায়। খরকী গ্রামের নাছিমা বেগম (৩২) আধাভেজা এক বোঝা জ্বালানি কাঠ নিয়ে নতুন বাঁধে আশ্রয় নেওয়া একটি ঘরে জমা রেখেই যেতে যেতে বলেন, ‘যাইগো বুজান, ঘরে পোলাইন থুইয়্যা আইছি, জোয়ার আইয়া পড়ব।’দূর থেকে দেখা গেল হাঁটু সমান কাদার মধ্যে তিনটি শিশু খেলা করছে। এদের একজন সাকিব স্কুলে যেত। গত বছর কাচিয়া গুড়া মিয়ার হাট স্কুল ভেঙে যাওয়ায় সে আর স্কুলে যায় না। জ্যৈষ্ঠ মাস থেকেই তাদের বাড়িতে পানি ওঠা শুরু করেছে। দিনে দুবার প্রায় সাত-আট ঘণ্টা ঘরের মেঝে পর্যন্ত, কখনো তারও বেশি জোয়ারের পানিতে ডুবে যায়।নাছিমার স্বামী রইজল মাঝি (৪৩) মেঘনা নদীতে মাছ ধরেন। মেঘনা ভাঙতে ভাঙতে তাঁদের সব নিয়ে গেছে। এখন আর কিছু বাকি নেই। আছে নদীর কূলে এ বাড়িটি। প্রতিদিন জোয়ারে পানির মধ্যে ডুবে থাকলেও নতুন কোনো স্থানে যাওয়ার সামর্থ্য-অর্থ কিছুই নেই।রইজল বলেন, ‘নিজে কাজেকামে বাইরে বাইরে থাহি, পানির মাইধ্যে ছোড ছোড পোলাইন লইয়্যা বউডা থাহে। সাপ-জোঁকের ভয়। রান্নাঘর নাই, লেপটিন (টয়লেট) নাই। বড়ই কষ্টে আছি।’একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের ফরাজী বাড়িটি নতুন বন্যা নিয়ন্ত্রন বাঁধের বাইরে পড়েছে। ফলে প্রতিদিন দুবার জোয়ারের সময় ঘরে পানি ওঠে। ঘরের গৃহিণী ৬০ বছরের বৃদ্ধা রাজিয়া বিবি প্যারালাইজড হয়ে যাওয়ায় ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। তার পরও তাঁকে প্রতিদিন কমপক্ষে দুই বেলা রান্না করতে হয়। কারণ বাড়িতে রান্নার অন্য কোনো লোক নেই। এ অবস্থায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে হয় তাঁকে। স্বামী আবদুল মালেকও বৃদ্ধ। জোয়ারের সময় বেশির ভাগ সময় তিনি হয় কাঠের দোতলায় ওঠেন। নইলে পানি সাঁতরে বাঁধের ওপরে যান। তবে গৃহিণী বাধ্য হয়ে জোয়ারের সময় একটি চৌকির ওপর তিন-চার ঘণ্টা বসে থাকেন।বিবি রাজিয়া বলেন, ‘পূর্ণিমা-অমাবস্যায় ঘরের খাটের ওপরেও পানি ওডে। হেসুম (তখন) রাত-বিরাইতে কিছু না দেহা গেলেও দিনে পেরাই সাপ ঘরের মাইধ্যে ওডে।’গত ২৬ জুলাই বোরহানউদ্দিন উপজেলার পক্ষীয়া ইউনিয়নের বড় লামছিধলী গ্রামের দুই স্থানে বাঁধ ছুটে গেছে। আর মুহূর্তের মধ্যে দুই ইউনিয়নের দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। ঘরের নারীরা তাঁদের শিশুসন্তান, আসবাব সরানোর চেষ্টা করলেও হারিয়েছেন শত শত হাঁস-মুরগি। ইউনিয়নের বাটামারা স্কুলে পানি উঠে যাওয়ায় ওই এলাকার শিশুরা ক্লাস করতে পারছে না। এক-দেড় বছরের শিশুরা পানির মধ্যে, বাঁধে কাদার মধ্যে হামাগুড়ি দিচ্ছে। তাদের দিকে মা-বাবার কোনো খেয়াল নেই। নিজের একটু আশ্রয় তৈরির কাজে ব্যস্ত।কাচিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলায়েত মীর জানান, ভাঙনকবলিত এলাকার লোকজন পৈতৃক ভিটা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। কাচিয়া খরকী প্রাথমিক বিদ্যালয় ভেঙে যাওয়ায় ওই এলাকার শিশুরা স্কুলে যেতে পারছে না।পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার ধনিয়ার বালিয়াকান্দি থেকে কাচিয়া ইউনিয়ন হয়ে ইলিশা কাশেম মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকা মেঘনার তীব্র ভাঙনের শিকার। ভোলা ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি এলাকার মতো দৌলতখান উপজেলার ভবানীপুর, চেয়ারম্যান বাজার, গুপ্তবাজার, আলীমুদ্দিন, বোরহানউদ্দিন উপজেলার বাটামারা, বড় লামছিধলী, পক্ষীয়া, বড় মানিকার বিভিন্ন স্থান তীব্র ভাঙনের মুখে পড়েছে। ওই এলাকার কয়েক হাজার পরিবার দিশেহারা।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের চেষ্টা চলছে। ভোলার জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম বলেন, ‘ভাঙনকবলিত ও বাঁধহীন এলাকার নারী ও শিশুরা সত্যিই মানবেতর জীবন অতিবাহিত করছে। আমরা সরকার থেকে যে বরাদ্দ পাচ্ছি, তা দিয়ে এসব পরিবারকে সাহায্য করার চেষ্টা করছি।’