বিচারপতি নিজামুল হকের কথিত ‘স্কাইপে কথোপকথন’সহ তথ্য চুরি ও তা প্রকাশের ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। লিখিত বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী ও তাদের সহযোগীরা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে দেশ-বিদেশে বহুমাত্রিক তৎপরতা চালাচ্ছে। শতকোটি টাকা খরচ করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ভাড়া করেছে দলটি। যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে দেশ-বিদেশে চলা এসব চক্রান্ত প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।শাহরিয়ার কবির বলেন, ‘আমরা অনেক দিন ধরেই ট্রাইব্যুনাল ও ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তার দাবি জানাচ্ছি। নিরাপত্তা নজরদারির অপ্রতুলতার কথাও আমরা বলেছিলাম। গোয়েন্দা নজরদারির ব্যর্থতার কারণেই ট্রাইব্যুনালের বিচারকের কম্পিউটারে প্রতিপক্ষের তস্কর হ্যাকাররা অনুপ্রবেশ করেছে। সংশ্লিষ্টরা আগেই সতর্ক হলে তা বন্ধ করা যেত।’ তিনি বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক নাগরিকের চিঠিপত্র ও যোগাযোগের সব উপায়ের গোপনীয়তা রক্ষার অধিকার আছে। এই নিরাপত্তা ভঙ্গকারীর জন্য ফৌজদারি আইনে শাস্তির বিধানও আছে। জামায়াত ও যুদ্ধাপরাধীদের সমর্থক একটি পত্রিকা স্কাইপের যে কথোপকথন প্রকাশ করেছে, সেটি তারা চুরির মাধ্যমে পেয়েছে। কাজেই নাগরিকদের মৌলিক অধিকার ও ফৌজদারি আইন লঙ্ঘন করে চৌর্যবৃত্তির মাধ্যমে তথ্য প্রকাশ করে সংবাদপত্রের নীতিমালা, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করেছে আমার দেশ।নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ‘আমার দেশ পত্রিকা লিখেছে, জিয়াউদ্দিন (আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিন) নির্মূল কমিটির সঙ্গে যুক্ত। কিন্তু জিয়াউদ্দিন বা রায়হান রশিদ কখনোই নির্মূল কমিটির সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না; জিয়াউদ্দিন কোন এখতিয়ারে ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে উপদেশ ও পরামর্শ দেন, আমরা সেটিই জানতে চাচ্ছি।’একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ সুষ্ঠুভাবে করার জন্য সরকারের কাছে পাঁচ দফা দাবিও জানান শাহরিয়ার কবির। তিনি গোটা ট্রাইব্যুনাল এবং বিচারকসহ সবার নিরাপত্তা নিশ্চিত করা; কম্পিউটার হ্যাকিং ও টেলিফোনে আড়িপাতা, ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে অনুপ্রবেশ করে তথ্য চুরি, পাচার ও প্রকাশের বিষয়ে আইনি বিধিনিষেধ আরও কঠোর করার দাবি জানান। রাষ্ট্রপক্ষে আরও দক্ষ আইনজীবী নিয়োগ এবং সুপ্রিম কোর্টের প্রবীণ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি দায়বদ্ধ আন্তর্জাতিক পরিচিতিসম্পন্ন আইনজীবীদের সমন্বয়ে প্রসিকিউশনের জন্য একটি উপদেষ্টামণ্ডলী গঠনেরও দাবি জানান তিনি।শাহরিয়ার কবির চতুর্থ দাবিতে বলেন, সংসদে আইন পাস করে ট্রাইব্যুনালকে স্থায়ী এবং প্রশাসনিকভাবে স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করুন; যাতে সরকার পরিবর্তন হলেও যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়। পঞ্চম দাবিতে তিনি ব্যক্তির পাশাপাশি সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী, শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আল-শামসের বিচার দাবি করেন। তিনি বলেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ না করলে, দলটির অস্ত্র ও অর্থের উৎস বন্ধ না করলে, মুক্তিযুদ্ধের সব অর্জন নস্যাৎ হয়ে যাবে।নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি আমিরুল ইসলাম বলেন, কারও কম্পিউটার হ্যাক করলে তথ্যপ্রযুক্তি আইনে ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। শুধু তা-ই নয়, চৌর্যবৃত্তি দ্বারা পাওয়া কোনো তথ্য ব্যবহার করাও একই অপরাধ। কাজেই আমার দেশ পত্রিকার সংশ্লিষ্টদের বিচার হওয়া উচিত।নির্মূল কমিটির সহসভাপতি মুনতাসীর মামুন বলেন, যে বিচারের অপেক্ষায় জাতি, সেই বিচার বন্ধ করার জন্য উঠেপড়ে লেগেছে যুদ্ধাপরাধীদের দুটি দল জামায়াত ও বিএনপি। তিনি বলেন, স্কাইপ কথোপকথন প্রকাশের দায়ে এখনো কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। মন্ত্রীদের অতিকথনের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকারের প্রত্যেক মন্ত্রী প্রতিদিন রায়ের একেকটা ঘোষণা দিচ্ছেন। তাঁদের বুঝতে হবে এটা একটা বিচার, রাজনীতির ইস্যু না।’শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, ৪১ বছর ধরে বাংলাদেশের প্রতিটি শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবার এই বিচারের অপেক্ষায় আছে। বিএনপি-জামায়াত-শিবির এই বিচার বানচালের চক্রান্ত করছে। কিন্তু এই বিচার না হলে মুক্তিযুদ্ধের চেতনাই ধ্বংস হয়ে যাবে।আরও বক্তব্য দেন ব্যারিস্টার তুরীন আফরোজ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, মুক্তিযুদ্ধে শহীদের সন্তান গাজী সালাহউদ্দিন প্রমুখ।