উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি
উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। আজ শনিবার বিকেল চারটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার একদিকে বিদ্যুতের দাম বাড়াচ্ছে, অন্যদিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে ব্যর্থ হচ্ছে। তাঁরা আরও অভিযোগ করেন, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য নয়, বরং নিজেদের লুটপাটের জন্য সরকার রেন্টাল ও কুইক রেন্টাল প্ল্যান্ট স্থাপন করেছে। এ সময় বক্তারা স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার বিচার দাবি করেন তাঁরা। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে ও সহসভাপতি লুত্ফুন নাহারের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিজান রহমান, সহসাধারণ সম্পাদক সুলতান মামুন, সাংগঠনিক সম্পাদক রায়হান তাহারাত লিয়ন, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।