উচ্চরক্তচাপের ঝুঁকিতে ভারতের অধিকাংশ সেনাসদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সেনাবাহিনীর সদস্যদের প্রতি পাঁচজনের মধ্যে চারজন উচ্চরক্তচাপের ঝুঁকিতে আছেন। এক-তৃতীয়াংশ স্থূলকায় আর দুই-তৃতীয়াংশের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে। তাঁদের শরীরচর্চার অভ্যাসও কম। শুধু তা-ই নয়, খাদ্যতালিকায় প্রায়ই ঘি আর মাখন থাকে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের এক সমীক্ষা থেকে এসব তথ্য জানা গেছে। ভারতের সেনাবাহিনীর ১৩০ জন কর্মকর্তাসহ ৭৬৭ জন স্বাস্থ্যবান জওয়ানের ওপর এ সমীক্ষা চালানো হয়। তাঁদের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে।সমীক্ষায় দেখা গেছে, শুধু কম শরীরচর্চা করাই নয়, অতিরিক্ত খাওয়ার কারণে সেনাবাহিনীর সদস্যদের ওজন বেড়ে গেছে। বেশির ভাগ সদস্য খাবারের সঙ্গে অতিরিক্ত লবণ ও আচার এবং প্রচুর পরিমাণে ঘি ও মাখন খান। সমীক্ষায় বলা হয়, প্রতি পাঁচজনের মধ্যে চারজনই উচ্চরক্তচাপের ঝুঁকি ও হূদরোগে ভুগছেন। সেনাবাহিনীর তরুণ সদস্যরা ধূমপানও করেন বেশি। ইন্ডিয়ান জার্নাল অব মেডিকেল রিসার্চের ওই সমীক্ষা বলছে, জরিপে অংশ নেওয়া সেনাসদস্য ও কর্মকর্তাদের মধ্যে ৬৭০ জন বিবাহিত।নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা বলেন, সরকার তাঁদের খাওয়ার জন্য শাকসবজি, ফল, রুটি, চাল, মাখন ও দুধ বরাদ্দ দেয়। এর বাইরেও তাঁরা অন্যান্য খাবার গ্রহণ করেন বলেই এই বিপত্তি। টাইমস অব ইন্ডিয়া।