শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উচ্চশিক্ষার মান উন্নয়ন, নিয়ন্ত্রণ ও সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে উচ্চশিক্ষা কমিশন গঠনের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে।আজ রোববার জাতীয় সংসদে মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, কমিশন গঠনের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছে। প্রস্তাবটি প্রধানমন্ত্রীর সক্রিয় বিবেচনায় রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তর করলে খুব বেশি অতিরিক্ত টাকার প্রয়োজন হবে না। মঞ্জুরি কমিশনের জন্য ২০১২-১৩ অর্থবছরের বরাদ্দকৃত বাজেটের অতিরিক্ত ১০ লাখ ৯২ হাজার ২০০ টাকা প্রয়োজন হবে। এ অর্থবছরে কমিশনের নিজস্ব বাজেটে উদ্বৃত্ত আছে নয় লাখ ৮৩ হাজার টাকা। অর্থাত্, এ মুহূর্তে উচ্চশিক্ষা কমিশন প্রতিষ্ঠা করা হলে সরকারকে অতিরিক্ত বরাদ্দ দিতে হবে মাত্র এক লাখ নয় হাজার ২০০ টাকা।অন্য এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে এগিয়ে আনা, কোর্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা নেওয়া, দ্রুত ফল প্রকাশ করা, অনার্স পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাস্টার্স কোর্সে সাময়িক ভর্তি, আঞ্চলিক কেন্দ্র কার্যকর করা ও লোকবলের সংকট নিরসন করা।বিকেলে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর-পর্ব টেবিলে উত্থাপিত হয়। শোক প্রস্তাব গৃহীত: সরকারদলীয় সাংসদ মতিউর রহমানের মৃত্যুতে আজ সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়। এরপর সাংসদেরা এক মিনিট নীরবতা পালন করেন। প্রথা অনুযায়ী, কোনো সাংসদের মৃত্যুর কারণে সংসদের কার্যক্রম ওই দিনের মতো মুলতবি করা হয়। স্পিকার আজ দিনের কার্যসূচি মুলতবি করেন। কাল সোমবার বিকেল পাঁচটায় আবার অধিবেশন বসবে।শোক প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বলেন, মতিউর রহমান সেবা দিয়ে মানুষের হূদয় জয় করেছেন। তাঁর মৃত্যুতে দেশ ও দলের অনেক বড় ক্ষতি হয়েছে।