শিশুকালেই বড়দের মতো হাড়ভাঙা পরিশ্রম করেন ওঁরা। উপার্জন করে সংসারে জোগান দেন। কেউ কেউ নাগরিক সুবিধাবঞ্চিত দুর্গম এলাকায় থেকে পড়াশোনা করেন। শারীরিক প্রতিবন্ধকতাও আছে কয়েকজনের। এত সব বাধাবিপত্তি জয় করে ওঁরা প্রথম সাফল্য পান ২০১০ সালের এসএসসি পরীক্ষায়। আর ২০১২ সালের এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করেছেন তাঁরা।কোনো বাধাই দমাতে পারেনি এই মেধাবীদের। তাই প্রথম আলোয় ‘অদম্য মেধাবী’র ব্যানারে ওঁদের জীবনযুদ্ধের কথা প্রকাশ করা হয়। ৫০ জনকে বাছাই করে শিক্ষাবৃত্তি দেয় ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল। দুই বছর পর আবার সাফল্য।৫০ জনের মধ্যে একজন গুরুতর অসুস্থ থাকায় পরীক্ষা শুরু করেও শেষ করতে পারেননি।আরেকজন পলিটেকনিক কলেজে পড়ছেন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ২৯ জন বিজ্ঞানে, ১২ জন মানবিকে ও সাতজন ব্যবসায় শিক্ষা বিভাগের। ৪৮ জনের মধ্যে ৩৪ জনই এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছেন। তার মধ্যে আটজন সব বিষয়ে জিপিএ-৫ অর্জন করেছেন। বাকিদের নম্বর খুব কাছাকাছি—অল্পের জন্য জিপিএ-৫ পাননি তাঁরা।অদম্যদের এই সাফল্য প্রথম আলোর পাঠকদের নিশ্চয়ই আরেকবার আনন্দ দেবে—মনে শান্তি আনবে। সেই সঙ্গে তাঁদের আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা থাকবে। ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিলও তাঁদের সঙ্গেই আছে। ৩৪ জনের প্রত্যেককে উচ্চশিক্ষা বৃত্তি দেবে এই তহবিল। তবে তাঁদের আবার লড়াই করে টিকতে হবে উচ্চশিক্ষার বিদ্যাপীঠে। এরই মধ্যে শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদসহ নানা পেশায় নিয়োজিত হওয়ার আগ্রহ করেছেন অদম্য মেধাবীরা। অঙ্গীকার করছেন পরিবার-সমাজ-দেশের জন্য কাজ করার। আবারও অপেক্ষার পালা। পাঠকসহ সবার প্রত্যাশা এখন তাঁদের ভবিষ্যতের দিকে। এর আগে ১০ জনের সাফল্যের কথা শুনেছি। আজ আরও ২৪ জনের সাফল্য নিয়ে বিশেষ আয়োজন: দৃষ্টিশক্তি নেই। দিনমজুর বাবার নেই পড়ানোর সামর্থ্য। তার পরও সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুরারকুটি গ্রামের মো. আবদুর রাজ্জাক। সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের এই কৃতী শিক্ষার্থী বলেন, ‘আমার জীবন চলার পথে চোখের আলো নেই। প্রথম আলো আমার পাশে দাঁড়িয়েছিল বলেই আমার জ্ঞানের আলো লাভের পথ খুলে গেছে।’ ভবিষ্যতে আইনজীবী বা আইন বিষয়ের শিক্ষক হতে চান রাজ্জাক। তানিয়া খাতুন সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন খুলনার ডুমুরিয়া উপজেলার শহীদ সঞ্চৃতি মহিলা মহাবিদ্যালয় থেকে মানবিক বিভাগে। তাঁর বাবা থাকতেও নেই। মায়ের রোজগারে চলে তিন ভাইবোনসহ চারজনের সংসার। তানিয়া বলেন, ‘এসএসসির পর যখন বাড়ির বাইরে আসতে হলো, তখন আমি সম্পূর্ণ অসহায়।’ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়তে চান তানিয়া। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর গ্রামের রাজমিস্ত্রির ছেলে আবদুল কাদের। সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে। কাদের বলেন, ‘২০১০ সালে ঢাকায় অদম্য মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে এবং বৃত্তি পেয়ে আমার মধ্যে দৃঢ় প্রত্যয়ের সৃষ্টি হয়। মনে এই ভাবনা জাগে, বৃত্তির মর্যাদা আমাকে রাখতেই হবে। আমি তা পেরেছি।’ এখন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন কাদের।নাটোরের একটি ছাত্রাবাসের শিক্ষার্থীদের খাবারের দায়িত্ব পালন করতেন মা। ছাত্রাবাসের অনেকে ভালো ফল করে চিকিৎসক, প্রকৌশলী হয়েছেন। সেখান থেকে মায়ের স্বপ্ন জাগে নিজের একমাত্র ছেলে মামুন হোসেনকে চিকিৎসক বানানোর। সেই মামুন এসএসসির মতো এবার এইচএসসিতেও বিজ্ঞান বিভাগে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন। মামুন হোসেন বলেন, ‘প্রথম আলোকে কথা দিয়েছিলাম, মায়ের স্বপ্ন পূরণ করব। এবার মূল লড়াই।’মামুনের মতো ভালো চিকিৎসক হয়ে সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের সেবা করতে চান সিলেটের বিশ্বনাথ উপজেলার শামছুল হক ও খুলনার কয়রা উপজেলার প্রত্যন্ত হাতিয়ারডাঙ্গা গ্রামের গোপাল বাছাড়। দরিদ্র কৃষক পরিবারের এই দুই সন্তান এবারও বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে শামছুল হক বাকপ্রতিবন্ধী।রংপুরের তারাগঞ্জ উপজেলার নদীরপাড় গ্রামের বর্ষা রানী ও কুড়িগ্রাম পৌরসভার কাশিয়াবাড়ী এলাকার সামসুন্নাহার শিমু ভালো শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন। দুজনই মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন। ফলাফল ঘোষণার পর প্রথম আলোর কুড়িগ্রাম অফিসে শুধু কাঁদেন শিমু—আনন্দের কান্না। জানান, ‘বৃত্তি না পেলে পড়াশোনা বন্ধ হয়ে যেত।’ফেনীর সোনাগাজীর লিংকন চন্দ্র ঘোষদের ভিটেবাড়ি ছাড়া কিছু নেই। বাবা সুনীল চন্দ্র ঘোষ মানসিক প্রতিবন্ধী। মা পাখী রানী ঘোষ শ্রমজীবী। পাখী রানী ঘোষ বলেন, ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলোর বৃত্তি পেয়ে গত দুই বছর ছেলেটা ঠিকমতো লেখাপড়া করতে পেরেছে। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়তে আগ্রহী। পারবে কি না, একমাত্র বিধাতাই জানেন।’[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন শেখ আবু হাসান, খুলনা; আবু তাহের, ফেনী; সফি খান, কুড়িগ্রাম; আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ; আবদুর রব, লালমনিরহাট; মুক্তার হোসেন, নাটোর; কাজী আবদুল্লাহ্, খুলনা; রহিদুল মিয়া, তারাগঞ্জ (রংপুর); প্রনঞ্জয় বৈদ্য, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি]