উচ্চশিক্ষাতেও চাকরি মিলছে না দৃষ্টিপ্রতিবন্ধী নাজিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃষ্টিপ্রতিবন্ধী নাজিয়া হোসেন বলেন, ‘আমি চোখে দেখি না। কিন্তু আমার শিক্ষাগত যোগ্যতা আছে। সমাজ আমার সে যোগ্যতাকে মূল্যায়ন করে না। শুধু দেখে দৃষ্টি আছে কি না। তাই যেখানে যাই, সেখানে মুখে আশ্বাস দিলেও পরে আর কেউ চাকরি দিতে চায় না।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে নাজিয়া দ্বিতীয় শ্রেণী পেয়ে এম এ পাস করেছেন। ষাটের দশকে যাত্রা শুরু করা ইতিহাস বিভাগের নাজিয়ার মতো দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর এম এ পাস করার ঘটনাটি একটি ইতিহাস। এত সাফল্যের পরও একটি চাকরি পাচ্ছেন না। যেখানেই যাচ্ছেন, সেখানেই বলা হচ্ছে, ‘তুমি কী কাজ করবে? কম পড়াশোনা হলে তাও না হয় ব্যবস্থা করা যেত। তোমার যোগ্যতা অনুযায়ী কাজ নেই।’নাজিয়ার বাড়ি শরীয়তপুরে। নাজিয়া ছোট থাকতে তাঁর বাবা মারা গেছেন। মা অসুখে বিছানায় শুয়ে আছেন অনেক আগে। তিন বোন, দুই ভাইয়ের মধ্যে নাজিয়া সবার ছোট। এক বোনের বিয়ে হয়নি। ভাইদের সংসার আছেন, আর্থিক অবস্থাও খারাপ। একটি অসুখে তিন বছর বয়স থেকে নাজিয়া পুরোপুরি দৃষ্টিপ্রতিবন্ধী হয়ে পড়েন।নাজিয়া জানান, তাঁর যোগ্যতা অনুযায়ী একটি চাকরি চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে মার্চে তাঁর হাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি চিঠির অনুলিপিও দেওয়া হয়েছে। কিন্তু এরপর আর কিছু জানা যায়নি। নাজিয়া নিজ উদ্যোগে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের বাসায় দেখা করেন। মন্ত্রীও তাঁকে আশ্বাস দিয়েছেন। সমাজসেবা অধিদপ্তরে একটি চাকরির জন্য দরখাস্ত করেছিলেন। দুই বছরেও অধিদপ্তর থেকে ডাক আসেনি। তিনি বলেন, শিক্ষাগত যোগ্যতা নিয়ে যখন কোনো কথা বলতে পারে না, তখন কম্পিউটার প্রশিক্ষণ নেই বা অন্য কোনো কারণকে সামনে নিয়ে আসেন চাকরিদাতারা। গত বছর এম এ পরীক্ষার ফল বের হওয়ার পর অনেক চেষ্টায় নাজিয়া একটি বেসরকারি সংস্থায় চাকরি পান। কিন্তু কিছুদিনের মাথায় হুট করে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। তিনি জানেন না সামনের দিনগুলো কীভাবে পার করবেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ার পর অনুরোধের ভিত্তিতে আপাতত মোহাম্মদপুর মহিলা কলেজের হোস্টেলে থাকছেন। সেখানে মাসে আড়াই হাজার টাকা দিতে হচ্ছে।নাজিয়া চোখে দেখেন না। তারপরও একটি প্রতিষ্ঠান তাঁকে ফটোগ্রাফি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়েছিল। ওই প্রশিক্ষণের পর মানুষ, শহীদ মিনার ও স্মৃতিসৌধের ছবি তুলেছেন নাজিয়া। লন্ডন থেকে যে প্রশিক্ষক প্রশিক্ষণ দিয়েছিলেন, তিনি দৃষ্টিপ্রতিবন্ধীরাও যে ছবি তুলতে পারেন এর উদাহরণ হিসেবে তুলে ধরতে নাজিয়ার তোলা ছবিগুলো দিয়ে লন্ডনে প্রদর্শনীর ব্যবস্থা করেছেন। মামি নাসিমা বেগম ছোট নাজিয়াকে ঢাকায় এনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। মামি, শিক্ষক ও বন্ধুবান্ধবদের সহায়তায় তিনি এ পর্যন্ত এসেছেন। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে নাজিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, ‘সবাই বলে তোমার পড়াশোনা শেষ, বাড়ি চলে যাও। একটি চাকরি খোঁজার আশায় সংগ্রাম করে ঢাকায় ছিলাম। আমার মনে হয় সম্ভব হবে না। তাই ভাবছি, বাড়ি চলে যাব।’ তারপর আপন মনে বললেন, ‘বিয়ে নিয়ে চিন্তা করিনি। নিজে ও মা, বোন বা পরিবার নিয়ে চলতে পারি সে ধরনের একটি চাকরি পেলেই জীবনটা চলে যাবে।’ জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকারবিষয়ক কমিটির সদস্য দৃষ্টিপ্রতিবন্ধী মনসুর আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এ দেশে প্রতিবন্ধীদের অধিকারে আইন আছে। জাতিসংঘের এ বিষয়ক সনদে সরকার স্বাক্ষর করেছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রতিবন্ধী ব্যক্তি স্বাভাবিক কাজকর্ম করতে পারে বা করবে, এটি মানার মতো মন-মানসিকতা এখনো সমাজে তৈরি হয়নি।’