শিক্ষা মন্ত্রণালয় ২০০৭ সালের ২ নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শাখা ক্যাম্পাস এবং দূরশিক্ষণ পদ্ধতির শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। সদ্য প্রণীত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বাংলাদেশে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা বৈধ নয়। কিন্তু দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অবস্থাটা হচ্ছে, ‘কাজির গরু কেতাবে আছে গোয়ালে নেই’।দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ৮৪টি শাখা (প্রকৃত সংখ্যা শতাধিক) ছড়িয়ে-ছিটিয়ে আছে দেশজুড়ে। যেসব এলাকায় এর অবৈধ শাখা আছে, সেখানকার জেলা প্রশাসন ও পুলিশ বিষয়টি অবগত। একাধিকবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয় চিঠি দিয়ে অবৈধ শাখা সম্পর্কে স্থানীয় প্রশাসনকে অবহিত করেছে। কয়েক দফা গণবিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করেছে শিক্ষার্থী ও অভিভাবকদের।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ইউজিসির চেয়ারম্যান নজরুল ইসলামসহ শিক্ষার নীতিনির্ধারক পর্যায়ের সবাই দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের হালচাল সম্পর্কে অবগত। গত বছরের ১১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুব শিগগির ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। প্রায় আড়াই মাসে ব্যবস্থা কতটুকু নেওয়া হয়েছে, সেই প্রশ্ন তোলা নিশ্চয়ই অযৌক্তিক হবে না।ইউজিসির ২০০৯ সালের সর্বশেষ প্রতিবেদনে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এত কিছুর পরও এমন একটি বিশ্ববিদ্যালয় কীভাবে সনদ বিক্রির ব্যবসা করছে, তা শিক্ষাসংশ্লিষ্ট কারও বোধগম্য নয়। কিন্তু ‘ম্যাঁও ধরবে কে?’—এমন একটি অবস্থা তৈরি হয়েছে। ফলে সরকার, শিক্ষা কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসন সবকিছু দেখেও না দেখার ভান করছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-মালিকদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির একজন নেতা সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘বঙ্গোপসাগরে গেলেও দারুল ইহসানের শাখা পাওয়া যাবে।’ গত কয়েক মাসে শুধু প্রথম আলোর প্রতিবেদক ও প্রতিনিধিরা দারুল ইহসানের ১৫-২০টি শাখার ওপর প্রতিবেদন পাঠিয়েছেন এবং সেগুলো প্রকাশিত হয়েছে। অন্যান্য সংবাদমাধ্যমে প্রায়ই ওই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রতিবেদন ছাপা হচ্ছে। এত কিছুর পরও জেনে বা না জেনে একটি অবৈধ ও শেকড়হীন বিশ্ববিদ্যালয়ের শাখা-প্রশাখায় শিক্ষার্থীদের ভর্তি থেমে নেই। কেউ বা আইনের আশ্রয় নিয়ে, কেউ কেউ প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়ের নামে সনদ বিক্রির কারখানা চালাচ্ছেন। প্রায় এক যুগের পথ পরিক্রমায় জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, বিএনপি থেকে শুরু করে এখন আওয়ামী লীগ-সমর্থক প্রভাবশালীরাও এই বিশ্ববিদ্যালয়ের মালিকানার দাবিদার। এমনকি সরকারের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা কিছু ব্যক্তি ও সাবেক ছাত্রলীগের নেতারাও জড়িয়ে পড়েছেন। ফলে শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে না বলে আভাস পাওয়া যাচ্ছে। পুলিশ ও প্রশাসনও এক ধরনের নীরব দর্শক। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির মালিকানা নিয়ে প্রায় ৪০টি পরস্পরবিরোধী মামলা রয়েছে বিভিন্ন আদালতে। মামলা ও মালিকানার কারণে কোনো পক্ষের মনোনীত উপাচার্য রাষ্ট্রপতি তথা আচার্যের স্বীকৃতি পাচ্ছেন না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ সৈয়দ আলী আশরাফ কম খরচে এতিম, দরিদ্রসহ অন্যান্য শিক্ষার্থীর উচ্চশিক্ষা দেওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। নিঃসন্তান এই ধর্মীয় ব্যক্তিত্ব তাঁর কয়েক শ কোটি টাকার ধনসম্পদ ট্রাস্টের মাধ্যমে জনকল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত নেন। ট্রাস্টের ব্যবস্থাপনা ট্রাস্টি ছিলেন তাঁর ভাই মরহুম সৈয়দ আলী নকী। ২০০৬ সালের শেষ দিকে মরহুম মনিরুল হক দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন। এরপর সৈয়দ আলী নকী ওই নিয়োগের বিরুদ্ধে আদালতে রিট আবেদন করেন। তিনি জয়েন্ট স্টক কোম্পানিতে ‘দারুল ইহসান ট্রাস্ট’ নামে একটি ট্রাস্টি বোর্ড নিবন্ধন করেন। এরপর পৃথকভাবে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুলে শুরু করেন শিক্ষা কার্যক্রম। তাঁর নেতৃত্বে ২৯টি আউটার ক্যাম্পাস ছিল। সৈয়দ আলী নকীর মৃত্যুর পর তাঁর পক্ষের গ্রুপটি ভেঙে আরও নতুন তিনটি গ্রুপের উদ্ভব হয়েছে। প্রতিটি গ্রুপ নিজেদের বৈধ কর্তৃপক্ষ বলে দাবি করছে। তিনটি গ্রুপের মধ্যে জনৈক বজলে রাব্বী সাভারের গণকবাড়িতে ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। ঢাকার মধ্যে ও ঢাকার বাইরে এ গ্রুপের ৩৩টি আউটার ক্যাম্পাস রয়েছে। মো. আবুল হোসেন নামের আরেক ব্যক্তি উত্তরায় বিএনএস সেন্টারে ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর নিয়ন্ত্রণে রয়েছে ২২টি আউটার ক্যাম্পাস। আরেকটি গ্রুপের প্রধান আকবর উদ্দিন আহমেদ কারওয়ান বাজার বিডিবিএল ভবনে ক্যাম্পাস খুলেছেন এবং এই গ্রুপেরও শাখা রয়েছে। এ ছাড়া মরহুম মনিরুল হক গ্রুপ ধানমন্ডিতে (বাড়ি নং-২১, রোড নং-৯/এ (নতুন), ধানমন্ডি আ/এ) অবস্থান করছে।বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামে এ ধরনের নৈরাজ্য ও সনদ বিক্রি সারা দেশে চললেও তা ঠেকানোর কেউ আছে বলে মনে হয় না। শিক্ষা মন্ত্রণালয় গত দুই বছরে বেশ কিছু সাফল্য দেখিয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২৪ কোটি শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দেওয়া, ধর্মভিত্তিক কিছু দলের হুমকি উপেক্ষা করে জাতীয় শিক্ষানীতি তৈরি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণীর মালিক-উদ্যোক্তার মত অনেকটা উপেক্ষা করে আইন প্রণয়নের মতো কঠিন কাজগুলো করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং এর কৃতিত্ব বহুলাংশে শিক্ষামন্ত্রীর। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নৈরাজ্য বন্ধে তিনি পিছু হটবেন, এটা প্রত্যাশিত বা কাম্য নয়। তাই ব্যবস্থা নেওয়া হবে, হচ্ছে—এটা দেখার সময় আর নেই। এ পর্যন্ত অসংখ্য তদন্ত হয়েছে, কেউই বিশ্ববিদ্যালয়ের নামে যেসব কর্মকাণ্ড চলছে, তা সমর্থন করেননি। তাই দারুল ইহসান বিশ্ববিদ্যালয়টি আগে বন্ধ করে পরে তদন্ত করা হোক। নইলে দেশজুড়ে হাজার হাজার শিক্ষার্থী প্রতারিত হতেই থাকবেন। আর আইনি জটিলতা থাকলে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে পরামর্শ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। কোনো অজুহাতই এই বিশ্ববিদ্যালয়টি রক্ষার জন্য আর যথেষ্ট নয়। [email protected]