১৯৪৭ সালে যখন দেশ ভাগ হলো এবং আমরা পাকিস্তান নামের একটা দেশের নাগরিকত্ব পেলাম, তখন ব্রিটিশ-প্রবর্তিত শিক্ষা ব্যবস্থাই চালু ছিল, যার মূল কথা ছিল, বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষায় মান রক্ষা ও নির্ধারণ করবে। পরে দিনে দিনে ওই ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। সবচেয়ে বড় কথা হলো, উচ্চশিক্ষার বিস্তার ঘটেছে। ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে, প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে এবং চাহিদা মোকাবিলা করতে নতুন নতুন প্রতিষ্ঠান গড়তে হয়েছে। সাতচল্লিশ সালে পূর্ববাংলাকে নিয়ে যে প্রদেশ, সেখানে ছিল একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। শুরুতে এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্ষেত্র খুবই সীমিত ছিল, ঢাকা শহরের মধ্যেই তার কার্যক্রম বিস্তৃত ছিল। এটা ছিল টিচিং ইউনিটারি ইউনিভার্সিটি। এখানে পাঠদান হতো, এখানে যাঁরা পাঠ গ্রহণ করতেন, তাঁদের পরীক্ষা নেওয়া ও ডিগ্রি দেওয়ার দায়িত্ব পালন করত ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু প্রদেশের বাকি অংশের উচ্চশিক্ষার নিয়ন্ত্রণটা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাতে। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে এসে পড়ে সাতচল্লিশ সালে দেশভাগের পর। যতগুলো কলেজ তখন ছিল, সেগুলোর দায়িত্ব পেল ঢাকা বিশ্ববিদ্যালয়। এ কারণে তার চরিত্রটা বদলে গেল। এটি হয়ে গেল অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি। টিচিং এবং অ্যাফিলিয়েটিং দুটোরই দায়িত্ব পালন করতে থাকল ঢাকা বিশ্ববিদ্যালয়। সাতচল্লিশ সালে আমি ছাত্র হিসেবে যখন কলকাতা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাম, তখন এই পরিস্থিতিটা তৈরি হলো। ঢাকায় যে অনার্স চালু ছিল, কলকাতার সঙ্গে তার একটা বিশেষ পার্থক্য ছিল। কলকাতায় ছিল দুই বছরের অনার্স এবং দুই বছরের মাস্টার্স। ঢাকায় হলো তিন বছরের অনার্স। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস কোর্সও চালু ছিল এবং সেটা ছিল দুই বছরের। দেশভাগের পর ঢাকার ওপর নতুন দায়িত্ব এসে পড়ল। অন্যদিকে টিচিং ইউনিভার্সিটি হিসেবেও তার ওপর যে দায়িত্ব ছিল, সেখানে সমস্যা দেখা দিল।কারণ, শিক্ষকদের অধিকাংশ ছিলেন হিন্দু। তাঁরা আস্তে আস্তে বিশ্ববিদ্যালয় ত্যাগ করে চলে যেতে থাকলেন। অভিজ্ঞ এই শিক্ষকমণ্ডলীর শূন্যস্থান পূরণের মতো যোগ্য লোক ছিলেন না বললেই চলে। এ অবস্থার মধ্যে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুটা বেসামাল অবস্থার সৃষ্টি হয়, যা অন্তত ১০-১২ বছর বিদ্যমান ছিল। আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতিটাকে সামলে নেয়। এই সময় আরও একটি ব্যাপার ঘটল। এতদঞ্চলের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে যে অবস্থানটা ঢাকার ছিল, সেখানেও পরিবর্তন দেখা দিল। প্রথমে হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। ১৯৫৪ সালে পাস হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন। ১৯৬৫ সালের দিকে প্রতিষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। একাত্তরে লক্ষ করা যায়, ঢাকা ছাড়াও রাজশাহী, চট্টগ্রামসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। ষাটের দশকের শুরুতে ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকায় প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৭০ সালেও আমাদের মুক্তিযুদ্ধের ঠিক আগের বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।একাত্তরে বাংলাদেশ যখন স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করল, তখন আমাদের দেশে ছয়টি বিশ্ববিদ্যালয়। এখন ২০১০ সালে ছয়টির জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩০টির অধিক। এ ছাড়া প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০ সালে পাস হওয়ার পর তার সংখ্যাও বেড়ে চলেছে। বর্তমানে যার সংখ্যা এসে দাঁড়িয়েছে ৫৩টিতে। এ ছাড়া যাঁরা বিভিন্ন কলেজ থেকে পরীক্ষা দিচ্ছেন মাস্টার্স করার লক্ষ্যে, তাঁদেরও ইউনিভার্সিটিতে আসতে হয়। এর পাশাপাশি অনেক কলেজে মাস্টার্স পড়ানো হচ্ছে। শিক্ষার্থীরা কলেজেই পড়ছেন, পরীক্ষা দিচ্ছেন কিন্তু ডিগ্রিটা দিচ্ছে বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষার এই যে বিস্তার, সংখ্যা বৃদ্ধি, আয়তন বৃদ্ধি—এসব দিক থেকে বলা যায়, সংখ্যা যেহেতু একটি বিশেষ মাত্রা ছাড়িয়ে গেছে, তাই সেটি প্রকারান্তরে গুণগত পরিবর্তনেরই আভাস দিচ্ছে। এসব দেখভাল ও তদারক করার জন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার দুই বছর পর, ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত হয়। তাদের দায়িত্ব হলো পুরো উচ্চশিক্ষাব্যবস্থার ওপর নজরদারি করা। যথাযথভাবে মান রক্ষা হচ্ছে কি না, বিশ্ববিদ্যালয় ঠিকভাবে চলছে কি না, বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার যে টাকাটা ব্যয় করবে, সেটা ঠিকভাবে ব্যয় করা হচ্ছে কি না—এ রকম বিবিধ বিষয় দেখা হলো তাদের কাজ। শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে এটি দেওয়া হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে।উচ্চশিক্ষার বর্তমান পরিস্থিতি বুঝতে গেলে এসব বিষয় আমাদের সামনে রাখতে হবে। যার মধ্যে রয়েছে অনেক বিশ্ববিদ্যালয় (সরকারি-বেসরকারি) এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সরকার যা কিছু খরচ করছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সেটা করছে। এই বাস্তবতা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ধারণাটা এসেছে বাইরে থেকে। ব্রিটেনে রয়েছে, ভারতে রয়েছে। ‘ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন’ নামের প্রতিষ্ঠানের মাধ্যমে সেসব দেশের বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয়। উচ্চশিক্ষার দায়িত্বটা প্রায় পুরোপুরি সরকারের। এ কারণে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের পেছনে যে খরচ, তার সিংহভাগ ব্যয় করছে সরকার। শিক্ষার্থীরা কিছু বেতন অবশ্যই দেয়, কিন্তু তা অতি সামান্য। আমাদের এখানেও উচ্চশিক্ষার জন্য সরকারের যে ব্যয়, তার সামান্য আসে শিক্ষার্থীদের বেতন থেকে। এ কারণে আমাদের উচ্চশিক্ষাটা পুরোপুরি সরকারি সাহায্যনির্ভর। এই যে সরকারি সাহায্যনির্ভরতা, এই মূল বিষয়টাকে নিয়ে কথাবার্তা অনেক হয়েছে। প্রশ্ন উঠেছে, এটা ঠিক কি না। অনেক দেশই রয়েছে, যেখানে আমাদের চেয়েও বেশি মাত্রায় সরকারি সাহায্যনির্ভরতা রয়েছে। আমাদের এখানে সরকারি সাহায্যনির্ভরতা শতকরা ৯০ ভাগ, সেসব দেশে শতকরা ১০০ ভাগ। আবার এমন দেশও রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে সরকারের দায়িত্ব খুবই সীমিত। অর্থাৎ, বিশ্ববিদ্যালয়গুলো সেখানে মূলত শিক্ষার্থীর বেতনের টাকাতেই চলে। বেতন ও অনুদানই তাদের চালিকাশক্তি।বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে চলবে, তার অর্থনৈতিক ব্যবস্থাটা কী, সেটা যদি বুঝতে হয়, তাহলে আমাদের অতীতে ফিরে যেতে হয়। ব্রিটিশ আমলেও উচ্চশিক্ষাব্যবস্থায় যা সরকারি সাহায্যনির্ভরতা ছিল, এখন সেটা আরও বেশি সরকারি সাহায্যনির্ভর হয়েছে। সরকার তার দায়িত্বটা আরও বাড়িয়েছে। সরকার শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রে নয়, সব স্তরের শিক্ষার ক্ষেত্রেই এই দায়িত্বটা বাড়িয়েছে।অনেকে মনে করেন, এ কারণে আমাদের উচ্চশিক্ষায় শৃঙ্খলা থাকছে না। ছাত্রদের চাহিদা, যৌক্তিক-অযৌক্তিক দাবি, বিভিন্ন রকমের পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি—সব মিলিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম, সেটা সমানভাবে চলছে না। প্রায়ই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়, ছাত্র আন্দোলন চলে। এই আন্দোলন আগেও ছিল। তখন ছাত্রদের আন্দোলনটা রাজনৈতিক আন্দোলনের মধ্যেই সীমিত ছিল। এ ছাড়া কতগুলো দাবিদাওয়া নিয়ে আন্দোলন চলত। ফলে আমরা একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। দেখা গেল, সময়মতো কিছুই হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোও সময়মতো নেওয়া হচ্ছে না। পরীক্ষার ফলও সময়মতো বের হচ্ছে না এবং চার বছরের কোর্স করতে এসে ছেলেমেয়েরা ছয়-সাত বছর বিশ্ববিদ্যালয়ে থাকতে বাধ্য হচ্ছে। তা ছাড়া বর্ধিত চাহিদাও গুটিকয়েক বিশ্ববিদ্যালয় মেটাতে পারছিল না। এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চিন্তাটা এসে গেল। আমাদের যদি সরকারের ওপর নির্ভরশীলতা না থাকে, আমরা যদি নিজেরাই বিশ্ববিদ্যালয় গড়ে তুলি, তাহলে এ সমস্যাটা এড়ানো যাবে। এই চিন্তাটা যে মোটামুটি সঠিক ছিল, সেটা প্রমাণিত হয়েছে। কারণ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সেশনজট বলতে গেলে নেই। এখানে শিক্ষার্থীর বেতনের হার সরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি। অনেক বেশি টাকা দিয়ে যাঁরা পড়তে এসেছেন, তাঁরা কোনোভাবেই চাইবেন না তাঁদের পরীক্ষা পিছিয়ে যাক, চার বছরের কোর্স ছয় বছরে শেষ হোক।যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা উঠল, তখন আমরা ভেবেছিলাম এটাতে শিক্ষার বাণিজ্যিকীকরণ হয়ে গেল। শিক্ষা একটা পণ্য হয়ে গেল। প্রশ্ন দেখা দিল, এটা কি ভালো হবে? যুক্তরাষ্ট্রের মতো ধনতান্ত্রিক দেশে এটা হয়তো ঠিকই আছে, কিন্তু আমাদের মতো দরিদ্র দেশে শিক্ষা পণ্য হওয়া মানেই সেই শিক্ষার সুযোগ গরিব ছেলেমেয়েরা পাবেন না। যাঁদের সাংসারিক অবস্থা ভালো নয়, তাঁদের পক্ষে এই পণ্য গ্রহণ করা, ক্রয় করা সম্ভব হবে না। বাস্তবেও দেখা গেল তা-ই হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবার জন্য নয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয় মূলত তাঁদেরই জন্য, যাঁরা এর মূল্যটা দিতে রাজি আছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে আরেকটি প্রশ্নও রয়েছে। সেখানে যে ডিগ্রিটা দেওয়া হয়, তার বাস্তব মূল্য কতখানি?, তাঁরা যে ডিগ্রিটা পেলেন, তাঁরা কি সত্যিই শিখেছেন নাকি সার্টিফিকেট যোগাড় করছেন। বেশ কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা সমালোচনা রয়েছে, সেখানে পড়াশোনা না করেই ডিগ্রি দেওয়া হয়। এ কারণে ওসব ডিগ্রির বাস্তব মূল্য নিয়েও কথা উঠেছে। তবে সব বিশ্ববিদ্যালয় সম্পর্কে এ অভিযোগ খাটে না, সেখানে কোনো ফাঁকি নেই। তারা শিক্ষাকে পণ্য করলেও, তাকে সহজলভ্য পণ্যে পরিণত হতে দেয়নি।আমাদের দেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ আছে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়েও। অবশ্য এর মধ্যে কলেজগুলোর মান নিয়েও নানা রকম প্রশ্ন রয়েছে। ভালো মানের কলেজ কম। কলেজের মান নির্ভর করে মূলত শিক্ষকদের ওপর। মানসম্মত শিক্ষক পেতে গেলে তাঁদের পাওয়ার যে শর্ত, সেই শর্ত কলেজগুলো পূরণ করতে পারছে না। গুণগতভাবে আমরা যে শিক্ষা পাচ্ছি, আমাদের এই বর্তমান ব্যবস্থার মধ্যে সেটা মানসম্মত নয়।এর হয়তো একটা কারণ আছে, উচ্চশিক্ষার পেছনে আমাদের যে সরকারি বিনিয়োগ, সেটা এখনো কম অনেক দেশের তুলনায়। যথেষ্ট বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগের ওপরও মান অনেকখানি নির্ভরশীল। এদিকটায় আমরা বেশ পিছিয়ে আছি। সামান্য উন্নতি হলেও হতে পারে; কিন্তু সেটা ততটা উল্লেখযোগ্য নয়। কিছুদিন পরপর যখন কমিশন বসে, তারা এই প্রশ্নগুলো সামনে নিয়ে আসে। তাদের এই প্রশ্নগুলোর মোকাবিলা করতে হয়।আমাদের উচ্চশিক্ষার মধ্যে একটা জিনিস দুঃখজনক—সেটা হচ্ছে অপচয়। দেখা যায় তিন লাখ পরীক্ষার্থী, পাস করেছেন দেড় লাখ। যে দেড় লাখ পাস করতে পারলেন না, তাঁদের পেছনে যে টাকাটা খরচ হয়েছে, সেটা হচ্ছে অপচয়। সময়ের দিক থেকেও অপচয় আছে।প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো শুরু করেছিল তিন বছরের অনার্স ডিগ্রি। এখন সবাই চার বছরের অনার্স ডিগ্রির দিকে চলে গেছে। এর যৌক্তিকতা নিয়ে কথা বলা চলে। কারণ, তিন বছরের কোর্সটাকেই চার বছরের কোর্স হিসেবে সাজানো হলো। অর্থাৎ তিন বছরেরটা পাঠক্রমই চার বছরে পড়ানো হচ্ছে। এটা একটা দিক, আরেকটা হলো এই যে অনার্স ডিগ্রি এবং মাস্টার্স ডিগ্রির সম্পর্কটা। সেটা কলকাতায় ছিল এক রকম। যেমন দুই বছরের ডিগ্রি, সেটা অনার্স হোক আর পাস কোর্স হোক। আর ছিল দুই বছরের মাস্টার্স ডিগ্রি। হায়ার সেকেন্ডারির পর অর্থাৎ ১২ বছরের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা শেষ করে তারপর চার বছরে এই উচ্চশিক্ষাটা শেষ হতো। কলকাতায় যেটা ছিল, দুই যুক্ত দুই সমান চার, ঢাকায় সেটা ছিল তিন যুক্ত এক সমান চার। এখন যা হয়েছে আমাদের দেশে, চার যুক্ত এক সমান পাঁচ। অর্থাৎ, আমরা এক বছর বেশি খরচ করছি উচ্চশিক্ষার পেছনে। বিষয়টা বলতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তা অনেকাংশে জটিল। জটিল এই অর্থে যে মাস্টার্স ডিগ্রি সম্পর্কে আমাদের ধারণাটা কী? মাস্টার্স ডিগ্রির চাহিদা ও প্রকৃতি আলাদা। আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু তিন বছরের অনার্স ডিগ্রির পর এক বছরের মাস্টার্স ডিগ্রি ছিল, সে কারণে ওই এক বছরের মাস্টার্স ডিগ্রির চরিত্রটা আলাদাভাবে ফুটে উঠত না।অনেকটা অসমাপ্ত কাজ সমাপ্ত করার মতো। তিন বছরে যেটা সমাপ্ত করা যায়নি, বাকিটুকু আমরা এক বছরে শেষ করলাম। এই যে ব্যাপারটা, মাস্টার্সের একটা আলাদা চরিত্র দাঁড় করানো, চাহিদা বাড়ানো; সেই জিনিসটা কিন্তু ফোর প্লাস ওয়ান, বর্তমানে যে জিনিসটা রয়েছে তাতে রয়ে গেল। তার চাকরি-বাকরির জন্য কিন্তু মাস্টার্স ডিগ্রিটা দরকার নেই। একমাত্র কলেজ পর্যায়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাঁরা শিক্ষকতা করবেন, তাঁদের জন্য মাস্টার্স ডিগ্রি প্রয়োজন আছে।আমার দৃষ্টিতে, এটা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা। আমাদের উচিত, ভারত যেটা করেছে সেটা করা। তিন বছরের অনার্স ডিগ্রির পর দুই বছরের মাস্টার্স ডিগ্রি । এই দুই বছরের মাস্টার্স সবার জন্য নয়। শুধু যাঁরা মেধাবী, যাঁদের চাকরির জন্য প্রয়োজন, এই ডিগ্রিটা শুধু তাঁদের জন্য। কিন্তু চার প্লাস এক হওয়াতে সেই জিনিসটা আমরা আর পেলাম না।অনেক আগে থেকে, পাকিস্তান আমলেই, একটা দাবি ছিল; বিশ্ববিদ্যালয়গুলো সরকারের নিয়ন্ত্রণমুক্ত থাকবে। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হবে। এবং বিশ্ববিদ্যালয় পরিচালনায় দায়দায়িত্ব বিশ্ববিদ্যালয়গুলোর হাতে থাকবে। বিশ্ববিদ্যালয়ের যে অর্থের প্রয়োজন, সেটা সরকার দেবে, সেটা সরকারের দায়িত্বও। কিন্তু কোনোভাবে সরকার বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করবে না। অর্থাৎ, একাডেমিক ফ্রিডম। এই চাহিদা কিংবা দাবিটার প্রতি স্বাধীনতা-উত্তর সরকার দৃষ্টি দিয়েছিল। এবং সেটার প্রতিফলন ঘটল ১৯৭৩ সালে যে ইউনিভার্সিটি অ্যাক্ট হলো তাতে চারটা ইউনিভার্সিটি এর আওতায় এল (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর)। সেই অ্যাক্টের ভেতর দিয়ে আগের সেই দাবির প্রতিফলন ঘটল। যেমন উপাচার্য যিনি হবেন, তিনি সিনেট কর্তৃক হবেন। সিনেট একটা প্যানেল দেবে এবং সেখানে তিনজনের নাম থাকবে, যার মধ্যে থেকে একজন উপাচার্য হবেন। এই যে মনে হলো, আপাতদৃষ্টিতে অনেকখানি চাহিদা পূরণ হয়েছে, কিন্তু পরে দেখা গেল যে পরিস্থিতির মৌলিক কোনো পরিবর্তন হয়নি। সরকার আগে যেভাবে নিয়ন্ত্রণ করত, অ্যাক্ট হওয়ার পরও একই কাজ করেছে। সেই দিক থেকে বলা যায়, প্রত্যাশা পূরণ হয়নি। চারটি বিশ্ববিদ্যালয় ১৯৭৩ সালের অ্যাক্ট অনুযায়ী চলে। সেখানে সিনেট রয়েছে। তখন আরও দুটি বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে এই অ্যাক্ট কার্যকর করা হয়নি। এরপর যত বিশ্ববিদ্যালয় এসেছে, সবই অ্যাক্টের আওতায় হলেও কোনোটিতেই সিনেট নেই।এই সিনেট নিয়ে দেখা গেল, সরকারের চিন্তাটা একরকম এবং যাঁরা শিক্ষা নিয়ে চিন্তা করেন, তাঁদের চিন্তাটা অন্য রকম। সরকার মনে করে, সিনেট মানেই হচ্ছে সরকারের আধিপত্য খর্ব হয়ে যাওয়া। যদিও সেভাবে আমাদের দেশে কোনো সিনেট কাজ করেনি, করতে পারেনি।সুতরাং, সিনেট আছে কি নেই, এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। যেখানে আছে সেখানেও যা, যেখানে নেই সেখানেও তা-ই। কেননা, যা কিছু হওয়ার শেষাবধি সরকারের তরফ থেকেই হয়। শেষ পর্যন্ত সরকারের পছন্দের লোকই উপাচার্য হন। সুতরাং এখন পর্যন্ত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ নিয়ন্ত্রণ বিশ্ববিদ্যলয়গুলোর ওপর বহাল রয়েছে। যিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান ব্যক্তি, তিনি সরকারের পছন্দের লোক হয়ে থাকেন। যদি কোনো কারণে এমন হয়, তিনি আগের সরকারের লোক, অন্য পক্ষের লোক, তখন তিনি পরিবর্তিত হয়ে যান। এর অর্থ হলো, বিশ্ববিদ্যালয়গুলো সঠিক অর্থে স্বায়ত্তশাসিত নয়। এই পরিস্থিতি থেকে উত্তরণ হওয়াটা কষ্টকর, যতক্ষণ পর্যন্ত সরকারের ওপর আর্থিক নির্ভরতা থাকবে। যদি নিজের আয়ে চলার মতো পরিস্থিতি তৈরি করতে পারা যেত তাহলে সরকার নিয়ন্ত্রণ করতে পারতো না; প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে চলছে। অর্থাৎ আর্থিক জায়গাটা নিজেদের না হলে, এই সমস্যা থেকেই যাবে। আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে শিক্ষার্থীরা বেতন বেশি দেবেন। কেননা, তাঁরা যখন স্কুল-কলেজে পড়েছেন, তখন তাঁরা অনেক টাকা বেশি বেতন দিতে পেরেছেন। অথচ বিশ্ববিদ্যালয়ে কেন পারবেন না—এই প্রশ্নটা কেউ করছে না। এই যুক্তিতে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বলে, আমরা ছাত্রবেতন ন্যূনতম ১০০ টাকা করলাম। তখন সঙ্গে সঙ্গে তুমুল প্রতিবাদ হবে, ছাত্র আন্দোলন হবে এবং বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। এই পরিস্থিতিটাকে সামাল দেবে কে? এটা একটা সামাজিক ও রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।বিশ্ববিদ্যালয়গুলো চাইলেও পারবে না আয়ের অঙ্ক বাড়াতে। কেননা, কিছুটা বাড়ানোর ফলে এমন প্রতিবাদ হচ্ছে যে ওখানেই থেমে যেতে হচ্ছে। অবশ্য এমনটা করার পেছনেও রয়েছে দীর্ঘ ইতিহাস আর অভিজ্ঞতা। যেখানে প্রতীয়মান হয়, এমনটা না হলে বেশিমাত্রায় কিংবা যাঁরা আগ্রহী কিংবা যোগ্য, তাঁদের সবাইকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা যাবে না।সুতরাং, এই পরিস্থিতি রেখে উচ্চশিক্ষার মান বাড়ানো সম্ভব নয়। সরকার যেটা করতে পারে, যাঁরাই উচ্চশিক্ষার জন্য যোগ দেবেন, তাঁরাই বিনা মূল্যে শিক্ষা পাবেন। তবে, ভর্তিটা সম্পূর্ণ নির্ধারিত হবে যোগ্যতার ভিত্তিতে। একমাত্র যোগ্যতার ভিত্তিতে ছাত্র ভর্তি হতে পারবে, সেই যোগ্যতাটা এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে কোনো ফাঁক না থাকে। অনেক দেশ আছে, যেমন যুক্তরাষ্ট্র, যেখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে একটাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সব কটি বিশ্ববিদ্যালয়ের জন্য। সেই পরীক্ষাটা একটা স্বতন্ত্র কর্তৃপক্ষ পরিচালনা করে। এবং তাতে যাঁর যে অবস্থান, সেই অবস্থানের ওপরই শিক্ষার্থীরা ভর্তি হতে পারেন।কিন্তু ওই পরীক্ষায় যাঁরা ব্যর্থ হলেন, তাঁরা কোথাও যেতে পারবেন না। এখন আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সরকার চালাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটির মতো। যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি ও প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে তফাত হলো, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বেশ পুরোনো। খ্যাতির দিক থেকেও কতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি এখনো শীর্ষে। যার মধ্যে হার্ভার্ড অন্যতম।কিন্তু ভর্তির ব্যাপারে একটাই অথরিটি আছে। সেই ভর্তির ওপর নির্ভর করে শিক্ষার্থী পড়াশোনা করতে পারবেন, কি পারবেন না। পারলে কোন শর্তে পারবেন, বেশি টাকা দিয়ে পারবেন, না কম টাকা দিয়ে পারবেন, সেটা সম্পূর্ণ নির্ভর করে ওই পরীক্ষার ওপর। আমাদের দেশেও এই রকম একটা কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষার ব্যবস্থা করার কথা উঠেছে মাঝেমধ্যে। ইউজিসি যদি দায়িত্ব নিত, তাহলে হয়তো এটা এত দিনে হয়েও যেত। কিন্তু যেহেতু দায়িত্ব নেয়নি, তাই হয়নি। এ কারণে দেখা যায়, যখন ভর্তির মৌসুম আসে, তখন সব কটি ইউনিভার্সিটি আলাদাভাবে পরীক্ষা নেয়, সেটাও বাণিজ্যিকীকরণ হয়ে গেছে। বেশ কিছু টাকাও তারা পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে নেয় এবং পরবর্তী সময়ে নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের কতগুলো কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এক হচ্ছে, ভর্তির যোগ্যতা নির্ধারণ। আমাদের জন্য যেটা দরকার সেটা হলো, একটা মানসম্মত ফার্স্ট ডিগ্রি। সেটা চার বছর হওয়ার দরকার নেই। আমার মতে, তিন বছর হলেই যথেষ্ট। সেটা সবারই জন্য। এবং যেকোনো পরীক্ষায় বসার যোগ্যতা ওই ডিগ্রিটা থাকলেই চলবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা কৌশল নির্ধারণ করা প্রয়োজন, যা সবাই মিলে বসে করতে হবে। সেখানে সরকারের একটা বড় ভূমিকা থাকতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধি থাকবেন, সিভিল সোসাইটির প্রতিনিধি থাকবেন—এ রকমভাবে সবাই মিলে মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করার জন্য কী কী কৌশল নির্ধারণ করা দরকার, তা-ই বাস্তবায়ন করবেন। জিল্লুর রহমান সিদ্দিকী: শিক্ষাবিদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা