উচ্চশিক্ষার সুযোগ বেড়েছে, মান বাড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দশকে দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও উচ্চশিক্ষার গুণগত মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হয়নি। সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো জাতির আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সংগতি রেখে উচ্চশিক্ষার লক্ষ্য এবং নীতি যথাযথভাবে অনুসরণ ও বাস্তবায়নে অনেকাংশে সফল হয়নি।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ ২০০৯ সালের বার্ষিক প্রতিবেদনের পর্যবেক্ষণে দেশের উচ্চশিক্ষার অবস্থা মূল্যায়ন করা হয়েছে এভাবে। প্রতিবেদনটি গত রোববার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের হাতে পেশ করেছে কমিশন।প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলোর মূল কাজ হলো শিক্ষা, গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টি করা এবং মানবজাতির কল্যাণে তার বিস্তার ঘটানো। কিন্তু সে কাজ এবং শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলো অনেকাংশে ব্যর্থ হচ্ছে। এর কারণগুলোর মধ্যে আছে গবেষণা কার্যক্রমের স্বল্পতা, ত্রুটিপূর্ণ নিয়োগ-প্রক্রিয়া, শিক্ষক ও শিক্ষার্থীর অসম অনুপাত, শিক্ষকদের কম মনোযোগ, গবেষণা ও শিক্ষা আনুষঙ্গিক খাতে অল্প বরাদ্দ।উচ্চশিক্ষার মানোন্নয়নে কমিশন উন্নত ও অন্যান্য দেশের আদলে ‘অ্যাক্রিডিটেশন কাউন্সিল’ গঠন করার সুপারিশ করেছে। পাশাপাশি গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো, শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি, যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ, ছাত্র-শিক্ষকের হার সুষম করা, গ্রন্থাগার ও গবেষণাগার সমৃদ্ধ করা, উপযুক্ত ভৌত অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।ইউজিসির পর্যবেক্ষণের সঙ্গে একমত শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তাঁর মতে, আর্থসামাজিক অবস্থা, চাকরির অনিশ্চয়তা, শিক্ষক নিয়োগে দলীয়করণ ও দলীয় আনুগত্য, শিক্ষকদের অর্থনৈতিক প্রতিযোগিতামূলক প্রবণতা, মাতৃভাষায় শিক্ষা দিতে না পারাও এ জন্য দায়ী। তিনি প্রথম আলোকে বলেন, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়গুলোতে একধরনের বন্ধ্যত্ব সৃষ্টি হয়েছে। এটিও এর কারণ বলে তিনি মনে করেন।গবেষণা: ইউজিসির মতে, উচ্চশিক্ষার গুণগত মানের প্রশ্নে প্রথমেই আসে মানসম্পন্ন গবেষণা। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মেরুদণ্ড। কিন্তু দেশের কোনো বিশ্ববিদ্যালয়েরই উচ্চশিক্ষা ও গবেষণার মান আন্তর্জাতিক বা আঞ্চলিক পর্যায়ের রেটিংয়ে ভালো অবস্থান পায়নি।প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৮টি গবেষণাকেন্দ্রের মধ্যে অন্তত ১৫টিতে কোনো মৌলিক গবেষণা হয়নি। এর মধ্যে কয়েকটি কেন্দ্র আছে, যেগুলোতে কখনোই কোনো মৌলিক গবেষণা হয়নি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতের দৈন্য দশা।এ জন্য বাজেট-স্বল্পতাকে অনেকাংশে দায়ী করছে কমিশন। কমিশন তাদের প্রতিবেদনে বলেছে, প্রতিবছর গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ২০০৮-০৯ অর্থবছরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য মোট বরাদ্দ ছিল ৮৫৯ কোটি টাকা। এর মধ্যে শিক্ষা আনুষঙ্গিক খাতের বাইরে গবেষণা মঞ্জুরি ছিল মাত্র দুই কোটি টাকা।গবেষণা খাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা আরও খারাপ। ২০০৯ সালে ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০টি বিশ্ববিদ্যালয় গবেষণা খাতে কোনো টাকাই খরচ করেনি।ত্রুটিপূর্ণ নিয়োগ-প্রক্রিয়া: যোগ্যতা বাদ দিয়ে দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগের অভিযোগ সব সরকারের আমলেই ওঠে। কমিশন তাদের পর্যবেক্ষণে বলেছে, বিগত বিভিন্ন বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগে ত্রুটিপূর্ণ-প্রক্রিয়া লক্ষ করা গেছে। এ কারণে প্রত্যাশিত উন্নত জ্ঞানচর্চায় প্রতিবন্ধকতা ও প্রশাসনিক কাজে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠা জরুরি। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধা, দক্ষতা ও যোগ্যতাকে প্রাধান্য দিয়ে বিশেষজ্ঞ প্যানেল ও পুল গঠন করে প্রয়োজনে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য পরীক্ষা এবং এবং ক্লাস ডেমোনেস্ট্রেশন ব্যবস্থা করার সুপারিশ করেছে কমিশন। আর উপাচার্য নিয়োগের ক্ষেত্রে একাডেমিক এক্সিলেন্স, বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রশাসনিক অভিজ্ঞতা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষাদান এবং উঁচু মানের গবেষণায় স্বীকৃতি বিবেচ্য হওয়া আবশ্যক বলে মনে করে কমিশন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি-প্রক্রিয়া আরও স্বচ্ছ, মেধাভিত্তিক ও বিধিসম্মত করা আবশ্যক বলে মনে করছে কমিশন। পাশাপাশি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কমিশনের নীতিমালা মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে হবে।শিক্ষকদের হালচাল: পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বড় অংশ নিজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এক বা একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা বা বেসরকারি প্রতিষ্ঠানে পরামর্শকের কাজ করেন। এর সঠিক কোনো হিসাব কমিশনের কাছে নেই। তবে কমিশন বলেছে, কিছু শিক্ষক ‘অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিতভাবে’ এ কাজ করছেন। ফলে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম অনেকাংশে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কমিশন বলেছে, এ ধরনের সম্পৃক্ততা যৌক্তিক ও গ্রহণযোগ্য পর্যায়ে সীমিত রাখার যুগোপযোগী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন আবশ্যক।শিক্ষকদের এ প্রবণতার পাশাপাশি আছে ছুটিতে থাকার প্রবণতা। প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ২০ শতাংশ বিভিন্নভাবে ছুটিতে ছিল।আরেকটি লক্ষণীয় বিষয় হলো, বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যাপক, সহযোগী- সহকারী অধ্যাপক, প্রভাষকের সংখ্যা বাড়লেও কমেছে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষকের সংখ্যা। শিক্ষকদের ৪৭ শতাংশের উচ্চতর ডিগ্রি নেই। পিএইচডি ডিগ্রি আছে ৩৩ শতাংশ শিক্ষকের, আর অন্যান্য উচ্চতর ডিগ্রি আছে মাত্র ২০ শতাংশ শিক্ষকের। ২০০৮ সালের পরিসংখ্যানে দেখা যায়, ৩৩ শতাংশের পিএইচডি এবং ২৫ শতাংশের অন্যান্য উচ্চতর ডিগ্রি ছিল।উচ্চতর ডিগ্রিধারী কমার পরও অধ্যাপক, সহযোগী-সহকারী অধ্যাপক পদে শিক্ষক বাড়ার একটি কারণ প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়েছে, পদোন্নতির জন্য কমিশন যে নীতিমালা প্রণয়ন করেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় তা অনুসরণ না করে নিজস্ব ‘নমনীয়’ নীতিমালায় পদ সৃষ্টি, পদোন্নতি ও সিলেকশন গ্রেড দিয়ে থাকে।শিক্ষা আনুষঙ্গিক ব্যয় সামান্য: ২০০৮-০৯ অর্থবছরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য মোট বরাদ্দ ছিল ৮৫৯ কোটি টাকা। এর মধ্যে শিক্ষা আনুষঙ্গিক খাতে ব্যয় ধরা হয়েছিল মাত্র ১১০ কোটি টাকা। আর প্রকৃত ব্যয় হয়েছে তার চেয়েও কম, ৯৬ কোটি ৮৭ লাখ টাকা।বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যে বরাদ্দ দেওয়া হয়, তার বেশির ভাগ ব্যয় হয় শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে। ওই অর্থবছরের মোট বরাদ্দের ৭২ ভাগ ব্যয় হয়েছিল এ খাতে। আর শিক্ষা আনুষঙ্গিক খাতে ব্যয় করা হয়েছে মাত্র ১১ ভাগ টাকা। শিক্ষক ও শিক্ষার্থীর অসম অনুপাত: বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থীর আনুপাতিক হার অনুকূল হলে গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা সম্ভব হয় বলে মনে করে কমিশন। কিন্তু দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এ হার সন্তোষজনক নয়।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও অঙ্গীভূত কলেজের শিক্ষক বাদে ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সালে শিক্ষক ছিলেন মোট নয় হাজার ২৪১ জন। এর মধ্যে কর্তব্যরত ছিলেন সাত হাজার ৪০৫ জন। বাকিরা ছিলেন প্রেষণে বা ছুটিতে। জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাদে ২৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিলেন এক লাখ ৬৫ হাজার ৯৩৭ জন। অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ছিল ১: ২২-এর বেশি। জাতীয় বিশ্ববিদ্যালয়সহ হিসাব করা হলে সে অনুপাত হয় ১: ১৮।কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে আবার এই আনুপাতিক হার অনেক বেশি। যেমন—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ হার ১: ৫০, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১: ৪৭, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১: ৩৫, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১: ২৯, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১: ২৫।