তাঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে টাকা নিয়েই তাঁরা উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছিলেন। কিন্তু পরে আর তাঁরা কেউ ফেরত আসেননি।ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেও গত তিন দশকে ১৩৯ জন শিক্ষক আর ফিরে আসেননি। এর মধ্যে ৩৫ জন শিক্ষক তাঁদের কাছে পাওনা ৬১ লাখ ৪৬ হাজার ৬৯২ টাকা বিশ্ববিদ্যালয়কে পরিশোধ করেছেন। কিন্তু ১০৪ জনের কাছে বিশ্ববিদ্যালয় এখনো এক কোটি ৩৩ লাখ ৫৩ হাজার টাকা পাবে। বারবার চেষ্টা করেও বিশ্ববিদ্যালয় এই টাকা আদায় করতে পারেনি। এর মধ্যে অনেক শিক্ষকের সঙ্গে কর্তৃপক্ষ এখনো যোগাযোগই করতে পারছে না।শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের টাকায় পড়তে গিয়ে ফেরত না এসে এবং টাকা পরিশোধ না করে সংশ্লিষ্ট শিক্ষকেরা অনৈতিক ও গর্হিত কাজ করছেন। এ জন্য বিশ্ববিদ্যালয়ের উচিত, ওই শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, যাঁরা বিদেশে গিয়েছেন, তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কারণেই সহজে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছিলেন। ভালো সুযোগ পেয়ে কেউ আর ফিরে না এলে বিশ্ববিদ্যালয় তেমন কিছু করতে পারে না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পাওনা ফিরিয়ে দেওয়া ওই শিক্ষকদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, প্রশাসন বিষয়টি দেখছে। নির্দিষ্ট সময়ের পরও যাঁরা ফিরছেন না, তাঁদের চাকরিচ্যুত করা হচ্ছে। পাওনা আদায়ের বিষয়ে তিনি বলেন, যাঁরা অনেক আগে চলে গিয়েছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত নথি অনুযায়ী, বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের শিক্ষকদের বিদেশে গিয়ে দেশে না ফেরার প্রবণতা বেশি। না ফেরার তালিকায় থাকা ১৩৯ জন শিক্ষকের মধ্যে ৮১ জনই বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের শিক্ষক।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমান প্রথম আলোকে জানিয়েছেন, গত কয়েক বছরে আরও কিছু শিক্ষক বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ করেছেন। তবে তিনি তাঁদের কোনো তালিকা দিতে পারেননি।রেজিস্ট্রারের কার্যালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, ২০০৬ সাল পর্যন্ত দেশে না ফেরা শিক্ষকের সংখ্যা ১৩৯ জন। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত যে কজন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে অথবা যাঁরা স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন, তাঁদের কাছে মোট কত পাওনা, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো তথ্য নেই।এই কর্মকর্তার বক্তব্যের সত্যতাও মিলেছে। তিন মাস ধরে রেজিস্ট্রারের কার্যালয়ে বারবার এ বিষয়ে তথ্য জানতে চাইলেও তারা কোনো তথ্য দিতে পারেনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের টাকায় পড়তে গিয়ে আর ফিরে না আসাটা কিংবা টাকা ফেরত না দেওয়াটা অত্যন্ত অনৈতিক ও গর্হিত কাজ। এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।যাঁদের কাছে পাওনা: অনুজীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম কামরুল হাসানের কাছে চার লাখ ৮৩ হাজার ৪৯৮ টাকা পায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফায়জা সুলতানার কাছে চার লাখ ৭১ হাজার ৫৮৯ টাকা, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এলিজা আহমেদের কাছে তিন লাখ ৮৯ হাজার ৯৫৮ টাকা পাবে বিশ্ববিদ্যালয়।এ ছাড়া অনুজীববিজ্ঞান বিভাগের আবুল কালাম আজাদ, পারভীন আক্তার, এস এ এম আবদুল ওয়াদুদ, শাহীনা ইসলাম; ফলিত রসায়নের রফিকুল ইসলাম, আজিজ আহমেদ; পুষ্টিবিজ্ঞানের আবদুর রহমান, নুজাহাত হোসেন; প্রাণরসায়নের নাহিদ বানু, সাহাবুদ্দিন, শাহ আলম, ফওজিয়া বেগম, শওকত আলী ও ফজলে রাব্বির কাছে টাকা পাবে বিশ্ববিদ্যালয়।ফার্মেসি বিভাগের শিক্ষকদের মধ্যে আবু তাহের, আনিছুজ্জামান, দেলোয়ার হোসেন, রেজাউল হাসান ও ফয়সাল হাশীম প্রত্যেকের কাছে লাখ টাকারও বেশি পাবে বিশ্ববিদ্যালয়।মনোবিজ্ঞানের শফিক আরা, শায়লা নেসার; ভূগোলের সাবিহা সাঈদ, মাহবুব হাসান; ভূতত্ত্বের সৈয়দ রাজীউদ্দিন হোসেন, মাসুদ মো. সালাউদ্দিনও বিদেশে আছেন।ফলিত পদার্থবিজ্ঞানের আদনান সিরাজ, সেকান্দার চৌধুরী, জহিরুল হক, জামিল ইউসুফ খান, বজলুর রশীদ, এ কে এম আজাদ, শহীদুল ইসলাম খন্দকার ও সাজ্জাদ হায়দারের কাছে টাকা পাবে বিশ্ববিদ্যালয়।রসায়নের শিক্ষকদের মধ্যে রথীন্দ্রনাথ বোস, ওমর ফারুক, দলিলুর রহমান, চঞ্চল কুমার বোস, সুভাষ চন্দ্র বসু, আবুল খায়ের খান, ফাতেমা খাদিজা, কামরুজ্জামান প্রত্যেকের কাছে দেড় থেকে তিন লাখ টাকা বকেয়া আছে। পদার্থবিজ্ঞানের বাবুল আলম, জিতেন্দ্র নাথ রায়, ফিরোজ আলী ও আহসান জামিল সরফুদ্দিনের বকেয়া আছে।অর্থনীতির মোহাম্মদ সেলিম ও জাহানারা বেগম, আইন বিভাগের শওকত আলম ও রুবাইয়া রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এম নুরুল হোসেন, সেলিম আহমেদ, ইংরেজির সুধীর শ্যামল চৌধুরী, তথ্যবিজ্ঞানের আবুল ফজল ও মঞ্জুশ্রী বণিক এখন বিদেশে। তাঁদের সবার কাছে টাকা পাবে বিশ্ববিদ্যালয়।আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকদের মধ্যে মুনা হোসেন ও শাহনাজ করিমের কাছে টাকা পাবে বিশ্ববিদ্যালয়। সমাজবিজ্ঞান বিভাগের সাঈদা জাকিয়া ও কাউসার কিবরিয়ার কাছেও বকেয়া আছে।হিসাববিজ্ঞানের মনসুর রহমান ও রফি উদ্দিন আহমেদ এবং ফিন্যান্সের তসলিম উদ্দিন, আহমেদ নূর আলম, এ কে রফিকুল হাসান ভূঁইয়া, আদিনা নুসরা আনোয়ার ও রাশেদা হুদা এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সামছুর রহমান, সৈয়দা সোহেলী আলম ও রেজা মো. মোমেন বকেয়া টাকা পরিশোধ না করে বিদেশে আছেন।এ ছাড়া কম্পিউটারবিজ্ঞানের আশরাফুজ্জামান, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শমসের আলী, পরিসংখ্যান বিভাগের বাকী বিল্লাহ, আইএসআরটি বিভাগের আশরাফ উদ্দিন, ভূগোলের এ এস এম রফিকুল আলম খন্দকার এবং বাংলা বিভাগের সালাউদ্দিন দীর্ঘদিন বিদেশে থাকলেও টাকা পরিশোধ করেননি।প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, যেসব শিক্ষক বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ করেননি, তাঁদের বেশির ভাগকে চিঠি ও ই-মেইলে একাধিকবার পাওনা পরিশোধ করতে বলা হয়েছে। এতে তাঁদের কারও কারও সাড়া পাওয়া গেলেও বেশির ভাগেরই সাড়া মেলেনি। এমনকি অনেক শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও রাখেননি। তাঁরা কোথায় আছেন, বিশ্ববিদ্যালয় নিশ্চিতভাবে তা জানে না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক জনগণের টাকায় পড়ালেখা করেছেন, জনগণের টাকা থেকেই বেতন পান, বিদেশে যাওয়ার খরচও পেয়েছেন। এখন যাঁরা বিদেশে রয়ে গেছেন, তাঁরা চাইলেই বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ করতে পারেন। অথচ তাঁরা তা করছেন না। এটি তাঁদের নৈতিকতার অবক্ষয় ছাড়া আর কিছু নয়।’