উচ্চাঙ্গসংগীত সম্মেলন শুরু
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে তিন দিনব্যাপী উচ্চাঙ্গসংগীত সম্মেলন শুরু হয়েছে। উদ্বোধনী দিনের আনুষ্ঠানিকতা শেষে শিল্পীদের পরিবেশনা শুরু হয়। উচ্চাঙ্গসংগীত ও নৃত্যের সঙ্গে যন্ত্রসংগীতের সুর মোহিত করে দর্শকদের।সম্মেলনের উদ্বোধন করেন বরেণ্য শিল্পী ওস্তাদ মতিউল হক খান। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতজ্ঞ অমরেশ রায় চৌধুরী, ওস্তাদ মিহির লালা, লিয়াকত আলী ও মাহমুদ সেলিম। পুরিয়া, আভাগী কানারা, মধুমান্তি, ভূপালি, মোহন কেশ প্রভৃতিসহ বেশ কিছু রাগ পরিবেশন করেন শিল্পী ফকির সাইদুল ইসলাম, পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, প্রিয়াংকা গোপ, অসিত কুমার দে ও স্বর্ণময় চক্রবর্তী। এ ছাড়া উচ্চাঙ্গনৃত্য মণিপুরি, কত্থক, ভরতনাট্যম ও ওড়িশি পরিবেশন করেন শিল্পী তামান্না রহমান, তাবাসসুম আহমেদ, বেলায়েত হোসেন খান ও বেনজীর সালাম।যন্ত্রসংগীতে সেতারে ছিলেন রিনাত ফৌজিয়া ও নিশিত দে, বেহালা বাজান শিউলী ভট্টাচার্য হারমোনিয়ামে মো. শাকুর এবং তবলা বাজান ওস্তাদ মদন গোপাল দাস ও ইফতেখার আলম প্রধান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়।আজ ও কাল বৃহস্পতিবার একই স্থানে উচ্চাঙ্গসংগীত ও নৃত্য পরিবেশিত হবে।‘আমার প্রিয়ার ছায়া আকাশে’ ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে গতকাল শিল্পী আজিজুর রহমানের গাওয়া রবীন্দ্রনাথের গানের অ্যালবাম ‘আমার প্রিয়ার ছায়া আকাশে’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অ্যালবামের মোড়ক উন্মোচন করেন রবীন্দ্রসংগীত শিল্পী ফাহিমদা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। অনুষ্ঠানে শিল্পী আজিজুর রহমান প্রকাশিত অ্যালবামের গানগুলো গেয়ে শোনান। অ্যালবামে স্থান পাওয়া গানগুলোর মধ্যে রয়েছে: আমি তোমায় যত, তোমারি মধুর রূপে ভরেছ ভুবন, এবার আমায় ডাকলে দূরে, মেঘের কোলে রোদ হেসেছে, আমার প্রিয়ার ছায়া আকাশে ইত্যাদি।