উচ্চাঙ্গসংগীতে মুখর সন্ধ্যা
ঠিক সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হলো অনুষ্ঠান। বাদ্যযন্ত্র্র ও কণ্ঠের মায়াবী সুরে দর্শকদের মন ভরিয়ে দেন শিল্পীরা গতকাল উচ্চাঙ্গসংগীত উৎসবের সমাপনী দিনে। গত রোববার থেকে শুরু হয়েছিল দুই দিনের এই উৎসব। বেঙ্গল ফাউন্ডেশন ও আইটিসি সংগীত রিসার্চ একাডেমি এই উৎসবের আয়োজন করে।শুরুতেই শ্রোতাদের শুভেচ্ছা জানান বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। তিনি ভাষা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশে ধ্রুপদি সংগীতের ঐতিহ্যকে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যে বেঙ্গল ফাউন্ডেশন ও আইটিসি সংগীত রিসার্চ একাডেমি যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। উচ্চাঙ্গসংগীত উৎসবের মধ্য দিয়ে সেই যাত্রা শুরু। তিনি আরও জানান, এ বছর এপ্রিল থেকে আইটিসি সংগীত রিসার্চ একাডেমির শিল্পীদের নিয়ে ঢাকায় ও ঢাকার বাইরে মাসিক সংগীতানুুষ্ঠান, এ দেশের মেধাবী উচ্চাঙ্গসংগীত শিল্পী ও শিক্ষার্থীদের নিয়ে সংগীতবিষয়ক কর্মশালা ও বার্ষিক সংগীত উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।আইটিসি সংগীত রিসার্চ একাডেমির নির্বাহী পরিচালক রবি মাথুর বলেন, এ অঞ্চলের ভালো গাইয়েদের সংগীত পরিবেশনের সুযোগ দান, গুরুপরম্পরা পদ্ধতিতে সঠিক শিক্ষা প্রদান, নতুন প্রতিভা আবিষ্কার ও পরিচর্যার প্রয়াসে বেঙ্গল ফাউন্ডেশন ও আইটিসি এসআরএ যৌথভাবে কাজ করবে।এরপর শুধুই সংগীতের মূর্ছনা। সুরে আর তানে দর্শকেরা নিমগ্ন হয়ে পড়েন। শুরুতে ছিল সমবেত পরিবেশনা। পরিবেশন করেন মহিউজ্জামান চৌধুরী, ফাহিম হোসেন চৌধুরী, বুলবুল ইসলাম, শামা রহমান, লাইসা আহমেদ ও নন্দিতা ইয়াসমিন। তাঁরা পরিবেশন করেন রবীন্দ্রনাথের দুটি গান। এরপর মঞ্চে আসেন ওয়াসিম আহমেদ। আগ্রা ঘরানার পুরিয়া রাগ দিয়ে তিনি শুরু করেন আসর। পরে সংগীত পরিবেশন করেন পণ্ডিত উলহাস কশ্লকর ও সুচেতা গাঙ্গুলি।এর আগে রোববার উৎসবের প্রথম দিনে ভারতের প্রখ্যাত সংগীতগুরু বিদুষী গিরিজা দেবী, পদ্মভূষণ ও সামিহান কশ্লকর কণ্ঠসংগীত এবং আবির হোসেন সরোদ পরিবেশন করেন। তাঁদের সঙ্গে হারমোনিয়ামে জ্যোতি গুহ, তবলায় সঞ্জয় অধিকারী ও গোপাল মিশ্র, সারেঙ্গিতে সারওয়ার হোসেন অংশ নেন।